ড্রিমার আবেদন পুনরায় শুরু করতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রকল্পে ড্রিমারদের (কাগজপত্রহীন বাবা মায়ের সন্তানরা) আবেদন পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন এক ফেডারেল আদালত। প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে নিয়োগপ্রাপ্ত ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার বিচারপতি জন ব্যাটস তাঁর আদেশে ড্রিমার ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থানকে বৈধতা দেননি। আদেশে ‘এই প্রকল্প যে আইনসম্মত নয়, তার ব্যাখ্যা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে’ বলে দাবি করা হয়েছে। ড্রিমারদের আবেদন আবারও শুরুর জন্য আদেশে সরকারকে আরও ৯০ দিন সময় দেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
আমেরিকায় ড্রিমারদের সংখ্যা প্রায় আট লাখ। এরা অনেক ছোটবেলায় মা-বাবার সঙ্গে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই আমেরিকায় পাড়ি জমিয়েছিল। এদের পুনর্বাসনের জন্য এবং মূলধারায় সম্পৃক্ত করতে প্রেসিডেন্ট বারাক ওবামা ডাকা প্রকল্পটি চালু করেছিলেন। এর মধ্য দিয়ে তারা আমেরিকায় কাজের বৈধ অনুমতি পত্র, কর পরিশোধের সুযোগ এবং নির্দিষ্ট মেয়াদের পর মার্কিন নাগরিকত্ব অর্জনের সুযোগপ্রাপ্ত হচ্ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত অনেক তরুণও এই প্রকল্পের সুবিধার আওতায় আমেরিকায় পড়াশোনা করছে এবং বৈধ আমেরিকান জীবনের স্বপ্ন দেখছে। এসব তরুণ মার্কিন জীবনধারার সঙ্গে মিশে গিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ড্রিমার প্রকল্পকে আমেরিকার স্বার্থবিরোধী বলে বক্তব্য দিয়ে আসছিলেন। আর ক্ষমতায় আসার বেশ কিছুদিনের মধ্যে ডাকা বাতিলে নির্বাহী আদেশ জারি করেন। এ নিয়ে সমালোচনা আর ক্ষোভ জোরালো হলে এই প্রকল্প পুনর্বহালকে একটি রাজনৈতিক সুবিধা আদায়ের দাবার ঘুঁটি

হিসেবে ব্যবহারের চেষ্টা করেন ট্রাম্প। তাঁর প্রস্তাবিত সীমান্তে দেয়াল নির্মাণে অর্থছাড়ে ডেমোক্র্যাটদের সমর্থন চেয়ে তিনি ড্রিমারদের ব্যাপারে ছাড় দেওয়ার ঘোষণা দেন।
কয়েক মাস আগে গভর্নমেন্ট শাটডাউন বা সরকার পরিচালনায় অর্থছাড়ের দেন-দরবারের সময়ে এই ড্রিমারদের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করা-না করা নিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়। সে সময়ে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থছাড়ে ডেমোক্র্যাটদের ভোট চান ট্রাম্প। একই সঙ্গে সমর্থন না পেলে ড্রিমার প্রকল্পে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। তবে সীমান্তে দেয়াল নির্মাণ প্রশ্নে কোনো ছাড় দেয়নি ডেমোক্রেটিক দল। এ কারণে নির্বাহী আদেশটি-ই এখনো কার্যত বহাল আছে। এবার আদালতের নির্দেশের মাধ্যমে ওই নির্বাহী আদেশকে আইনসম্মত নয় বলে উল্লেখ করে ড্রিমার আবেদন আবারও চালুর জন্য সময় বেঁধে দিলেন আদালত।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল বিচারপতির এই আদেশের পর সকারের আইন ও বিচার দপ্তর জানিয়েছে, সরকার এখনো তাদের অবস্থানকে যৌক্তিক মনে করে। এ নিয়ে আইনি লড়াই চালাবে সরকার। ২৫ এপ্রিল হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে মুখপাত্র সারা হ্যাচব্যাক মন্তব্য করেন, ‘যারা অবৈধ পথে মানুষ প্রবেশে সাহায্য করে, সেই সব ব্যক্তি এবং সংগঠনের জন্য এটা ভালো সংবাদ। তবে আমেরিকার নিরাপত্তার জন্য এই রায় দুঃসংবাদ হয়ে এসেছে।’
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিচারক সরকারের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরকে ৯০ দিন সময় দিয়ে আবারও নতুন আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই ৯০ দিনের মধ্যে যদি তারা ‘ড্রিমার বাতিলে দেওয়া নির্বাহী আদেশ আইনসম্মত’ প্রমাণে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই সরকারকে নতুন ড্রিমারদের তরফে নতুন আবেদন গ্রহণ করতে হবে। এই রায়কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য আরও একটি আইনি পরাজয় বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।
এর আগে ব্রুকলিন ও সান ফ্রান্সেসকোর ফেডারেল বিচারপতি একই ধরনের রায় দিয়েছিলেন। সেই রায়ে ডাকা প্রকল্প আগের মতোই বৈধ বলে মন্তব্য করা হয়েছিল। তবে ওই দুই রায়ে ড্রিমারদের তরফে নতুন আবেদন গ্রহণের বিষয়ে সরকারকে নির্দেশনা দেওয়া হয়নি। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার বিচারকের দেওয়া এবারের রায় এখানেই ব্যতিক্রম।