ডেমোক্রেটিক পার্টির প্রধান সরে দাঁড়ালেন

ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির প্রধান কংগ্রেসওম্যান ডেবি ওয়াসারম্যান শুলজ পদত্যাগ করেছেন। ফিলাডেলফিয়ায় আজ সোমবার থেকে শুরু ডেমোক্রেটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হওয়ার আগে তিনি পদত্যাগ করলেন।
ফিলাডেলফিয়ায় আজ সোমবার থেকে শুরু হয়েছে ডেমোক্রেটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন। এতে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারি ক্লিনটন এবং তাঁর রানিংমেট সিনেটর টিম কেইন আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন গ্রহণ করবেন। কিন্তু এর আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়ে দলের জাতীয় কমিটির প্রধান কংগ্রেসওম্যান ডেবি ওয়াসারম্যান শুলজ পদত্যাগে বাধ্য হলেন।
উইকিলিকসের ফাঁস করা কিছু ই-মেইলে দেখা গেছে, ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তারা বাছাইপর্বের নির্বাচনে সম্ভাব্য সব উপায়ে ভারমন্টের ‘সমাজতান্ত্রিক’ সিনেটর ও হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স যাতে বিজয়ী না হন, তার জন্য নানা চক্রান্তে লিপ্ত হয়েছিলেন। এ জন্য স্যান্ডার্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়াও তাঁর ধর্মবিশ্বাস নিয়ে সন্দেহের বীজ বোনার চেষ্টা করা হয়।
ফাঁস করা ই-মেইলে আরও দেখা গেছে, নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য যেকোনো উপায়ে অতিরিক্ত চাঁদা আদায়ের চেষ্টাতেও লিপ্ত ছিল ডেমোক্রেটিক কমিটি। এ জন্য তারা প্রেসিডেন্ট ওবামাকেও কাজে লাগাতে কসুর করেনি। যেমন টেনেসির বিলিয়নিয়ার ব্যবসায়ী রয় ককরামের কাছ থেকে অতিরিক্ত ৩৩ হাজার ৪০০ ডলার চাঁদার বিনিময়ে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ওয়াশিংটনের এক গোলটেবিল বৈঠকে প্রেসিডেন্ট ওবামার ঠিক উল্টো দিকের চেয়ারে বসার সুযোগ দেওয়া হয়।
বার্নি স্যান্ডার্স ও তাঁর সমর্থকেরা বরাবর বলে এসেছেন, ওয়াসারম্যান শুলজ নানাভাবে তাঁর প্রার্থিতার বিরোধিতা করে আসছেন। স্যান্ডার্সের অভিযোগের ভিত্তিতে শুলজকে সম্মেলনের বক্তার তালিকায় রাখা হয়নি। এক দিন আগে হাজার হাজার ই-মেইল বার্তা ফাঁস হয়ে গেলে শুলজের বিরুদ্ধে সমালোচনার ঝড় তীব্র হয়ে ওঠে। ফলে উপায় না দেখে কেলেঙ্কারি থামাতে কমিটি থেকে সরে পড়লেন তিনি।
দলের কর্মকর্তারা অভিযোগ তুলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করার জন্য রুশ হ্যাকারদের মাধ্যমে উইকিলিকস এসব ই-মেইল ফাঁস করেছে। হোয়াইট হাউস এমন সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দেয়নি। ডোনাল্ড ট্রাম্প নিজে এ ঘটনায় তাঁর উল্লাস গোপন রাখতে পারেননি। এক টুইটার বার্তায় তিনি হিলারিকে পুনরায় ‘ক্রুকেড’ (অসৎ) নাম দিয়ে বলেছেন, ডেমোক্রেটিক পার্টি চূড়ান্ত ঝামেলায় পড়েছে, কিন্তু উদারনৈতিক তথ্যমাধ্যম তা ঢাকা দেওয়ার সব চেষ্টাই করে যাবে। এর আগে তিনি বার্নি স্যান্ডার্সের সমর্থকদের দলের বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা করেন। রিপাবলিকান সম্মেলনে নিজের ভাষণে তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টির বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন স্যান্ডার্স। সিনেটর স্যান্ডার্স অবশ্য তাঁর সমর্থকেরা ট্রাম্পকে সমর্থন করবেন, এমন সব সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।