ওয়াশিংটনে ২৬ বছর বয়সী ভারতীয় তরুণকে গুলি করে হত্যার ঘটনার তদন্তে ভারত মার্কিন তদন্তকারী সংস্থগুলোকে সহায়তা করছে। আজ শনিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। খবর এনডিটিভির।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে একটি গ্যাস স্টেশনের স্টোরে মুখোশ পড়া সশস্ত্র দুই ডাকাত বিক্রম জারিয়াল নামের ওই তরুণকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। বিক্রমের বাড়ি পাঞ্জাবের হোশিয়ারপুর এলাকায়। তিনি ওই স্টোরে কাজ করতেন।
স্টোরটিতে যখন ডাকাতি হয় তখন বিক্রম কাউন্টারের পেছনে অবস্থান করছিলেন। পুলিশ বলছে, জারিয়াল সন্দেহভাজন এক ডাকাতের কাছে অর্থ তুলে দেন। এরপরও আরেক ডাকাত তাঁকে গুলি করে। হাসপাতালে ভর্তির পর বিক্রম মারা যান।
সুষমা স্বরাজ টুইট বার্তায় বলেন, ‘তদন্তকারী সংস্থাগুলোকে আমরা সহায়তা করছি। তারা সিসিটিভি ফুটেজ পেয়েছে। দোষীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’