ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভেদ প্রকাশ্য হচ্ছে
যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশন শেষ হওয়ার সপ্তাহান্ত না গড়াতেই দলের অভ্যন্তরীণ বিভেদ প্রকাশ্য হয়ে উঠেছে। দলের নতুন প্রজন্মের নেতা কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ বলেছেন, পুরো কনভেনশনের লক্ষ্য ছিল শ্বেতাঙ্গ ভোটারদের আকৃষ্ট করা। এমনকি দলের প্রভাবশালী নেতা বার্নি স্যান্ডার্স বলেছেন, কনভেনশনে আরও বেশি প্রগতিশীলদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে ভালো হতো। এসব বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে ডেমোক্রেট দলের অভ্যন্তরীণ বিভেদ অনেকটাই প্রকাশ্য হয়ে উঠেছে।
এদিকে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন শুরু হচ্ছে ২৪ আগস্ট। এ কনভেনশনের শেষ দিন ২৭ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা দলের মনোনয়ন গ্রহণ করে বক্তব্য দেবেন।
রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন শুরু হচ্ছে ২৪ আগস্ট। এ কনভেনশনের শেষ দিন ২৭ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা দলের মনোনয়ন গ্রহণ করে বক্তব্য দেবেন
আলেকজান্দ্রিয়া ওকাসিও দলের কনভেনশন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। ওকাসিও বলেছেন, ‘ডেমোক্রেট দলের পুরো সম্মেলন সাজানো হয়েছিল শ্বেতাঙ্গ মডারেটরদের লক্ষ্য রেখে। ডেমোক্রেটিক পার্টির নিজেদের ভিত্তি গড়ার জন্য ভিন্ন কিছু করার সুযোগ ছিল। প্রগতিশীল ল্যাটিনো হিসেবে আমি জানি, কনভেনশনের লক্ষ্য আমরা ছিলাম না। শ্বেতাঙ্গ মডারেট ভোটার, যাঁরা আসছে নভেম্বরে কোন দিকে ভোট দেবেন তা জানেন না, তাঁদেরই এ কনভেনশনে লক্ষ্য করা হয়েছে।’
ডেমোক্রেট দলের কনভেনশনে বনেদি ডেমোক্রেট হিসেবে যাঁরা পরিচিত, তাঁদের প্রাধান্য ছিল। আলেকজান্দ্রিয়া ওকাসিওকে সম্মেলনে এক মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। দলের উদারনৈতিক সমর্থকেরা মনে করেন, ওকাসিওকের আরও দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ ছিল। আমেরিকার রাজনীতিতে ডেমোক্রেট দল এখনো বনেদি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের মধ্য দিয়ে ডেমোক্রেট দলের একটি উদারনৈতিক প্রবাহ প্রকাশ্য হয়ে ওঠে।
ডেমোক্রেট দলের পুরো সম্মেলন সাজানো হয়েছিল শ্বেতাঙ্গ মডারেটরদের লক্ষ্য রেখে। ডেমোক্রেটিক পার্টির নিজেদের ভিত্তি গড়ার জন্য ভিন্ন কিছু করার সুযোগ ছিল। প্রগতিশীল ল্যাটিনো হিসেবে আমি জানি, কনভেনশনের লক্ষ্য আমরা ছিলাম না। শ্বেতাঙ্গ মডারেট ভোটার, যাঁরা আসছে নভেম্বরে কোন দিকে ভোট দেবেন তা জানেন না, তাঁদেরই এ কনভেনশনে লক্ষ্য করা হয়েছেআলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ
২০১৬ সালের নির্বাচনের আগে ডেমোক্রেট দলে যুব-তরুণদের জোরালো উপস্থিতি দেখা যায় স্বঘোষিত সমাজতান্ত্রিক ভাবধারার বার্নি স্যান্ডার্সকে ঘিরে। দলের চূড়ান্ত মনোনয়নে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিশ্চিত হলে এই উদারনৈতিকেরা অনেকেই চুপ হয়ে যান। সাম্প্রতিক নাগরিক আন্দোলনসহ ডেমোক্রেট প্রধান রাজ্যগুলোতে দলের প্রাইমারি নির্বাচনে এসব উদারনৈতিক যুব নেতৃত্ব নিজেদের ক্ষমতা দেখাতে পারলেও দলের বনেদি লোকজনের বিরোধিতার মুখে পড়তে দেখা গেছে। নিউইয়র্কসহ সবখানে দেখা গেছে, ডেমোক্রেট দলের দীর্ঘদিনের প্রার্থীদের পক্ষেই দলের মূল অংশের সমর্থন ছিল। এবারের প্রাইমারিতেও বার্নি স্যান্ডার্সের পক্ষে ব্যাপক যুব ডেমোক্র্যাটদের জোয়ার দেখা দিয়েছিল।
আমেরিকার জটিল রাজনৈতিক মানচিত্রে আবারও দলের বনেদি নেতা জো বাইডেনই চূড়ান্ত মনোনয়নের জন্য জয়ী হন। আবারও দলের উৎসাহী যুব-তরুণদের মধ্যে নেতৃত্বের প্রশ্নে এক ধরনের হতাশা দেখা দেয়।
ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনে বার্নি স্যান্ডার্স আহ্বান জানিয়েছেন, দলের সব বিভেদকে পাশে রেখে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে সরানোর জন্য সবাই যেন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে। সম্মেলনের ব্যবস্থাপনা ও উদারনৈতিকদের উপেক্ষা করা নিয়ে বার্নি স্যান্ডার্সও নিজের অসন্তোষ চাপা রাখেননি। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স বলেছেন, ডেমোক্রেট দলের কনভেনশনে উদারনৈতিক বক্তাদের আরও সুযোগ দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আমাকে যদি প্রশ্ন করা হয়, প্রগ্রেসিভদের বা ওকাসিওকে আরও বেশি সময় দেওয়া কি উচিত ছিল? উত্তরে আমি বলব, হ্যাঁ, অবশ্যই।’
স্যান্ডার্স ছাড়াও যুক্তরাষ্ট্রে বনেদি ডেমোক্র্যাটদের মধ্যে সিনেটর এলিজাবেথ ওয়ারেনও অতি উদারনৈতিক হিসেবে পরিচিত। কনভেনশনে এলিজাবেথ ওয়ারেন জো বাইডেনের পক্ষেই জোরালো বক্তৃতা দিয়েছেন।
আমাকে যদি প্রশ্ন করা হয়, প্রগ্রেসিভদের বা ওকাসিওকে আরও বেশি সময় দেওয়া কি উচিত ছিল? উত্তরে আমি বলব, হ্যাঁ, অবশ্যইবার্নি স্যান্ডার্স
ডেমোক্রেট দলের কনভেনশনে রিপাবলিকান দল থেকে খসে পড়া ওহাইওর সাবেক গভর্নর জন কেইসিচ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান কলিন পাওয়েল বা নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টি উইটম্যানের উপস্থিতি অনেকটাই লোক দেখানো ছিল। এসব নেতার রিপাবলিকান দল বা ট্রাম্প সমর্থকদের ওপর এখন কোনো প্রভাব নেই। নিজেরাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন রিপাবলিকান দলের রক্ষণশীল মূল ধারা থেকে।
ডেমোক্রেট দলের কনভেনশনের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মনোযোগ এখন ২৪ আগস্ট থেকে শুরু হওয়া রিপাবলিকান দলের কনভেনশনের দিকে। করোনা মহামারিকালের এ কনভেনশনও নানা কারণে স্মরণীয় করে রাখার জোর চেষ্টা চলছে দলটির পক্ষ থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই কনভেনশনের শেষ পর্যায়ে সরাসরি উপস্থিত থাকবেন। মঞ্চপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা তাঁর সরাসরি বক্তব্যে সব সময় উদ্দীপ্ত হয়ে থাকেন। পছন্দ বা অপছন্দ করলেও তাঁর উপস্থিতিতে টিভি দর্শকদেরও আগ্রহ বেশি থাকে।
ফক্স নিউজের সর্বশেষ প্রকাশিত জরিপে জাতীয়ভাবে জনমতে জো বাইডেনের চেয়ে এখনো ৯ শতাংশ পিছিয়ে আছেন ট্রাম্প। নির্বাচনের জন্য এ ৯ শতাংশ ভোটারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তহীন এসব মানুষের মন জয় করার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প আসছে সপ্তাহে দলের জাতীয় কনভেনশনে। এ কনভেনশনের জাতীয় সম্প্রচারে সব সুযোগই তিনি কাজে লাগাবেন দক্ষ অভিনেতার মতো। ডেমোক্রেট দলের উদারনৈতিক পক্ষকে হামলা করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীন শ্বেতাঙ্গ ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন তিনি। এর মধ্যেই ট্রাম্প বলে আসছেন, জো বাইডেন বাম উদারনৈতিকদের মুখপাত্রে পরিণত হয়েছেন। এসব বাম নৈরাজ্যবাদীরা যুক্তরাষ্ট্রকে মূল চেতনা থেকে সরিয়ে নিতে চায় বলে তিনি বলতে শুরু করেছেন।