
করোনাভাইরাসে আক্রান্ত মানুষের রোগমুক্তি ও আমেরিকাসহ সব দেশ থেকে এই মহামারির হাত থেকে রক্ষা পেতে ডেট্রয়েট দুর্গা টেম্পল কর্তৃপক্ষ বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। ১৫ মার্চ বিকেলে প্রিস্ট পূর্ণেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ডেট্রয়েট দুর্গা টেম্পলের প্রিস্ট পূর্ণেন্দু চক্রবর্তী বিশেষ প্রার্থনা শেষে ভক্তদের উদ্দেশ করে বলেন, বিশ্বজুড়ে এক আতঙ্কে নাম করোনাভাইরাস। রোগটি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত এ রোগ নিরাময়ে কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কৃত হয়নি। তাই তিনি সবাইকে সচেতনতার পাশাপাশি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।
পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি এবং আক্রান্তের আশু আরোগ্য কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া বিশ্ব শান্তি ও সবার রোগ মুক্তিসহ বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য বিশেষ শ্লোক পাঠ করা হয়।