ডুপ্লিকেট চশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি সিভিল কোর্টে যাব। মাস কয়েক আগে শ্বেতাঙ্গ এক ব্যক্তি আমার সঙ্গে প্রতারণা করে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে।

ওই শ্বেতাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে গেলাম প্রথমে জ্যামাইকার সার্টফিন বুলেভার্ডের সিভিল কোর্টে। কিন্তু কোর্ট কর্তৃপক্ষ আমাকে উপদেশ দিলেন, যেহেতু বিবাদী নাসাউ কাউন্টির বাসিন্দা, তাই আমাকে সেখানকার কোর্টের শরণাপন্ন হতে হবে।

সিভিল কোর্টে একটা নিয়ম হলো, পাঁচ হাজার ডলারের নিচের নালিশগুলো কিংবা ভাড়াটে বাড়িওয়ালার মামলাগুলো পরিচালনার জন্য সিভিল কোর্টের একটি অংশে এ ধরনের ছোট ছোট মামলা মাত্র ২০ ডলার কোর্ট ফি দিয়ে যে কেউ মামলা করতে পারে। কেউ চাইলে কোন আইনজীবী ছাড়া নিজেই মামলা পরিচালনা করতে পারেন। অনেক ক্ষেত্রে যেখানে আইনের মারপ্যাঁচ, সেখানে অবশ্য আইনজীবীর প্রয়োজন হয়।

বাসা থেকে বের হয়ে দুই ব্লক ড্রাইভ করে সামনে গিয়ে হাইল্যান্ড অ্যাভিনিউ থেকে হান্ড্রেড সিক্সটি ফোরে লেফট টার্ন নিয়ে গ্র্যান্ড সেন্ট্রাল ইস্ট ধরব, হাইওয়েতে ওঠার আগে রেড লাইটে দাঁড়িয়েছি। পাশে থেকে এক প্রৌঢ় শ্বেতাঙ্গ মহিলা হাত ইশারায় আমার দৃষ্টি আকর্ষণ করলেন।

আমি ভাবলাম, ধীর গতিতে উনি রাস্তা পার হবেন, তাই আমাকে ইঙ্গিত করছেন। কিন্তু না, উনি গাড়ির জানালার পাশে এসে আমাকে বললেন, বে সাইড মুভি থিয়েটারে তাঁকে নিয়ে যেতে।

আমার হাঁ বা না কিছু বলার অপেক্ষা না করে আমার গাড়িতে ওঠার চেষ্টা করছেন দেখে আমি একটু গাড়ি সাইড করে দাঁড়ালাম। ইতিমধ্যে লাইট গ্রিন হয়ে গেছে। পেছনে একটা বড় গাড়ি পাস নিতে পারছে না, তাই আমার উদ্দেশ্যে হর্ন বাজাচ্ছে। সংকীর্ণ রাস্তায় আমি আরেকটু সাইড নিয়ে দাঁড়িয়ে বললাম, আপনাকে কি সাহায্য করতে পারি? ওই নারী গাড়ির দরজার ভেতরের হাতলটা ধরে প্রাণপণ চেষ্টা করে বললেন, ঠিক আছে আমি নিজেই উঠতে পারব।

ওই নারী গাড়িতে বসতে বসতে বললেন, জলদি চল মুভিটা শুরু হয়ে যাবে। আমি একটু নির্বাক হলাম। আমার যে আদালতের তারিখ, তা কী করে বোঝাব। সময় মতো আমাকেও পৌঁছতে হবে।

উত্তরে আমি যদি বলি, দেখুন আমি পেশাগত গাড়ির চালক নই, যদিও আমার ট্যাক্সি লিমোজিন চালানোর উপযোগী লাইসেন্স আছে এবং গাড়িটাও হায়ার করার উপযোগী।

আমি শুধু বললাম, বে সাইড মুভি থিয়েটারটা কোথায় আমি জানি না। এরপর মোবাইল ফোনটা হাতে নিয়ে জিপিএস চালু করার প্রস্তুতি নিতেই মহিলা বললেন, তোমার জিপিএস রাখো, এই বেইমান যন্ত্রটা যতক্ষণে আমাকে পৌঁছাব ততক্ষণে আমার মুভিটা শেষ হয়ে যাবে। মহিলার দিকনির্দেশনা মেনে আমি ড্রাইভ করছি। মনে হলো, এই নারী আমাকে যেদিকে নিয়ে যাচ্ছেন, আমার কোর্টে যাওয়ার রাস্তাটা একই। মিনিট দশেক ড্রাইভ করেই মুভি থিয়েটারে পৌঁছে গেলাম।

ওই নারী খুবই খুশি, যথাসময়ে পৌঁছতে পেরেছেন ভেবে। আমাকে ধন্যবাদ জানিয়ে কিছু ডলার দিতে চাইলেন। আমি অতি বিনয়ের সঙ্গে ডলারগুলো ফিরিয়ে দিয়ে কোর্টের রাস্তা নিলাম। মহিলা অবাক বিস্ময়ে ক্ষণিক তাকিয়ে রইলেন।

গ্র্যান্ড সেন্ট্রাল হাইওয়ে থেকে দুপাশের বৃক্ষরাজি সবুজে ভরে দিয়েছে ঋতুরাজ বসন্ত। আকাশচুম্বী কিছু গাছে কত বন্য ফুলের মেলা! কিছু দূরে তাকিয়ে দেখি টকটকে লাল ইরিথ্রিনা প্রকাণ্ড এক গাছে ফুটেছে। ফুলগুলো দেখতে যেন বাংলাদেশের বনকলমি ফুলের মতো। কিন্তু রংটা এত গাঢ় বেগুনি নয়, তবুও বাতাসকে ঘন সুগন্ধে ভরিয়ে তুলেছে মনে হল। ঘন মেঘের আকাশে মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে আটকাচ্ছে। কখনো বা আরও নেমে এসে আকাশ ছোঁয়া গাছগুলোকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এখানের বনানী বড় অদ্ভুত।

প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখা–প্রশাখা একদম চকচকে। কোথাও পরগাছার কোন চিহ্ন নেই, প্রচণ্ড বাতাসেও কোন শব্দ নেই, নেই কোন পাখির কোলাহল। তাপ দাহে বৃক্ষের ছায়ায় একদণ্ড জিরোবার কারও ফুরসত নেই। সবাই গাড়ি হাঁকিয়ে ছুটছে, এ যেন অরণ্য বিদ্রোহী মানুষের যান্ত্রিকতার ছাপ।

একসময় নাইনটি নাইন মেইন স্ট্রিটের কোর্ট বিল্ডিংয়ের সামনে এসে মিটার পার্কিংয়ে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করতেই পড়ে গেলাম সিকিউরিটি ঝামেলায়।

সামনের ডেস্কে বসা কিমাকার কালো লোকটা ইশারায় পাশের ডেস্কের মধ্যবয়সী শ্বেতাঙ্গ মহিলাকে দেখিয়ে দিল। মনে হলো, লোকটা দায়রা হয়ে গেছে। মহিলা সবকিছু বুঝে নিয়ে নির্ধারিত ফি জমা দিতে বললেন। ফি জমার রসিদ পেয়ে একটা খাম হাতে দিয়ে বললেন, আমার নাম–ঠিকানা লিখে দিলে তারা আমাকে পরবর্তী তারিখ মেইল করে জানাবেন। আমি জানি, প্রতারকের হাতে নগদ তুলে দিয়েছি, তা ফেরত পাওয়া মানে স্বপ্নকে বাস্তবায়ন করা। তবুও আশায় বুক বেঁধে চলে এলাম।

আমার ছেলে গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়িকে ঝাড়ামোছা করে তবে বের হয়, এটা তার নিয়মিত কাজ। সেদিন সে গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়ির পেছনের সিটে আবিষ্কার করল ছোট্ট একটি ওয়ালেট, সঙ্গে একটা চেইন লকেট। আমার হাতে দিয়ে বলল, কেউ এই জিনিস দুটো ফেলে গেছে। আমি দেখেই বুঝলাম, সেই মুভি থিয়েটারের দর্শক বৃদ্ধ নারীরই ফেলে যাওয়া সম্পদ। তৎক্ষণাৎ ওয়ালেট খুলে দেখলাম কোন আইডির সন্ধান মিলে কিনা। পেলাম একটি এমটিএ সিনিয়র কার্ড আর সাত ডলারের ভাংতি কয়েন। ইমিটেশনের চেইনের সঙ্গে একটা পাওয়ারফুল ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তৈরি লকেট।

মনে মনে দুঃখ করে বললাম, সেই বৃদ্ধ নারীর দুটি প্রয়োজনীয় সম্পদ থেকে আমি তাকে বঞ্চিত করলাম। এক. তাঁর ফ্যাশনপ্রিয় চেইন, দুই. তাঁর ডুপ্লিকেট চশমা।