তথ্য ফাঁস করায় সাবেক সিআইএ প্রধানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড পেট্রাউস
ডেভিড পেট্রাউস

সামরিক বাহিনীর গোপন তথ্য-উপাত্ত ফাঁস করার ঘটনায় জরিমানা করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউসকে। একই সঙ্গে দুই বছর পর্যবেক্ষণের আওতায় থাকতে হবে মার্কিন সামরিক বাহিনীর সাবেক এই প্রশংসিত চার-তারকা জেনারেলকে। খবর বিবিসির।
২০১২ সালে সিআইএ প্রধানের পদ ছাড়েন পেট্রাউস। নিজের জীবনীকার পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার খবর প্রকাশ পাওয়ার পর ওই পদক্ষেপ নেন তিনি। এই ব্রডওয়েলের কাছেই পেট্রাউস সামরিক বাহিনীর গোপন তথ্য-উপাত্ত প্রকাশ করেন।
২০০৭ সালে ইরাকে কৌশলগত কারণে সেনাসংখ্যা বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া এবং আফগানিস্তানে ন্যাটো বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালনকারী পেট্রাউস দুই মাস আগে সরকারি কৌঁসুলিদের কাছে ব্রডওয়েলকে সংবেদনশীল তথ্য-উপাত্ত দেওয়ার কথা স্বীকার করেন।
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহরে কেন্দ্রীয় সরকারের এক আদালতে পেট্রাউসের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। আদালত তাঁকে দুই বছর পর্যবেক্ষণে রাখার পাশাপাশি এক লাখ মার্কিন ডলার জরিমানা করেন। কৌঁসুলিরা দুই বছর পর্যবেক্ষণে রাখা ও ৪০ হাজার ডলার জরিমানার সুপারিশ করেছিলেন। কিন্তু ‘অপরাধের গুরুতর মাত্রার প্রতিফলন ঘটাতে’ বিচারক ডেভিড কেসলার জরিমানার অঙ্কটা বাড়িয়ে দেন।
সাজা ঘোষণার আগে আদালতে হাজির হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান পেট্রাউস।