ডেমোক্রেটিক প্রার্থীর পক্ষে ঐক্যের ডাক ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির টুনাইট শো অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এ আহ্বান জানান।
নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা এই আহ্বান জানালেন।
দলের প্রার্থিতার জন্য হিলারির প্রয়োজনীয় ডেলিগেট নিশ্চিত হওয়ার পরও তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স রণে ভঙ্গ না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ওবামা সাক্ষাৎকারে স্যান্ডার্সকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরাসরি অনুরোধ জানাননি। কেবল বলেছেন, ভারমন্টের সিনেটর স্যান্ডার্স হিলারিকে অপেক্ষাকৃত ভালো প্রার্থী হিসেবে তৈরি করতে সহযোগিতা করেছেন।
গতকাল বৃহস্পতিবার ওবামার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন স্যান্ডার্স। এ সময় তিনি মনোনয়নের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তবে তিনি জানান, দলের ঐক্য জোরদার করতে শিগগির তিনি হিলারির সঙ্গে দেখা করবেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে দলের প্রাইমারির সময় কোনো প্রার্থীর পক্ষ না নিয়ে নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রেসিডেন্ট ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেন স্যান্ডার্স। একই সঙ্গে তিনি বলেন, দলের প্রার্থী হিসেবে মনোনীত হতে পারলে আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে সাধ্যমতো সবকিছুই করবেন।
এর আগে এনবিসিকে সাক্ষাৎকারে ওবামা বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য লড়াই ছিল ‘প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’। কিন্তু তিনি এ-ও বলেন, ‘প্রাইমারিতে প্রবল প্রতিদ্বন্দ্বিতা ডেমোক্রেটিক পার্টির জন্য ভালোই হয়েছে। আমার মনে হয় স্যান্ডার্স প্রচুর প্রাণশক্তি সঞ্চার করেছেন, সেই সঙ্গে নতুন নতুন ধারণা তুলে ধরেছেন। তিনি দলকেই চ্যালেঞ্জ করেছেন। আমার মনে হয়, এর ফলে আরও ভালো প্রার্থী হিসেবে তৈরি হতে পেরেছেন হিলারি।’
তবে এরপরই ওবামার কণ্ঠে দলের ঐক্যের পক্ষে সুর শোনা যায়। ওবামা বলেন, ‘আমার আশা, আগামী কিছুদিনের মধ্যে আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
হিলারি গত মঙ্গলবার ছয়টি রাজ্যের প্রাইমারির মধ্যে চারটিতেই জয়ী হন। এর ফলে স্যান্ডার্সের মনোনয়ন পাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। তবে দলীয় মনোনয়ন পাওয়ার আর আশা না থাকলেও স্যান্ডার্স ঘোষণা করেছেন, আগামী প্রাইমারিতে প্রতিটি ভোটের জন্য তিনি লড়াই করবেন। আগামী জুলাইয়ে মনোনয়নের জন্য দলীয় সম্মেলনের আগে এটি অনুষ্ঠিত হবে।
এদিকে ডেমোক্রেটিক পার্টিতে হিলারির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, স্যান্ডার্সের সমর্থকেরা পক্ষে আসবেন। তিনি বলেন, ‘যেভাবে তাঁদের লড়াই চলল, এরপর বার্নি স্যান্ডার্স নিশ্চয়ই হিলারিকে মেনে নেবেন না। তাঁর অনেক সমর্থক এখন আমার পক্ষে চলে আসবেন।’