ডেমোক্রেটিক পার্টি থেকে লড়বেন জামাল খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল খান
জামাল খান

ক্যালিফোর্নিয়ার সান হোসে সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জামাল খান (৩২। ‘সিলিকন ভ্যালি’ সংলগ্ন বে-এরিয়ার স্যান হোসে সিটির বাসিন্দা জামাল খান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অধ্যয়ন করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী যুবক জামাল খানের বাবার নাম ড. মাহবুব খান ও মায়ের নাম রিনা খান।
আগামী ৩ মার্চ অনুষ্ঠেয় ‘স্যান হোসে সিটি কাউন্সিল’ নির্বাচনে প্রার্থী হিসেবে জামাল খান প্রবাসী ভোটারদের কাছে ইতিমধ্যেই আলোচিত হয়ে উঠেছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে এই নির্বাচনী এলাকায় আগে থেকেই আরও দুজন মাঠে রয়েছেন। এই তিনজনের একজন নভেম্বরের দলীয় প্রাথমিক বাছাইয়ে বর্তমান কাউন্সিলম্যান ল্যান ডিপকে ধরাশায়ী করার লড়াইয়ে নামবেন।
জামাল খান ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আটটি সেমিস্টারের প্রত্যেকটিতে সম্মানের সঙ্গে কৃতকার্য হয়েছেন। জামাল খান হার্ভার্ড থেকে প্রকাশিত ‘দ্য হার্ভার্ড হিউম্যান রাইটস জার্নাল’–এর ম্যানেজিং টেকনিক্যাল এডিটর হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি সাউথ এশিয়ান ল’ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিউনিকেশনস চেয়ারম্যান এবং মুসলিম ল’ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালে গ্রীষ্মকালীন অবকাশের ছুটির সময়ে তিনি ওয়াশিংটন ডিসির ইউএস সিনেটের স্থায়ী সাব-কমিটির অধীনে ‘ইনভেস্টিগেশনস অ্যান্ড দ্য অফিস অব গভর্নমেন্ট এথিক্স’ বিষয়ে ইন্টার্নশিপ করেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর জামাল খান দ্য প্রেসিডেন্টাল ম্যানেজমেন্ট ফেলোশিপ প্রোগ্রামের জন্য মনোনীত হন। তিনি হোয়াইট হাউসের একাধিক অফিসে বিভিন্ন বিষয়ে গবেষণাধর্মী কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টার–গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স, পরিবেশ রক্ষা, খাদ্য ও পুষ্টি ইত্যাদি। ওবামা প্রশাসনের রাজ্যস্তরে বেশ কিছু অগ্রাধিকারমূলক কাজে জামাল খান জড়িত ছিলেন, যার মধ্যে ন্যূনতম মজুরি, পারিবারিক ও অসুস্থকালীন ছুটি, ভোটের অধিকার, আগ্নেয়াস্ত্রের সীমিতকরণ, কার্যক্ষেত্রের অনুমোদন, ওপিওয়েড সমস্যা ও মোকাবিলা প্রভৃতি উল্লেখযোগ্য।
জামাল খান ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সিনেটর কমলা হ্যারিসের ক্যাম্পেইন হেড কোয়ারটার্সে যোগ দেন। এরপর তিনি নেভাদা অঙ্গরাজ্যের লাশ ভেগাসে সিনেটর ক্যাথরিন কোর্তেজের ক্যাম্পেইন টিমের ‘ডেপুটি ডিজিটাল ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের পর জামাল বে-এরিয়াতে ফিরে এসসিএন স্ট্র্যাটেজিসের বর্তমানে এসসিআরবি স্ট্র্যাটেজিস পলিটিক্যাল কনসালট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেন। গত নির্বাচনে জামাল খান স্যান হোসে সিটি মেয়র স্যাম লিকার্ডোর নির্বাচনী ক্যাম্পেইনে ‘ফাইন্যান্স ও ডেটা ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করেন।
জনসাধারণের মধ্যে ‘ওপিওয়েড সমস্যা’ সম্পর্কিত বিভিন্ন দিক সহজভাবে তুলে ধরে সচেতনতা বৃদ্ধির জন্য জামাল খান প্রতিষ্ঠা করেছেন ‘দ্য আমেরিকান ওপিওয়েড প্রজেক্ট’। আমেরিকাব্যাপী গবেষণামূলক এই প্রকল্পের অধীনে বেশ কিছু প্রবন্ধ ও পডকাস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং ‘ওপিওয়েড’ সংক্রান্ত বিস্তারিত তথ্য-উপাত্ত সংবলিত আরও কর্মশালা, জার্নাল, পডকাস্ট ও বইয়ের প্রকাশনার কাজ চলছে।