ঢাকা ড্রামার বিশ্ব নাট্য দিবস উদ্যাপন

নিউইয়র্কের নাট্যদল ঢাকা ড্রামার আয়োজনে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় পিএস ১১২, এলিমেন্টারি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল এক নাট্যোৎসব। প্রতি বছর দুনিয়াজুড়ে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের উদ্যোগে ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদ্যাপিত হয়।
১৯৯৬ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত নাট্যদল ঢাকা ড্রামা ১৯৯৭ সাল থেকে দিনটিকে আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করছে। লং আইল্যান্ড সিটির পিএস ১১২, এলিমেন্টারি স্কুল মিলনায়তনে পাঁচটি নাট্য পরিবেশনা উপস্থাপিত হয়। ড. নজরুল ইসলাম রচিত, নির্দেশিত ও অভিনীত নাটক ‘উল্টোরথ’ উপস্থাপন করে নিউইয়র্কের শৌখিন নাট্যদল বুয়েটিয়ান থিয়েটার। পরে গার্গী মুখোপাধ্যায়ের ধারণাকল্প ও রচনায় ডানা ওয়েইনার এবং গার্গী মুখোপাধ্যায়ের যৌথ পরিবেশনায় ছিল ‘ডিসপ্লেসড সোলস’। গার্গী মুখোপাধ্যায়ের অভিনয়ের সঙ্গে ডানা ওয়েইনারের পাশ্চাত্য নৃত্য কম্পোজিশন মিলে পরিবেশনাটি দর্শকদের কাছে নাট্য পরিবেশনার ভিন্নতর স্বাদ দেয়।
পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্যকার তুলসী লাহিড়ীর নাটককে রূপান্তর করে নিউইয়র্কবাসী নাট্যজন মুজিব বিন হকের নির্দেশনায় বাংলা থিয়েটার পরিবেশন করে ‘দলভারি’। নিউইয়র্কের বাফা পরিবেশন করে অনুপ কুমার দাস নির্দেশিত রবীন্দ্রনাথের ‘চণ্ডালিকা’র অংশবিশেষ। সবশেষে ছিল ঢাকা ড্রামার নিজস্ব প্রযোজনা জিয়া হায়দার রচিত নাটক ‘স্মৃতি ৭১’। এই নাটকের গল্পভিত্তি রাজাকার আর আলবদরের নৃশংসতার শিকার শহীদ ড. আলীমের স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরীর স্মৃতিচারণ। যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট নাট্যজন গোলাম সারওয়ার হারুনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ঢাকা ড্রামার নিয়মিত অভিনেতা-অভিনেত্রী এজাজ, সুমি, আশরাফ, বসুনিয়া, মনির, জেফ, কাজল ও নতুন মুখ রেশমা। মূল চরিত্রে অভিনয় করেছেন ঢাকা ড্রামার নতুন সদস্য বাংলাদেশের টিভি ও মঞ্চের পরিচিত মুখ শিরীন বকুল। সামগ্রিকভাবে পরিবেশনাটি দর্শকদের দ্বারা সমাদৃত হয়েছে।
মোমবাতি জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশের বিশিষ্ট নাট্যাভিনেত্রী রেখা আহমেদ। ঢাকা ড্রামার পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন গোলাম সারোয়ার হারুন। বিশ্ব নাট্য দিবসের ঘোষণাপত্র পাঠ করেন বসুনিয়া। নাট্যাভিনয়ের মাঝে মাঝে নাটক সম্পর্কে বক্তব্য দেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ফেরদৌস, বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ ও প্রাবন্ধিক আহমাদ মাযহার।