
নিউইয়র্ক নগরের সাবেক মেয়র বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেননি, তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন লড়তে যাচ্ছেন। তবে জানা যায়, তিনি ২০২০ সালে আলাবামার ব্যালটে এবং অন্যান্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীদের সঙ্গে তাঁর নাম লেখানোর আবেদন করেছেন। ৮ নভেম্বর নিউইয়র্ক পোস্ট–এর সূত্রে জানা যায়, ব্লুমবার্গের প্রতিনিধিরা মন্টেগোমেরিতে আলাবামা ডেমোক্রেটিক পার্টির কাছে কাগজপত্র জমা দিয়েছিলেন, যা ব্লুমবার্গকে মার্চের ৩ তারিখে ‘সুপার টুইস্টডে’–তে একটি যোগ্য প্রাথমিক প্রার্থী করতে পারে।
কাগজপত্রের জন্য জমা দেওয়া সত্ত্বেও ব্লুমবার্গের একজন প্রতিনিধি বলেছেন, নিউইয়র্ক নগরের তিনবার নির্বাচিত এই সাবেক মেয়র এখনো ডেমোক্রেটিক দলে যোগ দেবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও তিনি নিউইয়র্কে রিপাবলিকান দলের হয়ে তিনবার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, তবু ধারণা করা হচ্ছে এবার তিনি ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্লুমবার্গ আমেরিকার একজন দুর্দান্ত প্রেসিডেন্ট হবেন। কলামিস্ট জনাথন কেইপহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমি কেবল এটি বলছি না, কারণ আমি নিউইয়র্কের মেয়রের হয়ে তাঁর তিনটি সফল প্রচারণার প্রথম পলিসি পরামর্শদাতা ছিলাম। তিনি ১১ সেপ্টেম্বর,
২০০১-এর সন্ত্রাসী হামলার পর শহরটিকে অর্থনৈতিক বিস্মৃতির দ্বার থেকে টেনে তুলেছেন এবং তারপরের বছরগুলোতে বিগ অ্যাপলের পুনরুত্থানে সভাপতিত্ব করে মেয়র হিসেবে তার ১২ বছরের মেয়াদ শেষ করেছিলেন।’
জনাথন কেইপহার্ট আরও বলেন, ‘বিলিয়নিয়ার ব্লুমবার্গ, একজন সত্যবাদী, সমাজসেবী যিনি বন্দুকের সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের করেছেন।’
অন্যদিকে, নিউইয়র্ক পোস্ট–এর কলামিস্ট চার্লস ব্লো বলেন, ‘কোনো কৃষ্ণাঙ্গ বা হিস্পানিক ব্যক্তি বা বর্ণের মানুষদের বন্ধু মাইকেল ব্লুমবার্গের পক্ষে প্রাথমিক নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি বিবেচনাও করা উচিত হবে না। নিউইয়র্কের কুখ্যাত বর্ণবাদী স্টপ অ্যান্ড ফ্রিস্ক কর্মসূচির সম্প্রসারণ তৎকালীন মেয়র মাইকেল ব্লুমবার্গেরই, যা লাখ লাখ নির্দোষ নিউইয়র্কের তরুণ কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক পুরুষকে অপরাধী বানিয়েছিল।’
নিউইয়র্ক টামইস সূত্রে জানা যায়, নিউইয়র্ক নগরে মেয়র ব্লুমবার্গের আমলে ২০০৯ সালে ৫৮ হাজারের বেশি স্টপ-অ্যান্ড-ফ্রিস্ক ছিল, সে সময় এটি একটি রেকর্ড ছিল। একটি স্টপ অ্যান্ড ফ্রিস্ক বলতে সন্দেহভাজনকে একটি সংক্ষিপ্ত অ-হস্তক্ষেপমূলক পুলিশ স্টপকে বোঝায়। তখন পুলিশের সে স্টপগুলোর মধ্যে ৫৫ শতাংশ কালো, ৩২ শতাংশ হিস্পানিক এবং মাত্র ১০ শতাংশ সাদা ছিল। বেশির ভাগই তরুণ ছিলেন এবং প্রায় সবাই পুরুষ ছিলেন। এর মধ্যে ৮৮ শতাংশই নির্দোষ ছিলেন।
আমেরিকার আদমশুমারি ব্যুরোর হিসাবমতে, এই বছর শহরে ১৩ থেকে ৩৪ বছর বয়সের মধ্যে প্রায় তিন লাখ কৃষ্ণাঙ্গ মানুষ ছিল।
কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, নিউ হ্যাম্পশায়ারের ৫৪ শতাংশ ভোটার বিলিয়নিয়ার ব্লুমবার্গের হোয়াইট হাউস বিড সমর্থন করবেন না বলে জানিয়েছেন। মাত্র ২ শতাংশ বলেছেন, তাঁরা তাঁকে ভোট দেবেন।
জরিপে ৩৭ শতাংশ বলেছেন, ডেমোক্রেটিক দল ব্লুমবার্গকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিলে তাঁরা সেটি বিবেচনা করতে পারেন।