ডেঙ্গু রোগীদের পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ ও বিনা মূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ ও বিনা মূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

যখন ডেঙ্গু আতঙ্কে ভুগছে গোটা বাংলাদেশ; তখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ানোর অনন্য উদাহরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ৬ আগস্ট ঢাকার ধানমন্ডির ফারাবী জেনারেল হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া। পুরো আয়োজনে কিট সরবরাহ থেকে শুরু করে সার্বিক সহায়তা দেন বিশিষ্ট চিকিৎসক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. ফেরদৌস খন্দকার। এ জন্য তার ভূয়সী প্রশংসা করে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘যেখানেই মানুষের সেবা প্রয়োজন, সেখানেই আমরা ছুটে যাব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাব আমরা।’
প্রথম দিনেই উল্লেখযোগ্যসংখ্যক রোগী নিজেদের রক্ত পরীক্ষা করান। এমন কার্যক্রমের জন্য তারা উদ্যোক্তাদের ধন্যবাদও জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. ফেরদৌস খন্দকার সেখানে উপস্থিত থাকতে না পারলেও, নিজের অবস্থান থেকে ডেঙ্গু সচেতনতায় নানা ধরনের কাজ করে যাচ্ছেন। রোগীদের সহায়তা ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে একাধিক সচেতনতামূলক ভিডিও তিনি আপলোড করেছেন। সেই সঙ্গে এ নিয়ে লিখেছেন অনেকগুলো জাতীয় পত্রিকায়। তিনি বলেন, ‘ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। খুব বেশি ছড়িয়ে পড়ায় এই রোগ নিয়ে ভয় দেখা দিয়েছে। বড় কোনো জটিলতা না হলে, সাত দিনের মধ্যে এমনিতেই রোগটি ভালো হয়ে যায়।’
এই রোগের চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. ফেরদৌস খন্দকার। কয়েক দিনে জ্বর না কমলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়ার কথাও বলেছেন তিনি। তিনি বলেন, ‘এ নিয়ে কোনো প্রকার কুসংস্কারে কান দেওয়া যাবে না। কেবলমাত্র যত্নের সঙ্গে ডেঙ্গুর সময়টি পার করে দিতে হবে। জটিলতা বেশি হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।’
রোগটি প্রতিরোধে সবার সহযোগিতা চেয়ে এ বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আমরা যদি নিজেদের চারপাশ পরিষ্কার রাখতে পারি, তাহলেই এই রোগ অনেকটা প্রতিরোধ করা যাবে। এ ছাড়া নিজেদের মতো করে সতর্কও থাকতে হবে।’