ডোনাল্ড ট্রাম্প আদৌ কি পারবেন

২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এ জন্য এরই মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের প্রচার শুরু হয়ে গেছে। রিপাবলিকান দল থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে প্রচার শুরু করেছেন অনেক আগেই। ২০১৬ সালের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার নির্বাচনী প্রচারের স্লোগান ঠিক করেছেন ‘কিপ আমেরিকা গ্রেট’ ও ‘প্রমিজেস মেড, প্রমিজেস কেপ্ট’। বেশ জোরেশোরেই প্রচার চালাচ্ছেন তিনি। যদিও সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপের ফলাফল খুব একটা আশাব্যঞ্জক নয়। ফলে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী বৈতরণি পার হতে পারবেন কি না, তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।
ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের বহু প্রার্থী এরই মধ্যে নিজেদের প্রার্থিতা ঘোষণা করছেন। বলা হচ্ছে, এবারের প্রার্থীরা জাতিগত, বর্ণ ও পেশাগত দিক দিয়ে সবচেয়ে বৈচিত্র্যময়। এবার সর্বোচ্চসংখ্যক নারী প্রার্থী লড়াইয়ের জন্য নিজেদের নাম ঘোষণা করছেন। সবচেয়ে বেশি প্রার্থিতা ঘোষণা হয়েছে ডেমোক্রেটিক দল থেকে। কারণ, গত নির্বাচনে হিলারি ক্লিনটনের পরাজয়ের পর দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক দল সুযোগ্য নেতৃত্বের অভাবে ভুগছে। বেশি প্রার্থিতা ঘোষণা, এই নেতৃত্ব সংকটেরই প্রমাণ। দেখার বিষয় হলো নির্বাচনী লড়াইয়ে এই প্রার্থীদের মধ্যে কে টেকেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটনের মতো প্রেসিডেন্টরা তাঁদের ক্ষমতার তৃতীয় বছরে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রথম মেয়াদে অভিষিক্ত হওয়ার পরপরই পুনর্নির্বাচনের ঘোষণা দেন। একই সঙ্গে শুরু করেন প্রচার কার্যক্রমও। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পরবর্তী নির্বাচনের ১৮ মাস এবং ক্লিনটন ও ওবামা ১৯ মাস আগে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করে ওই বছরের ১৮ ফেব্রুয়ারিতেই নিজের প্রার্থিতা ঘোষণা করেন। অবশ্য ২০১৬ সালের নির্বাচনে তাঁর সংগৃহীত তহবিলের পরিমাণ দেখেই অনেকে অনুমান করেছিলেন যে, তিনি দ্বিতীয় মেয়াদেও নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। কারণ ওই বছরের ডিসেম্বরেই ট্রাম্পের নির্বাচনী প্রচার তহবিলে থেকে যাওয়া অর্থের পরিমাণ ছিল ১ কোটি ১০ লাখ ডলার।
২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনে প্রার্থিতা ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচার কার্যক্রমও শুরু করেন ট্রাম্প। ফ্লোরিডার মেলবোর্নে অনুষ্ঠিত এক সভায় এ প্রচার কার্যক্রম শুরু করেন তিনি। আনুমানিক নয় হাজার সমর্থক উপস্থিত ছিল সে সভায়। ক্ষমতায় থাকাকালে পুনর্নির্বাচনের জন্য এত তাড়াতাড়ি প্রচার আর কোনো প্রেসিডেন্ট শুরু করেননি। কিন্তু এত কিছুর পরও তাঁর পুনর্নির্বাচিত হওয়াটা নিঃসংশয় নয়।
ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন, তাহলে তা আমেরিকার রাজনীতির জন্য একটি রেকর্ড তৈরি করবে। ২০২০ সালে ট্রাম্প ক্ষমতায় গেলে আমেরিকার ইতিহাসে এই প্রথম টানা চার প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার রেকর্ড গড়বেন। তার আগের তিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের সুযোগ পেয়েছিলেন। অবশ্য, শুধু প্রার্থী হয়েই ট্রাম্প একটি রেকর্ড করে ফেলেছেন। ২০২০ সালে নির্বাচনের দিন ট্রাম্পের বয়স হবে ৭৪ বছর। ফলে রিপাবলিকান দলের প্রাইমারি পেরোতে পারলেই আমেরিকার সবচেয়ে বেশি বয়েসি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচিত হবেন তিনি।
ক্ষমতায় আসার পর থেকেই ভালো কাজের চেয়ে বেফাঁস মন্তব্য, আচরণ ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচিত হচ্ছেন ট্রাম্প। বিতর্ক কখনো তাঁর পিছু ছাড়েনি। সিরিয়া যুদ্ধে আল-কায়েদাকে শক্তি জোগানো, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, অভিবাসী ও শরণার্থী ঠেকাতে কঠিন ও অদ্ভুতুড়ে সব সিদ্ধান্তের জন্য ক্ষমতায় আসার পর থেকেই তিনি ব্যাপক সমালোচিত। সম্প্রতি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য সমালোচিত হচ্ছেন। অবশ্য ক্ষমতায় আসার আগে থেকেই তিনি ছিলেন বিতর্কিত। ক্ষমতায় আসার পর নানা বিতর্কিত সিদ্ধান্ত ও প্রশাসনিক অদক্ষতার কারণে তাঁকে আমেরিকার অন্যতম অসফল ও বিতর্কিত প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন জনমত জরিপে বিষয়টি একেবারে স্পষ্ট।
আমেরিকার প্রেসিডেন্টদের কাজের মূল্যায়নে অনলাইন জরিপের ব্যবস্থা রয়েছে, যা প্রেসিডেনশিয়াল অ্যাপ্রুভাল রেটিং নামে পরিচিত। এই রেটিংয়ে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অবস্থান বেশ নড়বড়ে বলা যায়। ২০১৯ সালের আগস্টে গ্যালাপ পরিচালিত এক জরিপের তথ্যমতে, ৩৯ শতাংশ আমেরিকান ট্রাম্পকে সমর্থন করে। তাঁর বিরুদ্ধে রয়েছে ৫৭ শতাংশ লোক। নিজ দলের সদস্যদের ৮৮ শতাংশের সমর্থন থাকলেও বিরোধী শিবির ডেমোক্র্যাটদের সমর্থন রয়েছে মাত্র ৩ শতাংশ। একই বছরের আরেকটি জনমত জরিপের তথ্য বলছে, ট্রাম্পের প্রতি ৪৬ শতাংশ আমেরিকানের সমর্থন রয়েছে। এটাই এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট, যদিও তা অন্য প্রেসিডেন্টদের তুলনায় অনেক কম।
ক্ষমতায় গ্রহণের বছরের ডিসেম্বরে পরিচালিত জরিপেই ট্রাম্পের অজনপ্রিয়তার প্রমাণ সুস্পষ্টভাবে পাওয়া গেছে। ২০১৭ সালের ডিসেম্বরে মাত্র ৩৫ শতাংশ লোকের সমর্থন ছিল তাঁর প্রতি। ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাঁর প্রতি জনগণের গড় সমর্থন হচ্ছে ৪০ শতাংশ। আমেরিকার সবাকে প্রেসিডেন্টদের গড় সমর্থন ছিল ৫৩ শতাংশ। এ ক্ষেত্রে ট্রাম্প শুধু এগিয়ে রয়েছে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার থেকে। ১৯৭৯ সালে জিমি কার্টারের প্রতি গড় সমর্থন ছিল ৩২ শতাংশ। এসব পরিসংখ্যান থেকেই তাঁকে আমেরিকার অন্যতম অসফল প্রেসিডেন্ট বলা যায়।
অন্য একটি জরিপের তথ্যমতে, অর্থনৈতিক বিষয়াদিতে ট্রাম্পের প্রতি জনগণের ৫৩ শতাংশ। শিক্ষায় এ সমর্থন ৪৪ শতাংশ, পররাষ্ট্রনীতিতে ৩৩-৪৩ শতাংশ এবং জাতিগত সম্পর্কের সিদ্ধান্তের ক্ষেত্রে ৩৪ শতাংশ লোকের সমর্থন রয়েছে।
সব মিলিয়ে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের অবস্থান খুব একটা শক্ত নয়। কিন্তু এও মনে রাখা জরুরি যে, ২০১৬ সালের নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্প অনেকটাই পিছিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগানটি ভালোভাবেই আমেরিকানদের গেলাতে পেরেছিলেন তিনি। দরজায় কড়া নাড়ছে আরেকটি নির্বাচন, সেখানে ট্রাম্প শেষ পর্যন্ত নির্বাচিত হতে পারেন কি না, তা সময়ই বলে দেবে।