ডোনাল্ড ট্রাম্প পরাজয়ের কথা ভাবতে শুরু করেছেন?

পরাজিত হলে নির্বাচনের ফল মানবেন কি না, চার দিন আগে ডোনাল্ড ট্রাম্প সে কথা বলতে অস্বীকার করেছিলেন। পরে সব মহলে সমালোচিত হয়ে ‘শুধু জিতলে নির্বাচনের ফল মেনে নেবেন’, এমন ঘোষণা করেছিলেন। গত শনিবার তাঁর বক্তব্য আবার বদলে গেল। এখন তিনি স্বগতস্বরে পরাজিত হতে পারেন, সেই আশঙ্কার কথা বলতে শুরু করেছেন। নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী সভায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যদি পরাজিত হই, তাহলে পুরো ব্যাপারটা সময়ের কী ভীষণ অপচয় হবে!’
তাই বলে ট্রাম্প এখনই হাল ছেড়ে দিচ্ছেন না। একই সভায় তিনি বলেন, কারও কারও কাছে এটাই যথেষ্ট যে তিনি সারা দেশে এক বিশাল আন্দোলন গড়ে তুলেছেন, নির্বাচনে জিত বা হার যেটাই হোক। তিনি বলেন, ‘আমি বলি, জেতা ব্যাপারটা গুরুত্বপূর্ণ, সে জন্য নিজের পকেট থেকে আমি ১০ কোটি ডলার খরচ করছি। তবে আমি যদি হেরে যাই, তাহলে...।’ তিনি বাক্যটি শেষ করেননি। সম্ভবত এটা একটা বাজে খরচ হয়ে গেল, এমন কিছু বলতে চাইছিলেন, অধিকাংশ শ্রোতার কাছেও সে কথাই মনে হয়েছিল। লাভের আশায় ট্রাম্প অনেক ভুল বিনিয়োগ করেছেন। একবার প্রায় ১০০ কোটি ডলার গচ্চা দিয়েছিলেন। এটাও সে রকম একটা ব্যাপার হবে।
এদিন ট্রাম্প তাঁর বহুল বিজ্ঞাপিত ‘গ্যাটিসবার্গ ভাষণ’ দেন। ১৮৬৩ সালে, আমেরিকার উত্তর ও দক্ষিণের অঙ্গরাজ্যসমূহের মধ্যে গৃহযুদ্ধের সময়, পেনসিলভানিয়ার গ্যাটিসবার্গে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এক বিখ্যাত ভাষণে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই গ্যাটিসবার্গে এসে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনে কী করবেন, তার এক পরিকল্পনা তুলে ধরবেন। কিন্তু কোন পরিকল্পনার বদলে এখানেও তিনি হিলারি ক্লিনটন ও দেশের গণমাধ্যম তাঁকে হারাতে যে ‘ষড়যন্ত্র’ করছে, তার ব্যাখ্যাতেই বেশি সময় ব্যয় করেন। ব্যাপক ভোট চুরির আয়োজন হচ্ছে, সে বিষয়েও তিনি সবাইকে হুঁশিয়ার করে দেন।
ট্রাম্প তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের যেসব অভিযোগ উঠেছে, তা মিথ্যা বলে আবার দাবি করেছেন। তিনি তাঁর ভাষণে হুমকি দেন, যেসব নারী অভিযোগ তুলেছেন, তাঁদের প্রত্যেকের নামে মামলা ঠুকবেন।
ভাষণে ট্রাম্প অভিবাসন থেকে অর্থনীতির বিভিন্ন প্রশ্নে তাঁর পুরোনো বিভিন্ন পরিকল্পনা নতুন করে তুলে ধরেন। নতুন যে কথাটা এখানে বলেন তা হলো, মেক্সিকোর সঙ্গে যে দেয়াল তিনি নির্মাণ করবেন, তার প্রাথমিক খরচ আমেরিকাই বহন করবে। পরে ‘আলাপ-আলোচনার মাধ্যমে’ মেক্সিকো ঠিক করবে, কবে এবং কীভাবে তারা এই অর্থ আমেরিকাকে ফেরত দেবে। এত দিন পর্যন্ত ট্রাম্প বলে এসেছেন, দেয়াল নির্মাণ বাবদ সব ব্যয় মেক্সিকোকেই বহন করতে হবে। তিনি ঘাগু ব্যবসায়ী, তিনি জানেন কী করে পাওনা আদায় করতে হয়। কিন্তু গ্যাটিসবার্গে এসে তিনি নিজের সুর বদলালেন।
এ ব্যাপারে যে মেক্সিকোর সম্মতি থাকা প্রয়োজন, ট্রাম্প তাঁর ভাষণে সে কথা উল্লেখের কোনো প্রয়োজন দেখেননি। মেক্সিকো অবশ্য অনেক আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এমন কোনো দেয়াল নির্মাণের একটি পয়সাও দেবে না।