ঢালাও আড়ি পাতার ক্ষমতা হারাল এনএসএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নাগরিকদের ফোনে আড়ি পাতা-সংক্রান্ত ফ্রিডম অ্যাক্ট বিল মঙ্গলবার মার্কিন সিনেটে পাস হওয়ার পর সেদিনই প্রেসিডেন্ট বারাক ওবামা তাতে সই করেছেন। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। বিতর্কিত প্যাট্রিয়টিক অ্যাক্টের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারার মেয়াদ শেষ হওয়ার মাত্র দুদিন পরই চালু হলো এই আইন। খবর এএফপি ও বিবিসির।
সিনেটে ফ্রিডম অ্যাক্টের পক্ষে ৬৭ ও বিপক্ষে ৩২টি ভোট পড়ে। এই বিলে সই করার কিছু আগে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘শেষমেশ সিনেট ইউএসএ ফ্রিডম অ্যাক্ট পাস করেছে। এ জন্য কৃতজ্ঞতা। এর মধ্য দিয়ে ব্যক্তির স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা রক্ষা পাবে।’ ওবামা আরও বলেন, ‘দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এই হাতিয়ার জাতীয় নিরাপত্তা কর্মীদের হাতে আবার শিগগিরই তুলে দেবে আমার সরকার।’
নতুন আইন অনুযায়ী, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়, এমন লাখো মার্কিন নাগরিকের টেলিফোন নম্বর, টেলিফোনে কথোপকথনের সময় ও তারিখসহ নানা তথ্য ঢালাও সংরক্ষণের ব্যাপারে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ক্ষমতা রহিত করা হয়েছে। এর বদলে এখন থেকে টেলিফোন ও ইন্টারনেট কোম্পানির পক্ষ থেকে এসব তথ্য সংরক্ষণ করা হবে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয়ে তথ্য পেতে হলে গোয়েন্দা সংস্থাগুলোর সন্ত্রাসবাদবিরোধী আদালতের পরোয়ানা নিয়ে আসতে হবে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার সন্ত্রাসী হামলার পর ফোনে আড়ি পাতা শুরু করে এনএসএ। ২০১৩ সালে সংস্থাটির সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন নাগরিকদের ফোন ছাড়াও দেশ-বিদেশে আড়ি পাতার বিষয়ে হাটে হাঁড়ি ভেঙে দেন। এতে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘনের এ ঘটনায় মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রেসিডেন্ট ওবামা নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে নতুন আইন পাসের উদ্যোগ নেন।
নতুন বিলটি পাসের আগে আগে স্নোডেন বলেন, ফোনে ঢালাও আড়ি পাতা বন্ধের এই উদ্যোগ যথেষ্ট না হলেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বড় বড় ইন্টারনেট প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন এই আইন সম্পর্কে বলা হয়েছে, এর মধ্য দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা বড় ধরনের বিজয় লাভ করেছেন।
প্যাট্রিয়টিক অ্যাক্টের যেসব বিতর্কিত ধারায় নাগরিকদের ফোনে আড়ি পাতা ও তথ্য সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়েছিল, তার মেয়াদ রোববার স্থানীয় সময় রাত ১২টায় শেষ হয়। মার্কিন সিনেটে রোববার মতৈক্য না হওয়ায় এর মেয়াদ নবায়ন সম্ভব হয়নি। এর দুদিন পর ফ্রিডম অ্যাক্ট পাস করা হলো।
নাগরিকের ওপর আড়ি পাতার বিষয়ে এনএসএর ক্ষমতা কমে গেলেও বিদেশি পর্যটক এবং বিদেশে যাওয়া মার্কিনদের ফোনে আড়ি পাতার ক্ষমতা আগের মতোই থাকছে।