ডেট্রয়েট দুর্গোৎসবের যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ ধরে চলা দুর্গোৎসবে বাড়ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ
এক যুগ ধরে চলা দুর্গোৎসবে বাড়ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের দুর্গা মন্দিরে এবার দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে। তিথিমতো ২৭, ২৮, ২৯ সেপ্টেম্বর পূজা এবং ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর গ্র্যান্ড সেলিব্রেশন উদ্‌যাপন হয়। এ বছর দুর্গা পূজার যুগপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী শারদোৎসবের আয়োজন করা হয়। এতে ছিল মায়ের বোধন, আরাধনা, পূজা, অঞ্জলি, প্রদীপ প্রজ্বালন, আরতি, সন্ধি পূজা, চণ্ডীপাঠ, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পরিবেশনা।
অন্য বছরের তুলনায় এবার লোক সমাগম হয়েছিল অনেক বেশি। মিশিগান ছাড়াও ওহাইও, ইন্ডিয়ানা ও কানাডার টরেন্টোর বিভিন্ন শহর থেকে ভক্তরা সমবেত হয়েছিলেন এ মিলনমেলায়। আবহাওয়া ভালো থাকায় প্রতিদিনই ছিল উপচেপড়া ভিড়। ভিড় সামলাতে পুরো সময়জুড়েই মন্দিরের স্বেচ্ছাসেবীদের ব্যাপক ব্যস্ত থাকতে হয়েছে। গতবারের মতো এবারও সদ্য ফোটা পদ্মফুল ও বেল পাতা দিয়ে অঞ্জলি দেওয়ার আয়োজন করা হয়েছিল।
এবারের পূজায় যোগ দিতে কলকাতা থেকে এসেছিলেন জি বাংলা চ্যানেলের ‘সারেগামাপা’ অনুষ্ঠানের প্রতিযোগী স্বাগতা দে। ৩০ সেপ্টেম্বর ছিল তাঁর একক সংগীতানুষ্ঠান। ছিল স্থানীয় কবি-সাহিত্যিকদের কবিতাপাঠের আসর ‘কাব্যকথা’। ১ অক্টোবর পরিবেশিত হয় গীতিনাট্য ও রম্য নাটক ‘পাকা দেখা’। এ ছাড়া স্থানীয় শিশু, কিশোর ও শিল্পীদের অংশগ্রহণে ছিল নৃত্য, গানসহ বিভিন্ন পরিবেশনা। সৌরভ চৌধুরী ও পার্থ দেবের যুগল উপস্থাপনায় অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রাণবন্ত।
তরুণদের উদ্যোগে এবার মন্দির সেজেছিল নতুন সাজে। ছিল চোখ ধাঁধানো আলোকসজ্জা। পার্থ দেব ও সৌরভ চৌধুরীর সম্পাদনায় প্রতি বছরের মতো এবারও দুর্গা মন্দির থেকে প্রকাশিত হয় বহুবর্ণা স্মরণিকা ‘শারদ অর্ঘ্য’। এবার ছিল স্মরণিকাটির যুগপূর্তি। ঢাকা, কলকাতা, নিউইয়র্ক ও লন্ডনের কবি, সাহিত্যিক, সাংবাদিকদের লেখায় সিক্ত সংকলনটি ব্যাপক সমাদৃত হয়।
বিজয়া দশমী ও শান্তি প্রশস্তির পর শুভেচ্ছা বিনিময় ও আশীর্বাদ প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসব শেষ হয়। দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ চৌধুরী সপ্তাহব্যাপী পূজানুষ্ঠান সুন্দর ও সফলভাবে উদ্‌যাপন করার জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এর পর শুরু হয় সিঁদুর খেলা। পরে মিষ্টিমুখ করে এবারের পূজার পর্দা নামে।