শ্রীলঙ্কার গৃহযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে দেশটির ক্ষমতাসীন সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এ জন্য আগামী মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে প্রস্তাব তুলবে ওয়াশিংটন। গত বুধবার কলম্বো সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এ কথা জানান।
গত সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে পশ্চিমা প্রভাবপুষ্ট রনিল বিক্রমাসিংহে জয়ী হন। আর এটিই শ্রীলঙ্কা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মনোভাবের বিশাল পরিবর্তনের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছরই শ্রীলঙ্কার গৃহযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের আন্তর্জাতিক তদন্ত করার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
২০০৯ সালে শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) বিরুদ্ধে কঠোর অবস্থান নেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। জাতিসংঘের হিসাবে, ওই সময় দেশটির সেনাবাহিনীর নির্বিচার গোলাবর্ষণের ফলে অন্তত ৪০ হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারায়।