তবু সামাজিক সংগঠনে উপকৃত হয় অভিবাসীরা
আমেরিকায় বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের উদ্যোগে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও থানাভিত্তিক চার শর বেশি আঞ্চলিক সংগঠন রয়েছে। মূলত বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও সামাজিক কর্মকাণ্ড এই সংগঠনগুলোর মূল ভিত্তি। ৪০-৪৫ বছর আগে একটি দুটি করে জন্ম হতে হতে আজ সংগঠনের সংখ্যা এত বেশি হয়েছে। অনেক ক্ষেত্রে এলাকাভিত্তিক ৫/৬টি সংগঠনেরও অস্তিত্ব মিলে। নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের জন্য এবং নিজেরা নেতা হিসেবে আত্মপ্রকাশ করার মানসেই কেউ কেউ একই জেলা বা উপজেলাভিত্তিক সংগঠন খুলে বসেন।
একই এলাকায় এভাবে একাধিক সংগঠন খোলার আদৌ দরকার আছে কিনা এ ব্যাপারে কেউ আর আলোচনা করেন না বা আলোচনার প্রয়োজনীয়তা আছে বলেও মনে করেন না। সংগঠনগুলো যার যার নিয়মে কার্যক্রম চালিয়ে যাচ্ছে; এমনকি অনেকে সংগঠন বলতে কেবল প্রচার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এটিও ঠিক, এসব সংগঠনের বদৌলতে কোনো না কোনোভাবে বাংলাদেশি সমাজ উপকৃত হচ্ছে। পরিবারগুলো পাচ্ছে বিনোদন।
প্রতি বছরই এসব সংগঠন আয়োজন করে বার্ষিক বনভোজন ও মিলনমেলার। এতে সংশ্লিষ্টদের পরিবারের সদস্যরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে বসবাসের আনন্দ উপভোগ করেন। মাঝে মাঝে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক বাংলা বৈশাখী মেলা, পথ মেলা বা আনন্দমেলা। বিনোদনে ভরপুর উৎসবগুলো দেশীয় আমেজে বাংলাদেশিসহ অন্য অনেক জাতিগোষ্ঠীর মানুষও উপভোগ করেন। দেশের ভাবমূর্তিও অন্য সমাজের কাছে উজ্জ্বল হয়ে ওঠে। প্রত্যেকটি পথ মেলা বা বনভোজনে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার সঙ্গে যুক্ত থাকে বাংলাদেশি পতাকা, যা দেখে এ দেশের অন্য কমিউনিটির পথচারীরাও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে পতাকাটি কোন দেশের। এতে অন্য কমিউনিটির কাছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।
আমেরিকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয় বাংলাদেশের মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস। বৃহত্তর সংগঠন বাংলাদেশ সোসাইটিসহ কয়েকটি সংগঠন শহীদ মিনার তৈরি করে; আঞ্চলিক সংগঠনগুলো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একে একে পুষ্পস্তবক দিয়ে বাংলাদেশময় এক সুন্দর সাংস্কৃতিক ভাবমূর্তি সৃষ্টি করে। বাংলাদেশের যেকোনো দুর্যোগে সহযোগিতা নিয়ে সংগঠনগুলো এগিয়ে আসে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করে তারা। বর্তমানে মিয়ানমার থেকে বিতাড়িত অসহায় রোহিঙ্গাদের লাখ লাখ টাকা অনুদান দিয়েছে বা অব্যাহত রেখেছে এ দেশের সামাজিক সংগঠনগুলো।
এক সময় কোন প্রবাসীর মৃত্যু হলে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হতো, কবরস্থান ঠিক করা ছিল বিড়ম্বনা, দাফন-কাফনের খরচ নিয়েও সমস্যা ছিল। এখন সংগঠনগুলোর সুবাদে ওই সব অনাকাঙ্ক্ষিত সমস্যা দূর হয়েছে। কয়েকটি সংগঠনই প্রয়োজনে দাফন-কাফনের খরচ বহন করে থাকে। এমনকি কোনো কোনো সংগঠনের রয়েছে নিজস্ব কবরস্থান। বাংলাদেশ সোসাইটি, চিটাগাং অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নোয়াখালী সমিতি, বিয়ানীবাজার সমিতি, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটিসহ বেশ কয়েকটি সংগঠনের নিজস্ব কবরস্থান থাকায় সবাই উপকৃত হচ্ছেন।
কোন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য নন এমন কয়েকজনের সঙ্গে এসব সংগঠন নিয়ে আলাপ হয়। এঁদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের বদরুল আমিন, জাহাঙ্গীর আলম, সিলেটের কবির চৌধুরী, নাজিম উদ্দিন, কুমিল্লার হায়দার আলী, নিজামউদ্দিনসহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের হাসান আহমেদ, আফসর হামিদ, ফাতেমা, ইসমত আরা চামেলি, জান্নাত আরা বেগম, লিপি বেগম প্রমুখ। আলাপচারিতায় তাঁরা বলেন, অনেক সংগঠন থাকলেও তাঁরা আপত্তির কিছু দেখেন না। তাঁরা বলছেন, সংগঠনগুলোর মাধ্যমে তাঁরা উপকৃত হচ্ছেন, বিনোদন পাচ্ছেন, উপভোগ করছি বার্ষিক বনভোজন ও পথ মেলা। তা ছাড়া এসব সংগঠনের নানা আয়োজনে অনেক পুরোনো বন্ধুদের সঙ্গেও দেখা মেলে! প্রতি বছর ট্যাক্স রিটার্নের সময় বিনা মূল্যে ট্যাক্স ফাইলিংয়ের ব্যবস্থা করে দেয় কোনো কোনো সংগঠনের পক্ষ থেকে। প্রবাসী ওই সব সংগঠন অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ দেশে অবস্থানরত অন্যান্য অভিবাসীও এসব সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন।
তবে ব্যাঙের ছাতার মতো এত সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে কেউ কেউ বেশ অসন্তোষ প্রকাশ করে থাকেন। তাঁরা বলছেন, ছোট ছোট এত সংগঠন না করে বরং ঐক্যবদ্ধভাবে সংগঠন করা গেলে সংগঠন যেমন শক্তিশালী হয়, তেমনি হয় কার্যকর। এর মাধ্যমে প্রবাসীরা আরও বেশি উপকৃত হতে পারতেন। আবার কেউ কেউ আমেরিকায় বাংলাদেশি রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন।
প্রবাসীরা বলেন, রাজনৈতিক দলের নাম নিয়ে পরিচালিত সংগঠনগুলো চলে তাদের কেন্দ্রের নির্দেশের ভিত্তিতে। ফলে এখানে তাদের নিজস্ব কোনো সাংগঠনিক প্রতিভা বেরিয়ে আসে না। এসব সংগঠন মূলত সংবর্ধনার বৃত্তেই বন্দী। দেশ হতে আসা তাদের দলীয় কোনো হোমরা-চোমরা এলে তাঁদের জন্য সংবর্ধনার আয়োজন করাই যেন একমাত্র কাজ তাঁদের। প্রবাসের সামাজিক কর্মকাণ্ডে ওই সব রাজনৈতিক দলগুলোর লেজুড় সংগঠনের ভূমিকা খুবই সামান্য হয়ে থাকে।