ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন নীতি সুফলই দিচ্ছে!
প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন নীতি নিয়ে বিভিন্ন সময় নাগরিক অধিকার আন্দোলন ও মানবাধিকার কর্মীরা কঠোর সমালোচনা করেছেন। মার্কিন গণমাধ্যমগুলোতেও নানা সমালোচনার ঝড় উঠেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার মূলধারার গণমাধ্যমগুলো আমেরিকান জনগণের কাছে জানাচ্ছে অন্য তথ্য। ট্রাম্পের দাবিকেই সঠিক বলে মানছে এবং সেটিই তারা পাঠকদের কাছে তুলে ধরছে। গণমাধ্যমের নানা প্রতিবেদনে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হচ্ছে এই প্রজন্মের জন্য সবচেয়ে শক্তিশালী চাকরির বাজার সৃষ্টি করা যার মাধ্যমে মধ্যবিত্ত ও শ্রম-শ্রেণির আমেরিকানেো লাভবান হবে।
সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, শ্রমিকদের গত বছরের তুলনায় তিন শতাংশ মজুরি বৃদ্ধি পেয়েছে এবং বেশি আয়ের মানুষের তুলনায় নিম্ন আয়ের শ্রমিকদের দ্রুত মজুরি বৃদ্ধি পাচ্ছে। রিপাবলিকান পার্টির ব্যবসায়িক শাখা ট্রাম্পের ট্যাক্স হ্রাসকে এই মজুরি বৃদ্ধির কারণ হিসেবে দাবি করলেও ট্রাম্পের পপুলিস্ট বা জনপ্রিয় নীতিগুলো বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কম জনপ্রিয়, বিশেষত অভিবাসন সম্পর্কিত নীতি। যদিও এটাই ছিল শ্রমিকদের এক দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে বড় উত্থান দেখার একটি অন্যতম কারণ।
প্রেসিডেন্ট ট্রাম্প ‘বাই আমেরিকান অ্যান্ড হায়ার আমেরিকান’ (আমেরিকান কিনুন ও আমেরিকান ভাড়া করুন) শীর্ষক নির্বাহী আদেশ জারির মাধ্যমে মার্কিন শ্রমিকদের উচ্চতর মজুরি ও কর্মসংস্থানের হার তৈরি করার উদ্যোগ নিয়েছেন। ইমিগ্রেশন আইন কঠোরভাবে প্রয়োগ ও পরিচালনার মাধ্যমে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা রক্ষার চেষ্টা করছেন।
আমেরিকার গণমাধ্যমে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিকদের সুযোগ-সুবিধা দেওয়ার উদ্দেশ্যে অভিবাসন হ্রাস এবং আইন প্রয়োগের বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া ট্রাম্প প্রশাসন বহুল ব্যবহৃত এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রাম হ্রাস এবং অবৈধ অভিবাসীদের কর্মসংস্থানের ওপর কড়া নজর রাখছে, যাতে করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কম পারিশ্রমিকে অবৈধ অভিবাসীদের ব্যবহার করতে না পারে। এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রাম হ্রাস করার ফলে নিয়োগকর্তারা চাইলেই আর সস্তা শ্রম আমদানি করতে পারবেন না। ফলে, আমেরিকানদের কর্মসংস্থানের আরও সুযোগ বাড়বে।
করপোরেট কর প্রতিটি সংস্থার ব্যয় কাঠামোর একটি অংশ এবং অন্য কোনো ইনপুট ব্যয়ের মতো শেষ পর্যন্ত সেগুলো গ্রাহকদের প্রদান করতে হয়। করপোরেট করের হার ৩৫ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে করপোরেট আমেরিকা তাদের ব্যয় কাঠামোকে হ্রাস করেছে এবং লাভের সীমাকে আরও বিস্তৃত করছে। এই ব্যয় হ্রাস সংস্থাগুলোর পণ্যের দাম না বাড়িয়ে শ্রম ব্যয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। সুতরাং ট্রাম্প প্রশাসনের ট্যাক্স হ্রাস শক্তিশালী মজুরি লাভ ও অধিক কর্মসংস্থানের নিশ্চিত করতে খুব সফল হয়েছে বলে মনে করা হচ্ছে।