
দেখতে দেখতে আমরা দাঁড়িয়ে আরেকটি বছরের প্রায় শেষ প্রান্তে। থ্যাংস গিভিং থেকে ইংরেজি নববর্ষ পর্যন্ত সময়কে বলা হয় হলিডে সিজন। কারণ এই সময়ের মধ্যে পালিত হয় বেশ কয়েকটি সম্প্রদায়ের উৎসব, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রিসমাস, হানুকা ও খোয়ানজা। প্রথমটি যে খ্রিষ্টানদের তা সবাই জানেন। দ্বিতীয়টি হলো ইহুদিদের এবং তৃতীয়টি হলো কৃষ্ণাঙ্গদের উৎসব। তবে আমরা যারা বাংলাদেশি-আমেরিকান, আমাদের কাছে ডিসেম্বর মানে বিজয়ের মাস।
আসলে উৎসবের আমেজটা শুরু হয়ে যায় অক্টোবরের হ্যালোউইন শেষ হওয়ার পরপরই। মার্কেটগুলোকে নানা সাজে সজ্জিত করা হয়। লাগানো হয় নানা রঙের বাতি। বাজানো হতে থাকে উৎসবের গান। সবাই প্রিয়জনদের জন্য কেনেন নানা উপহার। নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হয় রকফেলার সেন্টারে ক্রিসমাস ট্রি স্থাপনের মাধ্যমে।
৪৮ ও ৫১ স্ট্রিট এবং ফিফথ ও সিক্সথ অ্যাভিনিউর মাঝে রকফেলার সেন্টারের সামনে এ বছর গাছ স্থাপন করা হয়েছে ২৯ নভেম্বর। ৭৫ ফুট লম্বা নরওয়ের স্প্রাউস জাতের গাছটি সংগ্রহ করা হয়েছ পেনসিলভেনিয়া স্টেট কলেজ থেকে। গাছটির বয়স ৮০ বছর। গাছটিতে ৫০ হাজার বিভিন্ন রঙের এলইডি বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। আর গাছটিতে বাতিগুলো লাগাতে যে তার ব্যবহার করা হয়েছে, তার দৈর্ঘ্য পাঁচ মাইল। প্রতিবছর এই ক্রিসমাস ট্রির আলোকসজ্জার উদ্বোধন দেখতে হাজার হাজার মানুষ জমায়েত হয়। এনবিসি টেলিভিশন সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করে।
এরপর এই আলোকসজ্জিত গাছটির পাশে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটিও সরাসরি সম্প্রচার করা হয়। গাছটির আলোকসজ্জা প্রতিদিন ভোর সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চালু থাকবে এবং তা শেষ হবে জানুয়ারি মাসের ৭ তারিখ রাত নয়টায়। প্রতিদিন এই ক্রিসমাস ট্রিকে ঘিরে রকফেলার সেন্টারে বসে মানুষের মিলনমেলা। দূর-দূরান্ত থেকে মানুষ এসে এখানে ভিড় জমায়। ওই এলাকায় আইস স্কেটিংয়ের ব্যবস্থা আছে। স্কেটিং করতে টিকিট কাটতে হয়। আইস স্কেটিংয়ের সরঞ্জামও ভাড়ায় পাওয়া যায়। ইচ্ছা করলে একজন প্রশিক্ষক নিয়েও আইস স্কেটিং করা যায়। রকফেলার সেন্টারের অদূরে অবস্থিত টাইমস স্কয়ারে ইংরেজি নববর্ষ বরণের সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয়। এই বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমেই সমাপ্তি ঘটে প্রায় তিন মাসব্যাপী আনন্দ উৎসবের।
প্রথমেই বলছিলাম, ডিসেম্বর মাস বাংলাদেশিদের জন্য বিজয়ের মাস। আমেরিকান হিসেবে আমরা যত গর্বই করি না কেন, আমাদের রক্তে মিশে আছে বাংলাদেশ। কিন্তু ভাবতে অবাক লাগে আমরা বাংলাদেশিরা এক হয়ে একটি জাতীয় অনুষ্ঠান করতে পারি না। আমরা বিদেশে বসে দেশীয় রাজনীতির ঝগড়াটা করি। বাংলাদেশি ছাড়া উপমহাদেশের অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক শাখা আমেরিকায় আছে বলে আমার জানা নেই। আমার এই সামান্য কলামের মাধ্যমে সবার কাছে বিশেষ করে কমিউনিটি নেতাদের কাছে অনুরোধ, আসুন, সবাই মিলে আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের একটা সুন্দর ছবি তুলে ধরি।
বছরের শেষে বাড়ছে মিনিমাম পে
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো ২০১৬-১৭ বাজেটে নিউইয়র্ক স্টেটের সর্বনিম্ন বেতন পর্যায়ক্রমে ১৫ ডলারে উন্নীত করার কথা ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে প্রথম দফায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ১১ ডলার করা হয়েছে। এই হার যেসব ব্যবসাপ্রতিষ্ঠানে ১১ জন বা তার চেয়ে বেশি কর্মী কাজ করেন, তাঁদের বেলায় কার্যকর আর যেসব প্রতিষ্ঠানে ১১ জনের কম কর্মী আছেন, সেখানে বেতন করা হয়েছিল ১০ দশমিক ৫০ ডলার। এ বছর অর্থাৎ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে এই হার হবে যথাক্রমে ১৩ ও ১২ ডলার। আগামী বছর ৩১ ডিসেম্বর এই হার হবে যথাক্রমে ১৫ এবং ১৩ দশমিক ৫০ ডলার।