ডেমোক্র্যাটদের সময় মার্কিন অর্থনীতি ভালো থাকে!
আগামীকাল মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন, তা নিয়ে জোর জল্পনার মধ্যে অর্থনৈতিক বিশ্লেষণগুলোও চলে আসছে। কে নির্বাচিত হলে তা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের অর্থনীতির জন্য মঙ্গল হবে, তা নিয়ে চলছে বিভিন্ন পর্যালোচনা।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদদের এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের সময় অর্থনৈতিক অগ্রগতি বেশি হয়েছে রিপাবলিকানদের প্রেসিডেন্টদের চেয়ে। গবেষণায় দেখা গেছে, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে গড়ে ৪ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্টের সময়ে গড়ে আড়াই শতাংশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট ট্রুমানের সময় থেকে বারাক ওবামা পর্যন্ত চলে গেছে ৭৬৮ মাস। এই সময়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের অর্থনৈতিক মন্দার হার ছিল গড়ে ৩ দশমিক ৩ মাস। অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট থাকাকালীন গড় অর্থনৈতিক মন্দা ছিল ১৩ দশমিক ৮ মাস।
বেকারত্বের হার কমাতেও এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট থাকাকালীন বেকারত্বের হার গড়ে শূন্য দশমিক ৮ শতাংশ হারে কমেছে। অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট থাকাকালীন বেকারত্বের হার বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। জিডিপি অনুপাতে বাজেট ঘাটতির পরিমাণও বেশি রিপাবলিকান প্রেসিডেন্টের সময়ে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট থাকাকালীন গড়ে বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির দেড় শতাংশ; যা রিপাবলিকান প্রেসিডেন্টের ক্ষেত্রে ২ দশমিক ২ শতাংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৫ শতাংশের কাছাকাছি। তাই এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছে কর্মসংস্থান একটা বড় বিষয়। এ ব্যাপারে দুজনই সজাগ থাকলেও ডেমোক্র্যাট প্রার্থী হিলারির মতো তেমন কোনো পরিকল্পনা নেই রিপাবলিকান ট্রাম্পের। ট্রাম্পের নীতিতে ধনী মার্কিনদের বিষয়ে কিছুটা দুর্বলতা দেখা গেছে। তবে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কর ছাড় দিতে চান দুজনই। হিলারি তাঁর প্রচারণায় বলেন, তিনি এমন অর্থনীতি চান, যেখানে সবাই উপকৃত হবে, শুধু শীর্ষে যাঁরা আছেন, তাঁরাই নন। অবকাঠামো, জ্বালানি খাত ও শিক্ষাব্যবস্থায় বিনিয়োগে জোর দিচ্ছেন হিলারি ক্লিনটন।
বর্তমানে দেশটির ঋণের পরিমাণ ১৯ ট্রিলিয়ন ডলার। মোট জিডিপির ৭৫ শতাংশই ঋণ পরিশোধে ব্যয় করে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে।
হিলারির অর্থনৈতিক পরিকল্পনায় এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তেমন কোনো পরিকল্পনার কথা জানাননি ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে অর্থনৈতিক নীতি একটি বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। দুই প্রার্থীর বিতর্কে উঠে এসেছে কর্মসংস্থান, কর হার ও ন্যূনতম মজুরির মতো বিষয়। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে চান হিলারি। এ বিষয়ে একমত নন ট্রাম্প। তাঁর মতে, কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিভিন্ন ক্ষেত্রে অর্থ ঢালা বন্ধ করা উচিত। তবে কর্মসংস্থানের জন্য অবকাঠামো খাতে ব্যয় বাড়াতে চান দুজনই। করপোরেট করের হার কমাতে চান ট্রাম্প, আর হিলারি বাড়াতে চান না। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের আয়বৈষম্য আছে, মনে করেন হিলারি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এত প্রকট বলে মনে করেন না।