ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচন আজ
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপর্যস্ত ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির প্রেসিডেন্ট পদে নির্বাচন আজ শনিবার। তাই দলের নেতারা জড়ো হয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা নগরে। এই পদে মার্কিন কংগ্রেসম্যান কিথ এলিসনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তিনি প্রথম মুসলিম ব্যক্তি, যিনি কংগ্রেসম্যান নির্বাচিত হন। তাঁর সঙ্গে জোর প্রতিবন্ধিতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শ্রমমন্ত্রী টম পেরেজ।
উদারনৈতিক দল হিসেবে পরিচিত ডেমোক্রেটিক পার্টির অতি উদার মহলের নেতৃত্বের জোরালো সমর্থন পাচ্ছেন কংগ্রেসম্যান কিথ এলিসন। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক ডেমোক্রেটিক পার্টির সমর্থন নিয়ে দলীয় নেতৃত্বে আসার চেষ্টা করছেন টম পেরেজ।
গেল নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের বাছাইপর্বে অতি উদারনৈতিক মহলের সমর্থন পেয়েছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এই বার্নি স্যান্ডার্সসহ সিনেটর চাক শুমার এবং কংগ্রেসম্যান জন লুইসের মতো চিহ্নিত উদার ডেমোক্র্যাটরা সমর্থন জানিয়েছেন কিথ এলিসনকে। অন্যদিকে, হিলারি ক্লিনটন ঘরানার নেতৃবৃন্দের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সমর্থন জানিয়েছেন টম পেরেজকে। প্রকাশ্যে সমর্থন না জানালেও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা টম পেরেজের নেতৃত্বের প্রশংসা করেছেন।
ডেমোক্রেটিক পার্টির এবারের প্রেসিডেন্ট পদে দুই প্রার্থীই প্রগতিশীল হিসেবে পরিচিত। দুজনেই নাগরিক অধিকার আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্বে এসেছেন। দুজনের যেকোনো একজন পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হলেই যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি প্রগতিশীল নেতৃত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর মধ্যে কিথ এলিসন নির্বাচিত হলে পার্টি আরও বাঁ দিকে ঝুঁকবে বলে মনে করা হচ্ছে। কিথ এলিসন কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০০৬ সালে কোরআন শরিফ নিয়ে শপথগ্রহণ করেছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি ডেমোক্রেটিকদের মধ্যে প্রকাশ্যেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁকে ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক দূরদর্শীসম্পন্ন উজ্জ্বল তারকা হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, হার্ভার্ড গ্র্যাজুয়েট টম পেরেজ ল্যাটিনো হিসেবে মার্কিন বিচার বিভাগে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁকে ওবামা প্রশাসনের একজন মেধাবী প্রতিনিধি হিসেবে সমীহ করা হতো। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ল্যাটিনো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে টম পেরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।
মার্কিন গণমাধ্যম দুই মাস ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই ব্যস্ত। এর মধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে নির্বাচনের প্রচার চলেছে নীরবেই। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিথ এলিসন এবং টম পেরেজসহ ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন।
ডেমোক্রেটিক পার্টির ৪৪৭ ভোটার ভোট দেবেন। তাঁদের মধ্যে দলের সাংগঠনিক কর্মকর্তা, নাগরিক সংগঠনের নেতা এবং শ্রমিক সংগঠনের নেতারাও রয়েছেন। ভোটার সরাসরি বা তাঁর প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন।
সাধারণত নিজ দলের নেতা যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনিই দলের জাতীয় কমিটির প্রেসিডেন্ট মনোনীত করেন। কিন্তু হোয়াইট হাউসে দলের প্রেসিডেন্ট না থাকলে জাতীয় কমিটির প্রধান পদের জন্য নির্বাচন হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে হোয়াইট হাউসে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট না থাকলেও জাতীয় কমিটির প্রধান পদে ডেমোক্রেটিক পার্টি আলোচনা করেই প্রার্থী নির্বাচিত করেছে।
সর্বশেষ ২০০৫ সালে হাওয়ার্ড ডিন কণ্ঠভোটে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টেরি ম্যাকুলিফি এবং ১৯৮৮ সালে রন ব্রাউন নির্বাচিত হয়েছিলেন। তবে এবারের নির্বাচন ব্যতিক্রম।
যুক্তরাষ্ট্রে এ সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রক্ষণশীলতা উসকে উঠছে, সে সময় ডেমোক্রেটিক পার্টির জাতীয় নেতৃত্বে উদারনৈতিক নেতৃত্বের উত্থান ঘটছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের নিকট ভবিষ্যতের রাজনীতিকে আরও নাটকীয় করে তুলবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।