ডুবন্ত তরুণীদের বাঁচাতে গিয়ে দমকল কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দমকল কর্মী সিভাদ জনসন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে নদীতে ডুবতে যাওয়া কয়েকজন তরুণীকে বাঁচাতে গিয়ে একজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সিভাদ জনসন (৪৮)। তিনি দমকল বিভাগের সার্জেন্ট ছিলেন।

ডেট্রয়েট ফায়ার বিভাগের ডেপুটি কমিশনার ডেভ ফরনেল বলেন, পুলিশের ডুবুরি দল ২২ আগস্ট বেলা একটার দিকে সিভাদ জনসনের লাশ উদ্ধার করেছে। এর আগে নদীতে ছয় ঘণ্টা তল্লাশি চালানো হয়। ফরনেল বলেন, ঘটনার সময় দায়িত্বে না থাকা সত্ত্বেও জনসনের বীরত্বপূর্ণ ত্যাগের জন্য কর্তব্যরত অবস্থায় মৃত্যু বলে ধরে নেওয়া হবে এবং সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

পুলিশ জানায়, সার্জেন্ট জনসন তাঁর ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে ইয়ট ক্লাবের কাছে হাঁটছিলেন। এ সময় নদী থেকে কয়েকজন তরুণী ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছিলেন। এই চিৎকার শুনে তাঁদের বাঁচাতে নদীতে লাফ দেন জনসন। পরে তীব্র স্রোতে তিনি ভেসে যান। জনসনের মেয়ে বিষয়টি বুঝতে পেরে পুলিশের ৯১১ নম্বরে কল করে। এরপরই উদ্ধার কাজ চালানো হয়।

পুলিশ আরও জানায়, একটি নৌকা নিয়ে কয়েকজন সাধারণ মানুষ ওই নদীতে সাহায্য চাওয়া তরুণীদের উদ্ধার করেন।