তবু কেন মায়ার টান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষটা হুট করে বিছানার পাশে এসে দাঁড়ালেন। আমি তখন যমদূতের সঙ্গে লড়াই করছি মাউন্ট সিনাই হাসপাতালের নয় নম্বর ফ্লোরের ২১৬ নম্বর বেডে। মানুষটিকে চিনতে কষ্ট হলো। বললাম, আপনি কে? তিনি বললেন, আমাকে চিনতে পারছেন না? আমার প্রথম আলোতে আপনার সঙ্গে পরিচয়।
আমি তখনো চিনতে পারিনি। তিনি অনেকক্ষণ পাশে বসে রইলেন। আমার শারীরিক অসুস্থতার খবর নিলেন। তারপর বললেন, ‘রিতা। আপনার জন্য আমি ও আমরা সবাই খুব দোয়া করছি। আপনি ইনশা আল্লাহ সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের যত্ন নেবেন।’
যে মানুষটি একদিন আমার বেঁচে থাকার জন্য দোয়া করলেন, আজ সেই মানুষটার ফুটফুটে তরুণ সন্তানটির বেঁচে থাকার জন্য আমি দোয়া করতে পারিনি। কি নির্মম! কি স্বার্থপর আমি!
মানুষটি যখন বুক চেপে কান্নায় ভেঙে পড়ে বলেন, রিতা! আপনি লিখেছেন আমার ছেলেকে নিয়ে ‘মাই বয় ইজ হাঙরি’! সহ্য হয় না। আমি কি করব? আমার কেমন লাগে!
তখন বুকের ভেতর কোথায় যেন কী ভেঙে যায়! কিছু একটা দাপিয়ে বের হয়ে যেতে চায়! হৃৎপিণ্ড নাকি কষ্ট, ঠিক বুঝতে পারি না।
মাহবুব রহমান। সদ্য প্রয়াত তরুণ মারজান রহমানের বাবা। সন্তানের জানাজা শেষেও এই বাবা মনে করেন, এটি একটা দুঃস্বপ্ন। হন্যে হয়ে ছুটছেন এর কাছে, ওর কাছে। কোথায় গেলে কার কাছে গেলে ছেলে তার ফিরে আসবে, ভেবে পান না। মৃত্যুর ঠিক তিন দিন পর সন্তানের জন্মদিন। অসহায় বাবা খুঁটিয়ে দেখছেন কাঁধে হাত দেওয়া সন্তানের ছবি। পরিধেয় জামা, জুতো, ল্যাপটপ আর রেখে যাওয়া কফির কাপটি। ভাগ্যের একি পরিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ!
মারজান রহমান। ২৫ বছরের বাচ্চাটা হুট করেই চলে গেল। যাওয়ার আগে মাকে ফোন করে বলেছিল, ‘মাম! আই উইল বি লেইট’। মা জানতেন না, ছেলে তার চিরস্থায়ী লেইট হবে। উষা রহমান তার মা। সন্তান হারিয়ে চোখ দুটি যেন তার আজ দানিউবের পানির স্রোতে পরিণত হয়েছে। কাছে যেতেই হাত ধরে বললেন, ‘তুমি লিখেছ রেজওয়ানকে নিয়ে? মারজান, মারজান! আমার ছেলে। ওকে লিখবা ওকে লিখবা...’!
উত্তেজনা থামিয়ে পরক্ষণেই মুখটা চুপসে গেল তার! বলল, ‘মাই বয় ইজ হাঙরি! মাই বয় ইজ হাঙরি!’
আহ! এও কি সহ্য হওয়ার কথা! যক্ষের ধন! তার নাড়ি ছেঁড়া ধন মারজান। মায়ের বুক শূন্য করে চলে গেল। বাচ্চাটাকে কখনো ছুঁয়ে দেখিনি। কথাও বলা হয়নি তার সঙ্গে। তবু ভেতরটায় কেমন যেন লাগে, ঠিক বোঝাতে পারি না। কষ্টগুলো গলা চেপে ধরে। নিশ্বাস নিতে পারি না। তিনি তো গর্ভধারিণী মা। দশ মাস দশ দিন পেটে ধরেছেন। এই মা কেমন করে শূন্য বুক হাতড়িয়ে বাঁচবেন, তা কেবল সৃষ্টিকর্তাই জানেন। এও কি মেনে নেওয়া যায়!
মানুষ মরণশীল। গুরুজনেরা বলেন, যিনি জীবনের মালিক, তিনিই নিয়ে যাওয়ার মালিক। আমাদের কিছু করার নেই। গুরুজনেরা সত্য বলেন। তবে মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে, যদি জীবনের মালিক তিনিই হন, যখন-তখন নিয়ে যাওয়ার অধিকারও তিনিই রাখেন, তবে মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ির এই বাঁধন, বাবার সঙ্গে মায়ার এই বন্ধন; তিনি কেন দিলেন? না দিলেও পারতেন!
গুরুজনেরা আরও বলেন, আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। সেই বিশ্বাসেই আমরা মেনে নিই এত সব কষ্ট। হয়তো মায়ের বুক, বাবার বুক শূন্য করে চলে যাওয়া আমাদের মারজান উত্তম কোন অবস্থানে থাকবে। আমরা শুধু আল্লাহর কাছে ভুল–ত্রুটি ক্ষমা চেয়ে মারজানের জন্য জান্নাত কামনা করতে পারি। সন্তান হারানোর এই ক্ষত, শুকোবার নয়। তবু মারজানের বাবা-মায়ের মনকে শান্ত করতে, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি।
মারজান। তুমি ভালো থেকো। তোমাকে আল্লাহ পাক জান্নাত দান করুন। আমিন।