ডেমোক্রেটিক বিতর্ক: জো বাইডেন বনাম অন্য সবাই

আগামী বছরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রচার শুরু হয়ে গেছে। গতকাল বুধবার জো বাইডেন, কমলা হ্যারিসসহ ডেট্রয়টে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী ১০ জনের বিতর্ক হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই বিতর্কে নয়জন ছিলেন একদিকে আর সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন একদিকে। তবে খুব ভালোভাবেই তা সামলে নেন জো বাইডেন।
বেশির ভাগ পর্যবেক্ষক রায় দিয়েছেন, গতকালের বিতর্কে নয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটানা যুক্তির বিপক্ষে জো বাইডেন আত্মসমর্পণের বদলে যথেষ্ট দক্ষতার সঙ্গেই তা মোকাবিলা করেছেন। গত মাসে দলের প্রথম বিতর্কে সিনেটর কমলা হ্যারিস অভিযোগ করেছিলেন, চার দশক আগে স্কুলব্যবস্থায় বর্ণভিত্তিক বিভাজন রোধের লক্ষ্যে বাসে করে ছাত্রদের স্কুলে পৌঁছে দেওয়ার প্রচলিত ব্যবস্থার বিরোধিতা করেছিলেন বাইডেন। সে সময় তাঁর অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি বাইডেন। তবে গতকাল তাঁরা দুজন আবার একে অপরের মুখোমুখি হন। এবার বাইডেন আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত ছিলেন।
শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে চলে আসে স্বাস্থ্যবিমার প্রশ্নটি। কমলা হ্যারিস যে বিমা কর্মসূচি প্রস্তাব করেছেন, তাতে একটি সরকারি ও বেসরকারি বিমা ব্যবস্থা চালু রাখার কথা বলা হয়েছে, যার পূর্ণ বাস্তবায়নে ১০ বছর লাগবে। বাইডেন অভিযোগ করেন, এই পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে, হ্যারিস তা গোপন করেছেন।
উত্তরে হ্যারিস বলেন, হাত গুটিয়ে বসে থাকা আরও বেশি ব্যয়বহুল হবে। বাইডেনের স্বাস্থ্যবিমা প্রস্তাবের সমালোচনা করে হ্যারিস বলেন, সে প্রস্তাবের ফলে প্রায় এক কোটি মানুষ বিমা ব্যবস্থার বাইরে রয়ে যাবে। এর জবাবে বাইডেন বলেন, তিনি ওবামার আমলে গৃহীত বিমা পরিকল্পনাকেই ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, ওবামা কেয়ারই সঠিক পরিকল্পনা।
বাইডেনকে সবচেয়ে তীব্রভাবে আক্রমণ করেন প্রগতিশীল হিসেবে পরিচিত নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। তিনি অভিযোগ করেন, বাইডেন ওয়াল স্ট্রিটের ধনকুবেরদের হাতে ইতিমধ্যেই ধরা পড়েছেন। তিনি বলেন, ‘আপনি ধনী চাঁদাদাতাদের আশ্বাস দিয়েছেন, প্রেসিডেন্ট হলে অবস্থার কোনো পরিবর্তন হবে না।’
সিনেটর করি বুকার অভিযোগ করেন, বিল ক্লিনটনের আমলে অপরাধ মোকাবিলায় যে আইন প্রণয়নে বাইডেন নেতৃত্ব দেন, তার ফলে দেশের আফ্রিকান-আমেরিকান সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি নারীর সমানাধিকার প্রশ্নে বাইডেনের পূর্ব অবস্থান নিয়েও সমালোচনার ঝড় ওঠে।
সিনেটর ক্রিস্টান জিলিব্রান্ড অভিযোগ করেন, একসময় বাইডেন বলেছিলেন, মেয়েরা ঘরের বাইরে এলে পরিবারব্যবস্থা হুমকির মুখে পড়বে।
প্রতিটি সমালোচনার জবাব যে বাইডেন দ্রুত দিতে পেরেছেন, তা নয়, তবে আত্মরক্ষার মতো পর্যাপ্ত অস্ত্র তাঁর কাছে ওই দিন ছিল। কখনো পাল্টা তথ্য, কখনো হাস্য-পরিহাসে তিনি পরিস্থিতি সামলে ওঠেন। বিতর্কের শুরুতে তিনি হ্যারিসকে বলেন, ‘শোনো মেয়ে, আমাকে খুব কঠোরভাবে আক্রমণ কোরো না।’ বিতর্কের একপর্যায়ে জিলিব্রান্ডের দিকে তিনি হেসে বলেন, ‘তুমি তো আমার পক্ষেই এত দিন কথা বলতে। এখন কী হলো, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছ ,তাই সব বদলে গেল?’
কমলা হ্যারিসও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনার মুখে পড়েন। হাওয়াইয়ের কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল থাকার সময়ে হ্যারিস যে কাজগুলো করেন, তার সমালোচনা করে বলেন, ‘তাঁর জন্য অনেককে লঘু অপরাধে গুরুদণ্ড পেতে হয়েছে। সেই মানুষদের প্রতি তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
অভিবাসন প্রশ্নেও ডেমোক্রেটিক প্রার্থীদের মতভেদ ছিল তীব্র। ওবামা আমলের আবাসনমন্ত্রী হুলিয়ান কাস্ত্রো বহিরাগতদের অপরাধমুক্ত রাখার যে প্রস্তাব করেছেন, একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার তীব্র বিরোধিতা করেন। বাইডেন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘অবৈধ মানে অবৈধ, এ নিয়ে কোনো বিতর্ক নেই।’ কাস্ত্রো সে যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকে চাই, যার সাহস আছে, যে পুরোনো ব্যবস্থা বাতিলে আগ্রহী হবে।’
বিতর্কে একাধিক প্রার্থী বাইডেন ও হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। ওবামা আমলে অবৈধ বহিরাগত বহিষ্কারের ব্যাপারে বাইডেন জোর সমর্থন দিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে মেয়র ডি ব্লাজিও বলেন, ‘আপনি প্রেসিডেন্ট হতে চান, অথচ এই ব্যাপারে সত্যি সমালোচনার জবাব আপনি দিতে পারছেন না। আমার মনে হয় না, ডেমোক্রেটিক প্রার্থী হলে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প আপনাকে ছেড়ে কথা বলবে।’
দলীয় প্রার্থীদের এই কাদা ছোড়াছুড়ি এতটাই কদর্য হয়ে পড়ে যে সিনেটর করি বুকার একসময় বলতে বাধ্য হন, ‘আমাদের এই বিতর্ক সবচেয়ে বেশি যিনি উপভোগ করছেন, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।’
সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী বাইডেন দলের মোট ২৪ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর তুলনায় প্রায় ৮ পয়েন্টে এগিয়ে আছেন। তাঁকে বেকায়দায় না ফেলতে পারলে বাকিদের টিকে থাকা অসম্ভব হবে।
এর আগ গত মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশীদের একাংশের বিতর্ক হয়। ওই বিতর্কের কেন্দ্রে ছিলেন প্রগতিশীল হিসেবে পরিচিত সিনেটর বার্নি স্যান্ডার্স ও সিনেটর এলিজাবেথ ওয়ারেন। বিপক্ষে ছিলেন দলের মধ্যপন্থী প্রার্থীরা।