
নিউইয়র্কপ্রবাসী শরিফ চৌধুরী ব্যবসার কাজে দেশে যাবেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর তীব্র প্রকোপের কথা শুনে দেশে যেতে ভয় পাচ্ছেন। মফিজ উদ্দিনও নিউইয়র্কে থাকেন। প্রতি বছর সামারে সন্তানদের নিয়ে (গ্রীষ্মে) দেশে যান। তিনিও আতঙ্কে আছেন। ইসমত আরা লিপিও থাকেন নিউইয়র্কে, মায়ের অসুখ দেশে যেতেই হবে। তিনিও আতঙ্কিত।
স্নেহা মেথি থাকেন লং আইল্যান্ডে, প্রতি বছর সামারে বাচ্চাদের দেশে রেখে আসেন, সন্তানদের দেশীয় কালচার শেখাবেন বলে। তার বড় ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে। ঢাকা থেকে ফোনে স্নেহা মিথি বললেন, হাসপাতালে উদ্বেগ নিয়ে তাঁর সময় কাটছে। আমেরিকার চাকরি ছেড়ে দিয়ে তাঁকে এখন দেশের হাসপাতালে ছেলের পাশে থাকতে হচ্ছে।
অ্যাস্টোরিয়ায় বসবাস করেন অপু রহমান। জানালেন, দেশে যাওয়ার জন্য এক বছর আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কর্মক্ষেত্রে ছুটি নেওয়াসহ দেশের জন্য শপিং করে রেখেছেন তিন মাস আগেই। দেশ থেকে মা তাকে এখন না-যাওয়ার পরামর্শ দিচ্ছেন। ডেঙ্গু আতঙ্কে ছয় বছর পর মাকে দেখার আয়োজন ভেস্তে গেছে এই প্রবাসীর। নিউইয়র্ক নগরের লং আইল্যান্ডে বসবাসরত আবদুল চৌধুরী দেশে যেতে চাচ্ছিলেন পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে। তিনিও শেষ মুহূর্তে টিকিট বাতিল করেছেন।
প্রবাসী এমন অনেকেই আছেন যাঁরা সামার বা গ্রীষ্মে সাধারণত পরিবার নিয়ে দেশে বেড়াতে যান। আবার সামনে ঈদুল আজহা। তাই এবারও অনেকে দেশে যেতে টিকিট করেছেন। ঢাকার সংবাদপত্রের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি আকার ধারণ করেছে—এমন সংবাদ ছড়িয়ে পড়েছে। এখন ডেঙ্গুর প্রকৌপের কথা শুনে আতঙ্কে অনেকে তাদের টিকিট ক্যানসেল বা বাতিল করছেন। আবার যারা দেশে গেছেন, তারাও দ্রুত ফিরছেন। আসন্ন ঈদ উপলক্ষে অনেকেই দেশে যাবেন কি না, ঠিক করতে পারছেন না।
অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি শিপার এয়ারের পরিচালক মির্জা রাজীব বললেন, তাদের প্রতিষ্ঠানে গত দুই সপ্তাহ ধরে টিকিট বাতিলের সংখ্যা বেড়ে গেছে। দেশে বন্যা ও ডেঙ্গু আতঙ্কে এমন হচ্ছে বলে তিনি মনে করেন। সামারের পাশাপাশি আসন্ন ঈদকে কেন্দ্র করে এই সময়ে অন্যান্য বছর যত সংখ্যক প্রবাসী বাংলাদেশে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকতেন, তা এই বছর নেই বললেই চলে।
ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুদ্দিন বশীর বলেন, ডেঙ্গু নিয়ে উদ্বেগের কথা তাঁর নজরে আছে, কেউ কেউ খোঁজ নিচ্ছেন। তিনি জানান, তাঁর এজেন্সিতে এখনো ডেঙ্গুর কারণে কেউ টিকিট বাতিল করেনি।
কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা বললে তাঁরা জানান, তাঁরা এখন শুধু নিজেদের বাংলাদেশ ভ্রমণ নিয়ে আতঙ্কিত নন। স্বদেশে তাদের আত্মীয়স্বজন নিয়েও চিন্তার মধ্যে আছেন। নিয়মিত তাঁরা স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন।
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান এ নিয়ে তাঁর উদ্বেগের কথা জানালেন। প্রবাসীরা দেশে যাওয়ার আগে যেন এখানে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে যান। আমেরিকা থেকে দেশে ভ্রমণের আগে এমনিতেই চিকিৎসকেরা নানা প্রতিরোধমূলক ব্যবস্থার ওষুধপত্র দিয়ে থাকেন। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি সবার প্রতি পরামর্শ দেন।
সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ মোহাম্মদ এম রহমান বলেন, ডেঙ্গু রোগের কোনো ভ্যাকসিন নেই। দেশে যারা যাবেন, তারা যেন মশা থেকে সাবধান থাকেন। ডা. রহমান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে, উপসর্গ অনুযায়ী চিকিৎসা রয়েছে এবং এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গণমাধ্যমে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বলা হয়েছে, চলতি বছরের সাত মাসে রেকর্ডসংখ্যক ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন। গত ১০ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ গুণ বেড়ে গেছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের বেশি।
গত ৩১ জুলাই পর্যন্ত প্রথম আলোর তথ্য অনুযায়ী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গেও ২০ হাজারের বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর এসেছে৷ দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল৷ যদিও মুখ্যমন্ত্রী বলছেন, প্যাথলজিক্যাল ল্যাবগুলো আতঙ্ক ছড়াচ্ছে। বিরোধীরা মনে করছেন, মহামারির আকার নিয়েছে ডেঙ্গু প্রতি বছরই রাজ্যে হানা দেয় ডেঙ্গু বা ডেঙ্গি৷ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবার তা স্মরণাতীত কালের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। বেসরকারি হিসাব বলছে, আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৫০-এর আশপাশে। সারা বাংলাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু মোকাবিলায় সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগও পরিলক্ষিত হচ্ছে।