তবু মার্কিনদের আর্থিক অনিশ্চয়তা কাটছে না
টানা এক বছরের বেশি সময় থেকে চলমান করোনা মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সংগ্রাম চলমান থাকলেও অর্থনীতির সূচকে ইতিবাচক অবস্থান আশাবাদী হয়ে উঠেছে। চলতি বছরের প্রথম তিন মাসে অর্থনীতিতে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। আগের বছর একই সময়ে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ।
মার্কিন অর্থনীতিবিদরা আশা করছেন, চলতি বছরের তিন মাসে (এপ্রিল থেকে জুন) প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে এবং সাম্প্রতিক ইতিহাসে প্রথমবারের মতো পুরো বছরের প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি হওয়ার সম্ভব বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গড় জাতীয় উৎপাদনশীলতাও মহামারি শুরু হওয়ার আগের অবস্থায় প্রায় ফিরে গেছে। এ গ্রীষ্মের মধ্যেই পুরোপুরি মহামারি পূর্ব অবস্থায় উৎপাদনশীলতা ফিরে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
মার্কিন ইকোনমিক অ্যানালাইসিস ব্যুরো বলছে, বছরের প্রথম তিন মাসে জাতীয় প্রবৃদ্ধির ঊর্ধ্ব সূচক অর্থনীতি পুনরুদ্ধারের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষণে বলে হয়েছে, মহামারি অবস্থা থেকে স্থাপনাগুলো বেরিয়ে আসছে এবং সরকার কোভিড-১৯ সংক্রান্ত বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কারণেই এমন ঘটছে।
করোনায় লকডাউনের সময় উল্লেখযোগ্য সংখ্যক কর্মজীবী ঘরে বসে কাজ করায় পরিস্থিতি আরও নাজুক হওয়া থেকে রক্ষা পেয়েছে। পর পর তিনটি নাগরিক প্রণোদনা পাওয়ার কারণে লোকজনের আপাত কিছু সঞ্চয় করাও সম্ভব হয়েছে।
নাগরিক প্রণোদনার অর্থ এবং ভ্রমণ ও অন্যান্য বিনোদনের খাতে ব্যয় সংকোচনের কারণে মার্কিন বহু পরিবারের হাতে এখন নগদ অর্থ রয়েছে। এর মধ্যে ট্যাক্স রিফান্ডের অর্থ যোগ হওয়ায় পরিবার প্রতি নগদ অর্থের সঞ্চয় বেড়েছে। ক্রমশ উন্মুক্ত হওয়া অর্থনীতিতে নগদ অর্থের প্রবাহ বেড়ে চাঞ্চল্য ফিরে আসছে বলে মনে করা হচ্ছে।
মার্কিন আবাসন শিল্প হঠাৎ করেই জমজমাট হয়ে উঠেছে। হাতে নগদ অর্থ থাকার কারণে এবং ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে গৃহ ঋণের সুদ থাকার কারণে এখন বাড়ি বিক্রিতেও রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই বাড়ি বিক্রি করতে গিয়ে প্রত্যাশিত মূল্যের চেয়ে বেশি মূল্য পাচ্ছেন।
আবাসন খাতের এ চাঞ্চল্য অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাড়ি বেচা কেনা হলে নির্মাণকাজ বেড়ে যায়, গৃহ সামগ্রী কেনা বেচাও বাড়ে। মেরামত ও সংস্কারের জন্য কর্মীদের ব্যাপক কাজের সুযোগ সৃষ্টি হয়। গত মার্চের তথ্য অনুযায়ী, বিক্রির জন্য রাখা ৮৮ শতাংশ বাড়ি দুই মাসের কম সময়ের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে।
মার্কিন অর্থনীতির আরেকটি অন্যতম সূচক স্টক মার্কেটের ওঠানামা। এ পর্যন্ত স্টক মার্কেটের সূচক ঊর্ধ্বমুখী থাকতে দেখা গেছে। লোকজনের হাতে নগদ অর্থ থাকায় অনেকেই স্টক মার্কেটে বিনিয়োগ করছেন। তবে এমন বাস্তবতার মধ্যেও কোনো কোনো অর্থনীতিবিদ নিকট ভবিষ্যতে মন্দার আশঙ্কা করছেন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়েও অর্থনীতিবিদদের মধ্যে চিন্তা বিরাজ করছে। ২০২১ সালে দ্রব্য মূল্য ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর এই হার ছিল ১ দশমিক ৭ শতাংশ।
ফ্রাঙ্কলিন অ্যান্ড মার্শাল কলেজের অর্থনীতির অধ্যাপক ইয়েভা নারসিসিয়ান বলেছেন, মহামারির মধ্য দিয়ে চলমান অর্থনীতিতে এমন উল্টাপাল্টা অবস্থা প্রত্যাশিত। মহামারির কবলে না পড়লেও যুক্তরাষ্ট্রে দ্রব্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি একটি সরলরেখায় থাকার সুযোগ ছিল। মহামারির মধ্য দিয়ে চলমান থাকার কারণেই বাজার মূল্যের এমন লাফিয়ে বেড়ে যাওয়া দেখা যাচ্ছে বলে তিনি মনে করেন।
অর্থনীতি ঘুরে দাঁড়ানোর এ সংবাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অধিকাংশ লোকজনের মধ্যে এখনো অর্থনৈতিক নিরাপত্তাহীনতা কাজ করছে। ট্রান্স ইউনিয়ন নামের একটি প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ লোকজন জানিয়েছেন, তাঁদের আয় মহামারির পূর্বাবস্থায় ফেরেনি।
যুক্তরাষ্ট্রের এক কোটি ৮০ লাখ মানুষের এক সপ্তাহের বেশি খাবার কেনার সামর্থ্য নেই। এক কোটি ৯০ লাখ ভাড়াটিয়া তাঁদের বাড়ি ভাড়া পরিশোধে এখনো পিছিয়ে আছেন বলে পরিসংখ্যান ব্যুরোর তথ্য থেকে জানা গেছে। ভাড়াটিয়ারা ভাড়া প্রদান করতে না পারার কারণে গৃহ ঋণ পরিশোধ করতে বিপাকে পড়েছেন লাখ লাখ বাড়ির মালিক।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, গত মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের এক-চতুর্থাংশ লোকজন তাঁদের প্রতিদিনের ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। সর্বশেষ পাওয়া নাগরিক প্রণোদনার অর্থ থেকে ৫৮ শতাংশ লোকজন তাঁদের ঋণ পরিশোধ করার কথা জানিয়েছেন।
একদিকে মার্কিন অর্থনীতিতে চাঞ্চল্যের সংবাদ। অন্যদিকে এ চাঞ্চল্যের জের ধরে সাধারণ জনগণের অর্থনৈতিক নিরাপত্তা একটা স্বস্তির পর্যায়ে নিয়ে আসাই এখন প্রেসিডেন্ট জো বাইডেনের অগ্রাধিকার বলে বিশ্লেষকেরা মনে করছেন।