ডেমোক্র্যাট মেয়র প্রার্থীর সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে কলম্বাস দিবসের প্যারেড অনুষ্ঠানে কার্ডিনাল টিমোথি ডোলানের সঙ্গে মেয়র ডি ব্লাজিও। ছবি: রয়টার্স
নিউইয়র্কে কলম্বাস দিবসের প্যারেড অনুষ্ঠানে কার্ডিনাল টিমোথি ডোলানের সঙ্গে মেয়র ডি ব্লাজিও। ছবি: রয়টার্স

আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে অন্যতম প্রার্থী হলেন বর্তমান মেয়র বিল ডা ব্লাজিও। তিনি একজন উদারপন্থী ডেমোক্র্যাট, যিনি ২০১৩ সালে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের জো লোডাকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। ঐতিহাসিকভাবে নিউইয়র্ক একটি ডেমোক্রেটিক স্টেট, অথচ এখানে ২০ বছর পর একজন ডেমোক্র্যাট মেয়র হিসেবে ব্লাজিও নির্বাচিত হন। তিনি নিউইয়র্ক সিটির ১০৯তম মেয়র।

ব্লাজিও ১৯৬১ সালের ৮ মে ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন। তিনি পরে মদে আসক্ত হয়ে পড়েন। ব্লাজিওর বয়স যখন সবে সাত, তখন তাঁর বাবা সংসার ত্যাগ করেন। মায়ের কাছে বড় হন তিনি। ব্লাজিওর শৈশব কাটে ম্যাসাচুসেটসের কেমব্রিজে। ২০০২ সালে তিনি তাঁর মায়ের নাম গ্রহণ করেন। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্র্যাজুয়েট এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মেয়র ব্লাজিও বিবাহিত। তাঁর স্ত্রী আফ্রিকান-আমেরিকান। তাঁদের এক মেয়ে, এক ছেলে। তিনি ব্রুকলিনের বাসিন্দা।
ছাত্রজীবনেই ব্লাজিও টিউশন ফি কমানোর জন্য আন্দোলন করেন। তবে আনুষ্ঠানিক রাজনীতিতে হাতেখড়ি ১৯৮৯ সালে মেয়র ডেভিড ডানকিনের নির্বাচনী প্রচারে যোগদানের মাধ্যমে। এরপর তিনি ফেডারেল গৃহায়ণ দপ্তরে কাজ করেন। ২০০০ সালে হিলারি ক্লিনটনের সিনেট নির্বাচনে তাঁর প্রচার ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি ব্রুকলিনের ৩৯ ডিস্ট্রিক্ট থেকে নিউইয়র্ক সিটি কাউন্সিলর নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট নির্বাচিত হন।

২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর মেয়র হিসেবে ব্লাজিও যে সব কাজ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সব শিশুর জন্য বিনা মূল্যে প্রি-কে। সিটির সব কর্মীর জন্য সবেতনে অসুস্থতার ছুটির ব্যবস্থা করা। এখন পর্যন্ত আমেরিকার খুব কম শহরেই এই ছুটির ব্যবস্থা আছে। মেয়র পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছেন। আধুনিকায়ন করেছেন। ‘স্টপ অ্যান্ড ফ্রিস্ক’ নীতি বাতিল করেছেন, যার মাধ্যমে পুলিশ ইচ্ছা করলেই কোনো কারণ না দেখিয়ে যেকোনো মানুষকে থামিয়ে তল্লাশি করতে পারত। এই আইনটি ব্যাপকভাবে অপব্যবহার হতে থাকায় মেয়র তা বাতিল করেন, যদিও সমালোচকেরা বলেছিল, এর ফলে অপরাধের মাত্রা বেড়ে যাবে। তবে পরিসংখ্যান বলে, অপরাধের মাত্রা বরং আগের চেয়ে কমেছে।
মেয়রের আরেকটি জনহিতকর প্রকল্প হলো অভিবাসন মর্যাদানির্বিশেষে সবাইকে এনওয়াই আইডি প্রদান। যার ফলে যাদের বৈধতার সমস্যা ছিল, কমপক্ষে নিউইয়র্ক সিটিতে তাদের মর্যাদা প্রদান করা হয়েছে।
সিটির নিয়ন্ত্রিত গৃহায়ণ প্রকল্পগুলো সব সময়ই উপেক্ষিত ছিল। বর্তমান মেয়রের সময় সেই অবস্থার অনেক উন্নতি দেখা গেছে। মেয়র এই বাসস্থানগুলোর উন্নয়নে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন। সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এই সব আবাসনে বাস করেন। মেয়র বিনা মূল্য এই সব বাসায় ইন্টারনেট (ওয়াই-ফাই) সংযোগ দেওয়ার ব্যবস্থা করেছেন। উল্লেখ করা যায় যে প্রায় ৪ লাখ মানুষ এই সব প্রকল্পে বাস করে। এ ছাড়াও সিটির পার্ক ও অন্যান্য পাবলিক স্থানেও মেয়র বিনা মূল্য হাইস্পিড ইন্টারনেটের ব্যবস্থা করেছেন।
মেয়রের আরেকটি যুগান্তকারী কাজ হলো ‘ভিশন জিরো’। এর আওতায় মেয়র সিটির দুর্ঘটনা কমাতে চেষ্টা করেছেন। তিনি সিটিতে গাড়ির গতিসীমা ৩০ থেকে কমিয়ে ২৫ করেছেন। শুধু তা-ই নয়, এর বাস্তবায়নে সিটিতে অসংখ্য গতিনির্ধারক ক্যামেরা বসিয়েছেন। ট্রাফিক ব্যবস্থারও ব্যাপক আধুনিকায়ন করেছেন। এর ফলে সিটিতে দুর্ঘটনার সংখ্যাও অনেকাংশে কমেছে।
আমরা যারা মুসলমান, আমাদের জন্য বড় পাওয়া হলো দুই ঈদে পাবলিক স্কুলগুলো ছুটি ঘোষণা। অনেক বছর যাবৎই এই দাবি জানানো হচ্ছিল। গত দুই মেয়াদে মেয়রদের কাছে অনেক চেষ্টা-তদবির করেও কোনো আশাব্যঞ্জক সাড়া না পেলেও মেয়র ব্লাজিও সেই দাবি পূরণ করেছেন। ট্রাম্প প্রশাসনের বিপরীতে গিয়েও মেয়রের বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের পক্ষে কাজ করছেন, যা বিশ্বে প্রশংসিত হচ্ছে।
১০ সেপ্টেম্বর সন্ধ্যায় তিন মেয়র প্রার্থীর মধ্যে প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের শুরুতে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও পরবর্তী সময়ে তা অনেকটাই জমে ওঠে। বিতর্কে মেয়র ব্লাজিওকে আক্রমণাত্মক দেখা গেছে, তবে তাঁর গৃহীত নানা কর্মসূচির পক্ষে তিনি জোরালো যুক্তি উপস্থাপন করেন।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, মেয়র ব্লাজিও অন্য দুই প্রার্থীর চেয়ে জনমত জরিপে অনেক এগিয়ে আছেন। তথাপি সবাইকে ফলাফল দেখতে ৭ নভেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে।