ড্রিমলাইটারশপ ডটকমের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিমলাইটারশপ ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
ড্রিমলাইটারশপ ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

‘পণ্য বিপণন ও সেবার মাধ্যমে মানবতার কল্যাণ’ প্রতিপাদ্য নিয়ে চালু হয়েছে ‘ড্রিমলাইটারশপ ডটকম’ নামের নতুন একটি ই-কমার্স সাইট। জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় ২৬ মে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডি এম সবুজ বলেন, ‘প্রচলিত ই-কমার্স বা অনলাইনভিত্তিক গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ড্রিমলাইটার। পণ্য ও সেবার মাধ্যমে অর্জিত লভ্যাংশ দিয়েই সমাজের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। প্রায় ৫০ হাজার পণ্যের সমারোহ নিয়ে যাত্রা করছে ড্রিমলাইটার।’

উদ্যোক্তারা জানিয়েছেন, ড্রিমলাইটার একটি অলাভজনক সংস্থা। এটি ২০০৮ সালে বাংলাদেশে যাত্রা করে। অলাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি আমেরিকায় যাত্রা করে ২০১৭ সালে, যার সদর দপ্তর নিউইয়র্কে। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারত ও নেপালেও এর কার্যক্রম সম্প্রসারিত করছে। বিশ্বের ১৫টির বেশি দরিদ্র দেশে নিবন্ধিত হওয়ার মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ড্রিমলাইটার দুস্থ শিশুদের গৌরবময় জীবন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী, নারীর ক্ষমতায়নসহ নানা বিষয়ে বিশ্বজুড়ে কল্যাণমূলক প্রকল্প নিয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে ডি এম সবুজ বলেন, তাঁদের সহযোগী প্রতিষ্ঠান ড্রিমলাইটার চাইল্ড হ্যাভেনের মাধ্যমে দুস্থ শিশুদের জন্য খাদ্য ও পুষ্টি, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মজীবন নিশ্চিতে কাজ করছে। এই প্রকল্পের আওতায় বর্তমানে বাংলাদেশে ১০টি স্কুলে পাঁচ শতাধিক শিশুকে পড়াশোনা করানো হচ্ছে। এ প্রকল্পের আওতায় আরও ১০টি স্কুল বর্তমানে বাস্তবায়নাধীন। জলবায়ু সংকট সমাধানে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তি উৎস নিয়ে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে একটি আন্দোলন গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তাই এটি জমি, বায়ু, পানি ও নবায়নযোগ্য সম্পদ সংরক্ষণ করে একটি সর্বজনীন প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লিঙ্গবৈষম্য নিরসন করে নারীর ক্ষমতায়ন এবং সমতা ও ভারসাম্য প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হচ্ছে। ড্রিমলাইটার শুধু স্বপ্নই নয়, বরং বিশ্বজুড়ে সবার কাছে ঘনিষ্ঠ হওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। ড্রিমলাইটার অনুদানের মাধ্যমে উপার্জিত অর্থ সংগ্রহ না করে নিজস্ব একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে উপার্জিত অর্থ থেকে তহবিল গঠন করে। এর আওতাভুক্ত প্রতিষ্ঠানের মধ্য রয়েছে ড্রিমলাইটার ইনস্যুরেন্স ও ড্রিমলাইটার ট্রাভেল অ্যান্ড ট্যুরস কোম্পানি। কোম্পানি দুটি ২০১৮ সালে যাত্রা করে সাফল্যের সঙ্গে ব্যবসা করছে। ড্রিমলাইটার বিল্ডার্স ও ড্রিমলাইটার লজিস্টিকস সার্ভিসের কাজও শুরু হবে অচিরেই। এরই ধারাবাহিকতায় ড্রিমলাইটার শপ ডটকম নামের এ আন্তর্জাতিক ই-কমার্স সাইট প্রায় ৫০ হাজার পণ্য নিয়ে আমেরিকা, কানাডা, লন্ডন ও অস্ট্রেলিয়ায় যাত্রা করেছে। খুব শিগগিরই দেশভিত্তিক চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ই-কমার্স সাইট চালু করা হবে। ড্রিমলাইটার ক্রেতাকে ক্রেতা নয়, দাতা বলতেই স্বচ্ছন্দ বোধ করে। কারণ, ক্রেতার কাছ থেকে পাওয়া লভ্যাংশ থেকেই ড্রিমলাইটার তার প্রকল্প পরিচালনা করে।