ডেলিভারিম্যানের ছদ্মবেশে ব্রুকলিনে ডাকাতি
ফেডেক্স কোম্পানির ডেলিভারি ম্যানের ছদ্মবেশে ব্রুকলিনের বে রিজ এলাকার একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ২৪ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে ৭৯ সড়কের একটি বাড়িতে ডেলিভারি ম্যানের পরিচয়ে ঢুকে সবাইকে বেঁধে রেখে ৫০ হাজার ডলার ও জুয়েলারি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ভিডিও ফুটেজে দেখা যায় প্রথমে ফেডেক্সের স্বাক্ষর সংবলিত বাক্স সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির ইউনিফর্ম ও হ্যাট পরে একজন দরজা নক করেন। দু মিনিট পর দরজা খুলতেই ওই ব্যক্তি ভেতরে ঢুকে পড়েন। তাঁর পেছনে নীল রঙের পোশাক পরা আরেক ব্যক্তিও ওই বাসায় ঢুকে পড়েন। দ্বিতীয় ব্যক্তিটির কাঁধে ছিল ব্যাকপ্যাক। বাড়ির অভ্যন্তরে থাকা ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাড়িটিতে সে সময় মধ্যবয়সী এক নারী ও পুরুষ এবং একজন বয়স্ক নারী ছিলেন। ডাকাতরা টেপ দিয়ে তাঁদের মুখ বন্ধ করে দেয়। তাঁদের হাত-পাও টেপ দিয়ে বেঁধে ফেলে তাঁরা। মাত্র দশ মিনিটের মধ্যে পঞ্চাশ হাজার ডলার নগদ ও ৮০ হাজার ডলারের অলংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
বাড়ির ভেতরে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, দ্বিতীয় ডাকাত ওই নারীর দিকে এক বিশাল কালো সেফটিভল্ট দেখিয়ে তাঁকে এটি খুলতে বলে ডাকাতেরা। ওই সময় ফেডেক্স কর্মচারী পরিচয়ে ঘরে ঢোকা ব্যক্তিটি আরেকজনের মুখে টেপ লাগাচ্ছিলেন। পরে ভল্টটি ভেঙে ফেলে। দ্বিতীয়জন দ্রুত পেছনের ঘরে অদৃশ্য হয়ে যায়। ফেডেক্স পরিচয়ে ঢোকা লোকটি তারপর একটি হ্যান্ডহেল্ড দ্বিমুখী রেডিও মারফত অন্য প্রান্তে কারও সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলে। ওই লোককে বলতে শোনা যায়, ‘আপনি সেখানে উপস্থিত থাকলে আমাকে বলুন।’
ধারণা করা হচ্ছে, অপর প্রান্তে ছিলেন তাঁদের অন্য সহযোগী, যিনি হয়তো গাড়ি নিয়ে এ দুই ডাকাতের জন্য অপেক্ষা করছিলেন।
ফেডেক্সের ইউনিফর্ম পরে ডাকাতির ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একই কৌশলে ব্রঙ্কসে এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে।