তবুও শেষ রক্ষা হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক মামলার আসামি শন সিজ মিলার গত এপ্রিল থেকে পলাতক ছিলেন। ৩১ বছর বয়স্ক এই আসামিকে ধরতে একটি বাড়িও ঘেরাও করে রাখে পুলিশ। বৃদ্ধের বেশ নিয়ে সেখানে থেকে পালানোর চেষ্টা করেন মিলার। কিন্তু পুলিশের জহুরি চোখে এ কৌশল ধরা পড়ে গেলে ফাঁদে পড়েন তিনি।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাউথ ইয়ারমাউথে এ ঘটনা ঘটেছে।
মার্কিন বিচার দপ্তর জানায়, গত এপ্রিলে হেরোইন পাচারের অপরাধে অভিযুক্ত হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন শন মিলার। একসময় পুলিশ তথ্য পায়, তিনি ম্যাসাচুসেটসের সাউথ ইয়ারমাউথের একটি বাসায় পালিয়ে আছেন। সেটি ঘেরাও করে আসামিকে বেরিয়ে আসার নির্দেশ দেয় পুলিশ।

কিছুক্ষণ পর এক বৃদ্ধ বাসা থেকে বেরিয়ে আসেন। তাঁকে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে বৃদ্ধকে আটক করে পরীক্ষা করে পুলিশ। দেখা যায়, ওই ‘বৃদ্ধই’ আসলে ৩১ বছর বয়স্ক শন সিজ মিলার। খুবই দক্ষতার সঙ্গে বৃদ্ধের নিখুঁত বেশ নিয়ে তিনি পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই বাসা তল্লাশি করে দুটি গুলিভর্তি পিস্তল এবং নগদ ৩০ হাজার ডলার জব্দ করে পুলিশ। মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, শন মিলার একটি সংঘবদ্ধ অপরাধী দলের সদস্য।