ড্রাম-এর আইনি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাধর ও শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আমেরিকার প্রতি আকর্ষণের কোনো সীমা নেই। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর অগণিত মানুষ আমেরিকার দরজায় কড়া নাড়ে। বর্তমানে দক্ষিণ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের যে ভিড় তৈরি হয়েছে, তার মূলে রয়েছে এই বিষয়টিই।
নিরাপত্তা, আর্থিক সচ্ছলতা, উন্নত জীবনমান—এমন নানা কারণেই আমেরিকার প্রতি আগ্রহী সবাই। এ কারণে যেকোনোভাবে আমেরিকায় প্রবেশ করতে পারলেই জীবন বর্তে যাবে, এমন ধারণা পোষণকারী মানুষের সংখ্যা অনেক। এই অনেক মানুষের দলে রয়েছেন বাংলাদেশিরাও। ফলে অনেক বাংলাদেশিই উপার্জনের সুনির্দিষ্ট কোনো আশ্বাস ছাড়াই আমেরিকায় আসেন। এমন অভিবাসীদের অনেকেই শেষ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে চাকরি জোগাতে বা নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন না। বাংলাদেশের মতোই আমেরিকাতেও এই মানুষেরা তখন আত্মপ্রকাশ করেন অতি-ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে। ফুটপাতের পাশে ছোটখাটো ব্যবসা করেই তাঁরা টিকে থাকেন। সব বাসিন্দার রুটিরুজির ব্যবস্থা করাটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু অভিবাসীদের প্রতি দিন দিন কঠোর হয়ে ওঠা মার্কিন প্রশাসন যেন এই দায়িত্বটা ভুলতে বসেছে। অবৈধ অভিবাসীদের বিতাড়নের যে হিড়িক এই প্রশাসন তুলেছে, তার ধাক্কায় সংকটে পড়ছেন বৈধ-অবৈধ নির্বিশেষে সব অভিবাসী। এমনকি গ্রিনকার্ডধারী কিংবা মার্কিন নাগরিকত্ব পেয়েছেন এমন অভিবাসীরাও রাষ্ট্রীয় এই কোপাণল থেকে বাদ যাচ্ছেন না। ঠিক এমন এক রাষ্ট্রীয় পদক্ষেপের শিকার হয়েছিলেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে বাউল দাদা হিসেবে পরিচিত সানোয়ার হোসেন।
আর দশজন বাংলাদেশির মতো ভাগ্যের অন্বেষণে প্রায় তিন যুগ আগে নিউইয়র্কে আসা সানোয়ার জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ফুটপাতে মুড়ি ও পান-সুপারির ব্যবসা করেন। দীর্ঘদিন আমেরিকায় থাকলেও কোনো এক অজানা কারণে তাঁর গ্রিনকার্ড হয়নি। হয়নি কোনো ভেন্ডার লাইসেন্স। কিন্তু হঠাৎ করেই বয়সের ভারে নুয়ে পড়া সানোয়ারের দোকানটি উঠিয়ে দেয় নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বাক্স-পেটরা ছুড়ে ফেলে দেয়। সব হারিয়ে পথে বসার অবস্থা তাঁর। এই ভয়াবহ পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ায় দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং (ড্রাম) নামের একটি সংগঠন। তাদের সহায়তায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি আদালত বাউল দাদার পক্ষে রায় দেন। আদালতের নির্দেশে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের কাছ থেকে সানোয়ার প্রায় ১ লাখ ৪৮ হাজার ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন।
ড্রামের সহযোগিতায় এখন সানোয়ারের মতো ক্ষতিগ্রস্ত হওয়া ফুটপাতের অতি-ক্ষুদ্র ব্যবসায়ীরা আদালতের শরণ নিচ্ছেন। তাঁরা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার হয়ে উঠেছেন। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে এ ধরনের প্রায় ৩০০ ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি সানোয়ারের মামলার মধ্য দিয়ে সামনে এসেছে। অভিবাসী অধিকার আদায়ের ক্ষেত্রে তাই সানোয়ারের এই মামলা একটি বড় পদক্ষেপ।
নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে সানোয়ার হোসেনের মামলাটির রায় মানুষের প্রতি রাষ্ট্রের মানবিক হওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিই সামনে এনেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের সামনে এনেছে প্রাপ্য অধিকারের প্রসঙ্গটি। এ ক্ষেত্রে ড্রাম নামের সংগঠনটি অনেক বড় কাজ করেছে। অনগ্রসর ও অধিকারবঞ্চিত মানুষের পক্ষে সংগঠনটি এভাবে নিরন্তর কাজ করে যাবে-এটাই প্রত্যাশা। একই সঙ্গে অধিকার আদায়ের লড়াইয়ে প্রতিটি মানুষ সোচ্চার হয়ে উঠুক।