মন্দ খবর পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। একটানা সাত দিন চারদিক থেকে ঢালাওভাবে আক্রান্ত হওয়ার পর গত সোমবার ট্রাম্প চেয়েছিলেন অর্থনীতি বিষয়ে এক গুরুত্বপূর্ণ ভাষণের মাধ্যমে আলোচনার মোড় ঘুরিয়ে দিতে। ডেট্রয়টে সে ভাষণ তিনি দিলেন বটে, কিন্তু তা শেষ হওয়ার আগেই ৫০ জন রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে বললেন, দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কেবল অযোগ্যই নন, রীতিমতো বিপজ্জনক।
ট্রাম্পের জন্য আরও মন্দ খবর, ট্রাম্পবিরোধী রিপাবলিকানরা সিআইএর একজন সাবেক কর্মকর্তাকে স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নের উদ্যোগ নিয়েছেন।
ট্রাম্প নতুন যে অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করেন, তা ইতিপূর্বে ঘোষিত কর্মসূচি থেকে ভিন্ন ও স্পিকার পল রায়ানের কর্মসূচির ছায়ায় লিখিত। বিশেষজ্ঞেরা বলছেন, এতে বড় ধরনের কর রেয়াতের যে প্রস্তাব করা হয়েছে, তার ফলে মুখ্যত লাভবান হবেন দেশের ধনী ব্যক্তিরা। তিনি বর্তমানে চালু করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনার প্রস্তাব করেছেন। এতে আর্থিক খাতে চালু বিধিনিষেধ শিথিল করার প্রস্তাব করা হয়েছে, যার ফায়দা পাবেন ওয়াল স্ট্রিটের ধনকুবেরেরা। মৃত্যুর পর রেখে যাওয়া সম্পদের ওপর কর (এস্টেট ট্যাক্স) রহিত করার যে প্রস্তাব ট্রাম্প করেছেন, তাতেও লাভবান হবেন হাতে গোনা ‘অতি ধনী’ গুটি কয়েক ব্যক্তি। মধ্যবিত্তের জন্য তিনি আয়কর হিসাবের সময় শিশু পরিচর্যা ব্যয় বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থনীতিবিদেরা বলছেন, এর ফলেও সবচেয়ে লাভবান হবে ধনিকশ্রেণি। কারণ, শিশু পরিচর্যায় তাদের ব্যয় বহুগুণ বেশি। ন্যূনতম মজুরি বা বেতনসহ প্রসবকালীন ছুটির মতো নিম্ন ও মধ্যবিত্তের পক্ষে লাভবান হওয়ার বিষয়গুলো নিয়ে নিশ্চুপ ছিলেন ট্রাম্প।
ট্রাম্প ও তাঁর সমর্থকেরা আশা করেছিলেন, এই ভাষণ রাজনৈতিক প্রচারের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু প্রায় একই সময়ে ৫০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ দলীয় প্রার্থীর ব্যাপারে তাঁদের আপত্তির কথা জানিয়ে এক যৌথ চিঠি প্রকাশ করলে সেটি আলোচনার কেন্দ্রে চলে আসে। এই চিঠিতে তাঁরা বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। প্রেসিডেন্ট হতে হলে যে চরিত্র, মূল্যবোধ ও অভিজ্ঞতা দরকার, ট্রাম্পের তা নেই। সে কারণে তাঁরা কেউই ট্রাম্পের পক্ষে ভোট দেবেন না। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক দুজন অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ও একজন সিআইএ পরিচালক। বাকিদের অধিকাংশই প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও দুই বুশের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এক পাল্টা বিবৃতিতে ট্রাম্প স্বাক্ষরকারীদের যুক্তরাষ্ট্রের ‘ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারিগর’ আখ্যা দিয়ে তাঁদের বক্তব্য বাতিল করে দেন। তিনি বলেন, তাঁদের জন্যই ইরাক আক্রমণের মতো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে এখনো যেকোনো মূল্যে ‘ট্রাম্প ঠেকানোর’ চেষ্টা করে যাওয়া রিপাবলিকান নেতারা সাবেক সিআইএ কর্মকর্তা ও কংগ্রেসে রিপাবলিকানদের নীতিনির্ধারণী দপ্তরের পরিচালক ইভান ম্যাকমুলিনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন। নিজের নামে প্রচারিত এক বিবৃতিতে ম্যাকমুলিন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বা হিলারি ক্লিনটনের চেয়ে উত্তম কোনো প্রার্থী আশা করেন।
একাধিক সূত্র থেকে জানা গেছে, ট্রাম্পের প্রার্থিতায় অসন্তুষ্ট রিপাবলিকান চাঁদাদাতাদের সমর্থনেই ম্যাকমুলিনকে বিকল্প প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। তিনি রাজনীতিতে অনভিজ্ঞ ও মোটেই সুপরিচিত নন। তা সত্ত্বেও নির্বাচনী ব্যালটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা গেলে রক্ষণশীল কোনো কোনো রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে ও হিলারির পক্ষে তা প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।