ডেমোক্রেটিক দলে দুই তারকার লড়াই হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটেনর চার্লস শুমার ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ
ফাইল ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রের উদারনৈতিক দুই রাজনৈতিক নেতার মধ্যে সংঘাত স্পষ্ট হয়ে উঠেছে। নিউইয়র্ক থেকে নির্বাচিত তারকা কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ তরুণ ডেমোক্র্যাটদের আলোচিত প্রতিনিধি। জাতীয়ভাবে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। সমর্থকেরাও তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন দেখতে চায়।

অন্যদিকে ডেমোক্রেটিক দলের বনেদি নেতাদের মধ্যে নিউইয়র্কের সিনেটর চার্লস শুমার অন্যতম। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দল পরিচালনায় যেসব রাজনৈতিক নেতার প্রভাব রয়েছে, তাদের মধ্যে তিনি অন্যতম। ওকাসিওর সমর্থকেরা তাঁকে ২০২২ সালের নির্বাচনে এই প্রবীণ সিনেটরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাপ দিচ্ছেন।

ডেমোক্রেটিক দলের নিউইয়র্ক রাজ্যের প্রেসিডেন্ট জে জেকবস বলেন, চার্লস শুমারের বিপক্ষে ওকাসিওর নির্বাচন করা উচিত হবে না। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন নির্বাচন করা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। প্রতিনিধি পরিষদের একজন প্রগতিশীল সদস্য হলেও চার্লস শুমারের কাছে ওকাসিও পরাজিত হবেন বলে তাঁর বিশ্বাস। এমন নির্বাচনের পেছনে দলের প্রয়োজনের চেয়ে উচ্চাভিলাষই বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও সরাসরি এখনো বলেননি, তিনি চার্লস শুমারের পদে নির্বাচন করবেন কিনা। তবে তিনি একাধিকবার বলেছেন, ডেমোক্রেটিক দলে নেতৃত্বের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

স্পিকার ন্যান্সি পেলোসিসহ দলের সিনেট নেতা চার্লস শুমারের অনেক বয়স হয়ে গেছে। বছরের পর বছর দলের দায়িত্বে থাকার কারণে দলের নেতৃত্বে বিরাট একটা শূন্যতা সৃষ্টি হয়েছে বলে ওকাসিও মনে করেন। দলের মধ্যে এই শূন্যতা পূরণ করার নেতৃত্ব নেই বলে তিনি উল্লেখ করেন। দায়িত্ব থেকে স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটর চার্লস শুমারকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন ওকাসিও।

ওকাসিও এক সাক্ষাৎকারে বলেন, তিনি নিশ্চিত নন, কংগ্রেসে বছরের পর বছর তিনি পড়ে থাকবেন কি না। ওকাসিওর বক্তব্যে ধরে নেওয়া যায়, রাজনৈতিক অগ্রযাত্রার চিন্তা থেকে তাঁর সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই।

ডেমোক্রেটিক দলের চরম উদারনৈতিক পক্ষে রয়েছেন দলের অন্যতম প্রবীণ নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের জন্য ওকাসিওসহ বেশ কিছু তরুণ আইনপ্রণেতা ডেমোক্রেটিক দলকে বনেদি নেতাদের খপ্পর থেকে বের করে আনতে প্রকাশ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই প্রয়াসের অংশ হিসেবেই আসছে নির্বাচনে চার্লস শুমারের বিপক্ষে ওকাসিও প্রার্থী হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে তাঁর সমর্থকেরা মনে করেন।