ডেমোক্র্যাটদের বিতর্কের কেন্দ্রে আইএস ও ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ম্যানচেস্টারে গতকাল শনিবার রাতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীদের তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ওই বিতর্কে কথা-চালাচালির কেন্দ্রে ছিল জঙ্গিগোষ্ঠী আইএস দমনের বিষয়টি। এ ছাড়া ছিল রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা।
তিন মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন, সিনেটর বার্নি স্যান্ডার্স ও ম্যারিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালে পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে প্রায় আড়াই ঘণ্টার ওই বিতর্কে অংশ নেন। অবস্থা এমন দাঁড়ায় যে, তিনজনের বিতর্ক শেষ হওয়ার আগেই অনেকে টেলিভিশন সেট বন্ধ করে দেন।
প্রায় এক সপ্তাহ আগে লাস ভেগাসে অনুষ্ঠিত হয় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীদের বিতর্ক। ওই বিতর্কে দলটির নয়জন মনোনয়নপ্রত্যাশী আইএস দমনে কে কতটা আগ্রাসী ও নিষ্ঠুর হতে পারেন, তার মল্লযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।
ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশীরা তাঁদের বিতর্কে সহনশীলতার পক্ষে কথা বলেন। বাস্তবসম্মত আন্তর্জাতিক জোট গঠনের ওপর জোর দেন।
ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের বিরুদ্ধে যে বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়েছেন, তার তীব্র সমালোচনা করেন হিলারি।
হিলারি বলেন, ট্রাম্প আইএসের পক্ষে নতুন সদস্য সংগ্রহে এক মস্ত অস্ত্র হয়ে উঠেছেন।
প্রতিরক্ষা প্রশ্নে রিপাবলিকানদের তুলনায় হিলারি মোটেই নমনীয় নন, এ কথা প্রমাণ করতে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বাস্তবসম্মত কিন্তু ওবামার তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক নীতি তুলে ধরেন। হিলারি বলেন, আইএস-নিয়ন্ত্রিত এলাকায় অধিক সংখ্যায় বিশেষজ্ঞ সেনা পাঠাবেন তিনি। কুর্দি সেনাদের আধুনিক অস্ত্রে সুসজ্জিত করবেন। যেকোনো দেশের বিমান প্রবেশ নিষিদ্ধ করে ‘নো-ফ্লাই-জোন’ প্রতিষ্ঠা করবেন।
অন্যদিকে ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স মধ্যপ্রাচ্যে যেকোনো নতুন সামরিক অভিযানের বিপক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকার একক পদক্ষেপে আমি বিশ্বাস করি না। আমি চাই এমন এক শক্তিশালী জোট গঠন করতে, যেখানে প্রধান শক্তিগুলোর পাশাপাশি মুসলিম দেশগুলোও সমানভাবে অংশ নেবে।’
মার্টিন ও’ম্যালে মুসলিমদের প্রতি অধিক সহনশীলতার পক্ষে জোর যুক্তি দেখান। উত্তর ভার্জিনিয়ার এক মসজিদে তাঁর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘এসব মুসলিম আমেরিকান আমাদের প্রতিবেশী। তাঁদের চোখের দিকে তাকিয়ে এ বিষয়ে আমি স্থির বিশ্বাসে পৌঁছেছি যে, আমেরিকান নিরাপত্তা ও তার মূল্যবোধ রক্ষায় সম্ভাব্য সবকিছু করতেই তাঁরা প্রস্তুত।’
আগের বিতর্কের মতো এবারও হিলারি ও স্যান্ডার্স আগ্নেয়াস্ত্র-নিয়ন্ত্রণ প্রশ্নে তাঁদের ভিন্নতা তুলে ধরেন। অর্থনৈতিক অসাম্য নিয়েও বিস্তর কথা হয়। তবে সেখানে ভিন্নতার চেয়ে প্রার্থীদের মতৈক্যই ছিল অধিক লক্ষণীয়।
ডেমোক্রেটিক পার্টির তিন মনোনয়নপ্রত্যাশী মধ্যবিত্তদের স্বার্থরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিশ্রুতি দেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁরা মধ্যবিত্তদের ওপর নতুন কর আরোপ করবেন না।
স্যান্ডার্স অবশ্য তেমন কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেন। তিনি সব সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় অবৈতনিক করার প্রস্তাব করেন। হিলারি শুধু দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য সেই সুযোগ দিতে সম্মত হন।
হিলারিকে ওয়াল স্ট্রিটের সঙ্গে খুব ঘনিষ্ঠ বলে ইতিপূর্বে সমালোচনা করেছেন স্যান্ডার্স। গতকালের বিতর্কের একপর্যায়ে হিলারিকে জিজ্ঞেস করা হয়, করপোরেট আমেরিকা কি তাঁকে ভালোবাসে? জবাবে, প্রবল হাস্যরোলের মধ্যে হিলারি বলেন, শুধু করপোরেট আমেরিকা কেন, সবারই উচিত হিলারিকে ভালোবাসা।
একই প্রশ্ন স্যান্ড্রার্সকে করা হলে গম্ভীর মুখে তিনি উত্তর দেন, ‘আমার মনে হয় না, তারা প্রেসিডেন্ট স্যান্ডার্সকে খুব একটা ভালোবাসবে।’
কে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাবেন—তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে কোনো রহস্য নেই। সর্বশেষ জনমত গণনায় স্যান্ডার্সের তুলনায় প্রায় ৩০ শতাংশ ভোটে এগিয়ে আছেন হিলারি। এ কারণে ক্রিসমাসের এক সপ্তাহ আগে, গতকাল সন্ধ্যায় আয়োজিত ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশীদের ওই বিতর্ক কোনো মহলেই তেমন আগ্রহের সঞ্চার করেনি। তবে, বিতর্ক শেষে সব ভাষ্যকারই এ বিষয়ে একমত যে, এই বিতর্কেও হিলারি বিজয়ী।