ঢাকা ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্টকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিরা
সংবর্ধনা অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিরা

বাংলাদেশের সবচেয়ে পুরোনো ক্রেডিট ইউনিয়ন ‘দি ক্রিস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট বাবু মার্কুস গোমেজকে সংবর্ধনা জানালেন নিউইয়র্কের প্রবাসী বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
২ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ গোমেজ। এ সময় অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাইমন গোমেজ, আগাথা দীপ্তি গোমেজ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বাবু মার্কুস গোমেজকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সংগঠনের সভাপতি দিলীপ গোমেজ, সাবেক সভাপতি সাইমন গোমেজ ও আগাথা দীপ্তি গোমেজসহ সবাই বাংলাদেশের মানুষের সার্বিক কল্যাণে বাবু মার্কুস গোমেজের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বাবু মার্কুস গোমেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সবাইকে দেশে ও প্রবাসে সব মত, পথ ও বিশ্বাসের মানুষের জন্য কাজ করতে বিশেষ অনুরোধ করেন। তিনি বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করবার আহ্বান জানান।
বাবু মার্কুস বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের বর্তমান সময়ের জন্য একটি বড় চ্যালেঞ্জে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের পাশে দাঁড়াবার জন্য বাংলাদেশের খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করলে দেশের সব দল ও সংগঠন তাদের সমর্থনে এগিয়ে আসে। এ রকম মানবিক দুর্দশাতে তাদের সংগঠন সব সময় এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও একইভাবে আসবে।
ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে বাবু মার্কুস বলেন, ৬২ বছর আগে প্রতিষ্ঠিত ক্রেডিট ইউনিয়ন মাত্র কয়েকজন সদস্যের ২৫ টাকা নিয়ে যাত্রা শুরু করেছিল। আজ তার সদস্য সংখ্যা চল্লিশ হাজারের বেশি। মূলধন প্রায় ছয় শ কোটি টাকা। তিনি আরও জানান, ব্যাংক ব্যর্থ হয় তখন ক্রেডিট ইউনিয়ন এগিয়ে আসে।
প্রবাসে থেকেও বাংলাদেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে প্রবাসের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান বাবু মার্কুস গোমেজ।