ডেমোক্র্যাটদের আশাভঙ্গ
জর্জিয়ার ৬ নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত মঙ্গলবারের বিশেষ নির্বাচনে আশা পূরণ হলো না ডেমোক্রেটিক পার্টির। দলটির প্রার্থী জন অসফ সর্বাধিক ভোট পেলেও ৫০ শতাংশের বেশি ভোট সংগ্রহ করতে পারেননি। ফলে আগামী ২০ জুন তাঁকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রিপাবলিকানদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া কারেন হ্যান্ডেলের সঙ্গে।
রিপাবলিকানদের জন্য ‘নিরাপদ’ বিবেচিত এই আসনে গত নভেম্বরে প্রায় ২০ শতাংশ ভোটের ব্যবধানে সহজেই জয়ী হয়েছিলেন টম প্রাইস। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করায় আসনটি শূন্য হয়। ১৮ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রিপাবলিকান সদস্য মোহাম্মদ আলী ভুঁইয়াও ছিলেন। ডেমোক্রেটিক প্রার্থী জন অসফ পেয়েছেন ৪৮ দশমিক ১০ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কারেন হ্যান্ডেল পেয়েছেন ১৯ দশমিক ২০ শতাংশ। মোহাম্মদ আলী ভুঁইয়া শূন্য দশমিক ২০ শতাংশ ভোট পেয়ে রয়েছেন একাদশ স্থানে।
ডেমোক্র্যাটরা আশা করেছিলেন, এই আসনে আসফের সরাসরি বিজয়ের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি রাজনৈতিক বার্তা পাঠানো যাবে। ১৯৭৮-এর পর থেকে এখানে কোনো ডেমোক্রেটিক প্রার্থী জিততে পারেননি, ফলে আসফের নির্বাচন হতো ট্রাম্পের প্রতি একটি কড়া চপেটাঘাত। ৩০ বছর বয়স্ক আসফ সারা দেশের প্রগতিশীল ডেমোক্রেটিক সমর্থনের জোয়ারে প্রায় ৮৩ লাখ ডলার চাঁদা সংগ্রহে সক্ষম হন। কংগ্রেস নির্বাচনের হিসাবে এ এক বেশ মোটা অঙ্ক। বিপদ টের পেয়ে রিপাবলিকান পার্টি ও তাদের সমর্থকেরা অসফকে হারাতে প্রায় সোয়া কোটি ডলার টিভি ও রেডিও বিজ্ঞাপনে খরচ করে। এর অধিকাংশই ছিল আসফের প্রতি ব্যক্তিগত আক্রমণ।