ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে এনওয়াইপিডি কর্মকর্তাদের সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রতিনিধিরা। তিন অক্টোবর মঙ্গলবার ঢাকার ডিএমপি কার্যালয়ে এ সাক্ষাতে এনওয়াইপিডি প্রতিনিধি অ্যান্ড্রু কামেরাচেকাবচি এবং স্ফাইস ক্যাপানো উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহযোগিতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আমেরিকার পুলিশ কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছিলেন।
সাক্ষাতে অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ ও আমেরিকান পুলিশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে উভয়ের সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে কথা হয়েছে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, অংশীদারত্বের মাধ্যমে পুলিশ সার্ভিসকে এগিয়ে নেওয়া, পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা দেওয়াসহ সার্বিক নিরাপত্তা ও কর্মপরিকল্পনার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। সাক্ষাৎ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আগত প্রতিনিধিদের ডিএমপির শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।