নিউইয়র্ক নগরে কাউন্সিলম্যান নির্বাচন
ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে দুই বাংলাদেশির হার

নিউইয়র্ক নগরের কাউন্সিলম্যান পদে চূড়ান্ত লড়াইয়ের সুযোগ হলো না দুই বাংলাদেশি আমেরিকান প্রার্থীর। ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে তাঁরা হেরে গেলেন। অন্যদিকে বর্তমান মেয়র ব্লাজিও নগরের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে তাঁর দলীয় প্রতিদ্বন্দ্বী স্যাল আলবানিসকে বিপুল ভোটে হারিয়ে আবার মেয়র পদে লড়াইয়ের সুযোগ পেয়েছেন।
১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাই নির্বাচনে বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ তৈয়বুর রহমান ও হেলাল শেখ স্ব স্ব আসনে পরাজিত হন। নির্বাচনের আগে প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় তাঁরা দুজনই তাঁদের বিজয় নিশ্চিত বলে জানিয়েছিলেন।
এ নির্বাচনে মোহাম্মদ তৈয়বুর রহমান পেয়েছেন ২ হাজার ২২৫ ভোট। তাঁর দলীয় প্রতিদ্বন্দ্বী রোরি ল্যান্সম্যান ৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। হেলাল শেখ পেয়েছেন ১ হাজার ৪৮১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মাইক স্কালা পেয়েছেন ২ হাজার ১১৫ ভোট।
দলের প্রাথমিক নির্বাচনে জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী ছিলেন তৈয়বুর রহমান। হেরে যাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেছেন, স্বদেশিদের ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যাঁরা নিজেদের লোকের এগিয়ে যাওয়া পছন্দ করেন না, তাঁদের কারণেই তাঁর পরাজয় ঘটেছে। তিনি এ পরাজয়কে নিউইয়র্কে বাংলাদেশিদের পরাজয় হিসেবে দেখছেন। বাংলাদেশিরাই ছিলেন তাঁর বিজয়ী হওয়ার সবচেয়ে বড় অবলম্বন। যেকোনো কারণেই হোক, প্রবাসীরা বাইরে ঐক্য দেখালেও ভোট কেন্দ্রে সবাই যাননি। যাঁরা গেছেন, তাঁরাও বাংলাদেশি বলে কোনো প্রার্থীকে ভোট দেননি। ফলে দুজনকেই তাঁদের দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে বিপুল ভোটে হারতে হয়েছে।
অন্যদিকে বর্তমান মেয়র বিল ডি ব্লাজিও মোট প্রদত্ত ভোটের ৭৫ শতাংশ (৩ লাখ ২৬ হাজার ১৪১) ভোট পেয়ে তাঁর দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যাল আলবানিসকে পরাজিত করেন। স্যাল আলবানিস মোট প্রদত্ত ভোটের মাত্র ১৫ শতাংশ (৬৬ হাজার ৬১৬ ভোট) পেয়েছেন।
আগামী নভেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে বিল ডি ব্লাজিও রিপাবলিকান দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র হিসেবে প্রথম মেয়াদে তাঁর গণমুখী কার্যক্রম, বিশেষত অভিবাসী ও জলবায়ু প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বিপরীতে কঠোর অবস্থান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। পর্যবেক্ষকদের ধারণা, নিউইয়র্কপ্রবাসী বৈধ-অবৈধ নব্য অভিবাসীরা ব্লাজিওকে পরবর্তী মেয়র হিসেবে দেখতে চান।
সমালোচকেরা যা–ই বলুন, বেশির ভাগ নিউইয়র্কবাসী মনে করেন, মেয়র হিসেবে ব্লাজিও ভবিষ্যতে আরও বেশি সফল হবেন। কারণ, দ্বিতীয় মেয়াদে তিনি আরও গণমুখী কর্মসূচি নেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন।
টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভে এবং ফ্লোরিডায় ইরমার মতো সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মেয়র ২ হাজার কোটি ডলারের কর্মসূচি ঘোষণা করেন। হারিকেন স্যানড্রিতে ক্ষতিগ্রস্ত ব্রুকলিনের ওয়াটার ফ্রন্টে বন্যানিরোধক পুনর্নির্মিত দেয়ালের প্রতি ইঙ্গিত করে মেয়র বলেন, ‘প্রতিবছরই আমাদের নিরাপত্তা বাড়ছে। কারণ, আমরা এ পুনর্বাসন প্রকল্প অব্যাহত রাখতে চাই। সাড়ে পাঁচ মাইল দীর্ঘ এই শক্ত দেয়াল প্রাকৃতিক দুর্যোগ থেকে ওই এলাকাকে রক্ষা করবে।’
জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বাইরে গিয়ে ব্লাজিও প্যারিস চুক্তি অব্যাহত রাখার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। ট্রাম্পের অভিবাসন নীতি তথা অভিবাসীদের বিতাড়নের তীব্র বিরোধিতা করে ব্লাজিও ৪২ হাজার অভিবাসীকে বিতাড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আইনি কর্মসূচি হাতে নিয়েছেন, যা স্বপ্নচারী অভিবাসীদের আমেরিকার নাগরিকত্ব পেতে সহায়তা করবে। তিনি আইনপ্রণেতাদের সহযোগিতায় অভিবাসী সহায়ক আইন ‘ড্রিম অ্যাক্ট’, ‘রিলিফ এ-এডুকেশন ফর এলায়েন মাইনর্স অ্যাক্ট’ ইত্যাদি পাস/ গ্রহণ/ অনুমোদন করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্লাজিও বলেন, ‘আমরা আমেরিকার প্রধান প্রধান অঙ্গরাজ্য ও এলাকার জনগণকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ করে ট্রাম্প প্রশাসনের ওপর সর্বাত্মক চাপ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাব। আইনিভাবে এ সমস্যার সমাধান করতে পারলেই খেলা শেষ হবে। ইতিমধ্যে কিছু রিপাবলিকান এসব আইনি প্রস্তাবের প্রতি সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
নিউইয়র্ক নগরের গৃহহীন মানুষের সমস্যা দূর করার লক্ষ্যে ব্লাজিও বিভিন্ন নামে বেশ কয়েকটি দল গঠন করেছেন। গৃহহীনেরা কোথায় আছেন, তা খুঁজে বের করে তাঁদের সেবা দিতে দল গঠন করা হয়েছে। এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তিনি কর্মসূচি প্রণয়ন করছেন।
ব্লাজিও বলেন, ‘এটা খুবই দুঃখজনক ব্যাপার যে অর্থনৈতিক কারণে নগরে বহু মানুষ গৃহহীন হয়েছেন। এটা একটা দীর্ঘমেয়াদি লড়াই। এ জন্য আমাদের প্রচুর কাজ করতে হবে। ইতিমধ্যে বহু গৃহহীনকে আবাসন সুবিধা দেওয়া হয়েছে।’