তদন্তে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তিনি। খবর এএফপি, এনডিটিভি ও ডনের।
এ হত্যার ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দেওয়া এক প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি দল লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইশাক এবং তাঁর সহযোগীদের হত্যার সঙ্গে খানজাদার মৃত্যুর যোগসূত্র রয়েছে। পুলিশের মহাপরিদর্শক মুশতাক শুখেরা বলেন, প্রথমত ‘সুইসাইড জ্যাকেট’ দিয়ে এত বড় আকারের হামলা চালানো সম্ভব নয়। তাই আত্মঘাতী হামলাকারী দুজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে একটি বাছুরের মাথা পাওয়া যাওয়ায় কোনো প্রাণীকে এ হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের আসামি করে রাষ্ট্রের পক্ষে একটি এফআইআর দাখিল করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা অধ্যাদেশের ১৬ নম্বর ধারা এবং বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনে গতকাল সোমবার সকালে এফআইআর দাখিল করেন এক পুলিশ কর্মকর্তা।