ডিফেন্সিভ অ্যাসাইলাম এবং তারপর...

আপনি যখন আপনার ইউএসএ থেকে রিমুভালের বিরুদ্ধে ডিফেন্স বা রিলিফ হিসেবে অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করেন তখন এটিকে ডিফেন্সিভ অ্যাসাইলাম বা আশ্রয় বলা হয়। আপনার অ্যাসাইলামের আবেদন ডিফেন্সিভ অ্যাসাইলাম হিসেবে গণ্য হওয়ার জন্য আপনাকে ইমিগ্রেশন কোর্ট বা এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউতে রিম্যুভাল প্রসিডিংয়ে থাকতে হবে।
তিন ধরনের ব্যক্তির অ্যাসাইলাম আবেদন ডিফেন্সিভ অ্যাসাইলাম হিসেবে গণ্য করা হয়—(১) অ্যাফারমেটিভ অ্যাসাইলাম প্রসেস শেষ হওয়ার পরে ইউএসসিআইএস কর্তৃক অযোগ্য হিসেবে ডিটারমাইন্ড হওয়ায় আপনার অ্যাসাইলামের আবেদন যদি অভিবাসন আদালতের বিচারকের আদালতে রেফার করা হয়; (২) সীমান্ত অতিক্রম করে আমেরিকায় প্রবেশের সময় ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন গ্রেপ্তার করে আপনাকে এক্সপেডিটেড রিম্যুভাল প্রসেসের অন্তর্ভুক্ত করার পর একজন অ্যাসাইলাম কর্মকর্তা যদি মনে করে আপনার নির্যাতিত হওয়ার ভয় বিশ্বাসযোগ্যভাবে (ক্রেডিবল ফিয়ার অফ পারসিকিউশন) প্রমাণিত হয়েছে; অথবা (৩) কোন ধরনের চলমান আবেদন ছাড়াই আপনি আমেরিকায় অবৈধভাবে অবস্থান করার সময়ে যেকোনো অপরাধে যেকোনো আইনশৃঙ্খলা বাহিনী যদি আপনাকে গ্রেপ্তার করে এবং তখন যদি আপনি অ্যাসাইলাম আবেদন করতে চান। বিগত সংখ্যায় আমরা অ্যাফারমেটিভ অ্যাসাইলাম নিয়ে আলোচনা করেছি, এবার আমরা ডিফেন্সিভ অ্যাসাইলাম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমেরিকায় ঢোকার সময় যদি আপনার কাছে বৈধ মেয়াদোত্তীর্ণ নয় এমন অভিবাসন ভিসা, রিএন্ট্রি পারমিট, বর্ডার ক্রসিং আইডেনটিফিকেশন কার্ড বা অন্য কোনো বৈধ এন্ট্রি নথিপত্র না পাওয়া যায় তাহলে আপনাকে একজন ‘অ্যারাইভিং অ্যালিয়েন’ হিসেবে চিহ্নিত করা হবে এবং আপনার বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২(এ)(৭)(এ)(আই)(১) ধারা ভঙ্গের অভিযোগ আনা হবে। আটক করে নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ওরিয়েন্টেশন ও ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ শেষ করে আপনার বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২৪০ ধারায় রিম্যুভাল প্রসিডিং শুরু করার প্রথম ধাপ হিসেবে আপনাকে ইমিগ্রেশন বিচারকের আদালতে হাজির হওয়ার জন্য ‘ডিএইচএস ফর্ম আই-৮৬২, নোটিশ টু অ্যাপিয়ার’ দেওয়া হবে। এ অবস্থায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা আপনার ইন্টারভিউ করে আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে, সব নির্ধারিত তারিখে আপনি শুনানি ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে হাজির হবেন নিশ্চিত হয়ে এবং আপনি আমেরিকার নিরাপত্তার প্রতি কোনোরূপ হুমকি নন—তা নিশ্চিত হয়ে আপনাকে প্যারোলে মুক্তি দিতে পারে। আবার আপনি ইমিগ্রেশন বিচারক কর্তৃক ধার্যকৃত একটি নির্দিষ্ট অঙ্কের ডলার বন্ড হিসেবে আপনার আত্মীয় বা বন্ধুস্থানীয় কোন একজন মার্কিন নাগরিকের মাধ্যমে পরিশোধের পরও মুক্তি পেতে পারেন। মনে রাখতে হবে, যদিও আপনি ফিজিক্যালি ডিটেনশন থেকে মুক্তি পেয়েছেন, আপনি কিন্তু রিম্যুভাল প্রসিডিংসের মধ্যেই রয়েছেন।
ডিএইচএস ফর্ম আই-৮৬২, নোটিশ টু অ্যাপিয়ারে উল্লেখিত তারিখে আপনাকে প্রথম মাস্টার ক্যালেন্ডার হিয়ারিংয়ের জন্য হাজির হতে হবে। প্রথম মাস্টার ক্যালেন্ডার হিয়ারিংয়ে বিচারক আপনাকে জিজ্ঞেস করবে, আপনি এক্সপেডিটেড রিম্যুভাল চান কিনা। এক্সপেডিটেড রিমুভাল শিডিউলিং সিস্টেমে আপনার সব ডকুমেন্টস সাবমিশন ও হিয়ারিংয়ের তারিখ খুব দ্রুত সম্পন্ন হবে, যদিও এর কারণে আপনার অ্যাসাইলাম আবেদনের ফলাফল কোনোভাবে প্রভাবিত হবে না। এক্সপেডিটেড রিম্যুভাল শিডিউলিংয়ের আওতায় ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ পাস করার পর বিচারকের কাছে অ্যাসাইলাম আবেদনপত্র জমা পড়লে, এরপর ১২০ দিনের মধ্যে অথবা অ্যাসাইলাম অফিসার রেফার করার পর বিচারকের কাছে অ্যাসাইলাম আবেদনপত্র জমা পড়লে, এরপর ১৮০ দিনের মধ্যে বিচারক আপনার মামলার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। মাস্টার ক্যালেন্ডার হিয়ারিংয়ের সময় বিচারক আপনার নোটিশ টু অ্যাপিয়ারে থাকা অভিযোগ আপনি স্বীকার করছেন নাকি অস্বীকার করছেন—তা জানতে চাইবে। এরপর আপনার কাছে জানতে চাওয়া হবে, আপনি কি ধরনের মুক্তি চাচ্ছেন যেমন—অ্যাসাইলাম, উইথড্রল অফ রিম্যুভাল, ভলান্টারি ডিপারচার, ক্যান্সেলেশন অব রিমুভাল অথবা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আপনি যদি আশ্রয় চান তবে একই সঙ্গে আপনি উইথ হোল্ডিং অফ রিম্যুভাল এবং প্রোটেকশন আন্ডার ইউনাইটেড নেশনস কনভেনশন এহেইন্সট টর্চার চাইতে পারেন।
পক্ষান্তরে, আপনি যদি এক্সপেডিটেড রিম্যুভাল না চান তাহলে মাস্টার ক্যালেন্ডার হিয়ারিংয়ের কমপক্ষে এক বছর পর ইনডিভিজুয়্যাল মেরিট হিয়ারিংয়ের তারিখ পড়বে। এই ইনডিভিজুয়্যাল মেরিট হিয়ারিংয়ে আপনার সব তথ্যপ্রমাণ ও সাক্ষ্য হাজির করতে হবে। ইনডিভিজুয়্যাল মেরিট হিয়ারিং শেষ হওয়ার পর বিচারক তাৎক্ষণিক মৌখিকভাবে আপনাকে রায় জানিয়ে দিতে পারে, আবার কয়েক সপ্তাহ পর লিখিতভাব তার সিদ্ধান্ত জানাতে পারে। ডিফেন্সিভ অ্যাসাইলাম কেসে ইমিগ্রেশন কোর্ট বা এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউতে শুনানি হয় অ্যাডভার্সিয়াল প্রসেসিং সিস্টেমে। সেখানে আপনার নিজের অথবা আপনার নিযুক্ত অ্যাটর্নির এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের নিযুক্ত অ্যাটর্নির বক্তব্য শোনা হবে। শুনানি শেষে ইমিগ্রেশন বিচারক হয় আপনার কেস আমলে নিয়ে রায় দেবে অথবা আপনাকে আমেরিকা থেকে রিম্যুভ করার আদেশ দেবে। এই আদেশ আপনি বোর্ড অফ ইমিগ্রেশন আপিলে (বিওআই) চ্যালেঞ্জ করতে পারবেন। ইমিগ্রেশন বিচারক আপনার অ্যাসাইলাম আবেদন নাকচ করলে আপনি বোর্ড অব ইমিগ্রেশন আপিলে (বিআইএ) আপিল করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন বিচারকের সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে নোটিশ টু আপিল জমা দিতে হবে। বোর্ড অব ইমিগ্রেশন আপিলের এই স্তরে সিদ্ধান্ত পেতে বছর খানিক লেগে যেতে পারে। বোর্ড অব ইমিগ্রেশন আপিলে আপনার মামলা নাকচ হলে আপনি সার্কিট কোর্ট অফ আপিলে আবার আপিল করতে পারেন। এবারও যদি নাকচ হয় আপনার সর্বশেষ আপিল করার সুযোগ থাকবে মার্কিন সুপ্রিম কোর্টে।
গত সংখ্যায় আমরা বলেছিলাম, অ্যাসাইলাম আবেদন চলাকালে আমেরিকার বাইরে যাওয়া না-যাওয়ার প্রক্রিয়া নিয়ে আমরা এই সংখ্যায় কথা বলব। টেকনিক্যালি, একজন অ্যাসাইলাম আবেদনকারী তার কেস চলাকালে আমেরিকার বাইরে যেতে পারলেও এটা ভালো আইডিয়া নয়। আপনাকে যদি আমেরিকার বাইরে যেতেই হয়, তবে আপনাকে অ্যাডভান্স প্যারোল নেওয়ার জন্য ৫৭৫ ডলার ফি দিয়ে ফর্ম আই-১৩১, আবেদন ফর ট্রাভেল ডকুমেন্ট জমা দিতে হবে। কিন্তু অ্যাডভান্স প্যারোল আপনার আমেরিকায় ফিরে আসতে পারার নিশ্চয়তা দেয় না। অ্যাডভান্স প্যারোল থাকা সত্ত্বেও আপনি আমেরিকা থেকে বের হলে ফিরে আসার সময় পোর্ট অব এন্ট্রিতে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আপনাকে ঢুকতে নাও দিতে পারে। আর আপনি যদি অ্যাডভান্স প্যারোল নিয়ে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে উল্লেখিত আপনার পারসিকিউটেড হওয়ার দেশে ফিরে যান, তবে আপনার অ্যাসাইলাম আবেদন আপনি নিজেই বাতিল করেছেন বলে ধরে নেওয়া হবে।
আগামী সংখ্যায় আমরা ক্যান্সেলেশন অব রিম্যুভালের মাধ্যমে গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করব।
লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল
নিউইয়র্ক প্রবাসী
সেল: (৯২৯)৩৯১-৬০৪৭;
ইমেইল: [email protected]