ডেটা গ্রুপের বনভোজনে দিনভর খেলাধুলা নাচগান

তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডেটা গ্রুপের বার্ষিক বনভোজন ৫ মে অনুষ্ঠিত হয়েছে। পোটম্যাক নদীর তীরে ভার্জিনিয়ার লেসালভেনিয়া স্টেট পার্কে ওই দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বনভোজন।
ডেটা গ্রুপের ছাত্রছাত্রীরা সপরিবারে ও বন্ধুবান্ধব নিয়ে দিনভর নানা খেলাধুলা, নাচগান আর আনন্দে মেতে ওঠেন। কমিউনিটির নেতারাও বনভোজনে অংশ নেন এবং এর আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কমিউনিটি নেতাদের মধ্যে যাঁরা অংশ নেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক এন্থনি পীযূষ গোমেজ, প্রাক্তন সভাপতি করিম সালাউদ্দীন, এ টি এম আলম, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলির আবু রুমি, আকতার হোসাইন, সুরবিতানের বুলবুল আকতার, সাংবাদিক আকাস রইস, ফটোসাংবাদিক শামীম হায়দার, কামরুল ইসলাম প্রমুখ।
বনভোজনে ছোট ছোট শিশুদের বিস্কুট দৌড়, মেধা প্রতিযোগিতা, বড়দের জন্য দৌড়, বালিশ খেলাসহ নানা খেলাধুলার ব্যবস্থা ছিল। খেলাধুলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়। বনভোজনে ডেটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসাইন প্রতিষ্ঠানের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার দেন। ডেটা গ্রুপের ছাত্রছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত এই বনভোজন অত্যন্ত সফল ও সার্থক করার জন্য জাকির হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চাকরিসংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে সবার প্রতি অনুরোধ জানান।