তবে কি ট্রাম্পেরই জয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে সই করছেন ট্রাম্প। রয়টার্সের ফাইল ছবি।
ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে সই করছেন ট্রাম্প। রয়টার্সের ফাইল ছবি।

মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিম্ন আদালতে তা ধোপে টেকেনি। উচ্চ আদালতে সেই নিষেধাজ্ঞা আংশিক টিকে গেছে। তবে কি এটি ট্রাম্পের বিজয়?

সুপ্রিম কোর্টের এই আংশিক নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা পাওয়া অভিবাসীরা পড়বেন বিপদে। অনেকেরই যুক্তরাষ্ট্রে পরিবার রয়েছে। ছেলেমেয়েরা সেখানকার স্কুলে পড়াশোনা করে। অনেকে আবার কর্মসংস্থানের জন্য যেতে চান যুক্তরাষ্ট্রে। এই নিষেধাজ্ঞায় সব কিছুই তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।
পরিস্থিতি যা-ই হোক না কেন সর্বোচ্চ আদালতে আংশিক নিষেধাজ্ঞা বহাল থাকায় যারপরনাই আহ্লাদিত ট্রাম্প। বিভিন্ন সরকারি বিবৃতিতে তিনি নিজের জয়ের ঢাক পেটাচ্ছেন। আদালতের ওই রায়কে তিনি জাতীয় নিরাপত্তার জন্য বড় জয় হিসেবে দেখছেন।
এখনো নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হয়নি। ভয় ছিল, আদালতের সিদ্ধান্ত শেষমেশ অভিবাসীদের দিকে তোলা ট্রাম্পের খড়্গকে থামিয়ে দিতে পারে। এতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অধিকার খর্ব হতে পারে। তবে ট্রাম্প মনে করছেন, আদালতের সিদ্ধান্তে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে আর শেষ পর্যন্ত তিনিই জয়ী হবেন।
এর মধ্যেই আদালতের আংশিক নিষেধাজ্ঞা কার্যকরের রায়ে পিঠ বেঁচেছে ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। ছবি: বিবিসি

সরকারের সঙ্গে একমত পোষণ করে বিচারকদের একটি অংশ ভাবছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এই নিষেধাজ্ঞা খুবই প্রয়োজনীয়। এতে সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে এমন কয়েকটি দেশের সীমান্ত বন্ধ করা সম্ভব।
নিম্ন আদালতের বিচারকদের মতো সুপ্রিম কোর্টের বিচারকেরাও ধর্মীয় বৈষম্যের বিষয়টি ভেবেছেন। এ ছাড়া অভিবাসী নীতি নিয়ে বিভিন্ন সময়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ও টুইট রয়েছে। ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাবও সবার জানা। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের লুকোছাপাও নেই। এমনকি ঈদ উপলক্ষে হোয়াইট হাউসে নৈশভোজের যে পুরোনো প্রথা রয়েছে এবার সেটিও মানেননি ট্রাম্প। এসব নিয়ে বিচারকদের উদ্বেগ ছিল।
তবে আদালতের সিদ্ধান্তে এটা প্রমাণিত যে নিষেধাজ্ঞার পেছনে ট্রাম্পের এই বিদ্বেষ কোনো ভূমিকা রাখছে কি না, সেটি নিয়ে তাঁরা খুব বেশি ভাবেননি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বর্তমান আইনের ব্যাখ্যা এবং প্রেসিডেন্টের ঘোষণাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বিচার বিভাগ। আর সে কারণেই ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানা যায়, সর্বোচ্চ আদালত ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করার পর ট্রাম্পের আইনজীবী জে সেকুলো ফক্স বিজনেস নেটওয়ার্ককে জানান, এটা প্রেসিডেন্ট ও তাঁর নির্বাহী আদেশের বড় জয়।
ওই প্রতিবেদনে আরও জানা যায়, রক্ষণশীল মতবাদের কয়েকজন লেখকও বিষয়টিকে ট্রাম্পের জয় হিসেবে দেখেন। রক্ষণশীলপন্থী সাময়িকী ন্যাশনাল রিভিউয়ে ডেভিড ফ্রেঞ্চ লেখেন, ভ্রমণ নিষেধাজ্ঞায় ট্রাম্পের জয়।
এটা ঠিক যে, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারক বিষয়টি স্থগিত করে রেখেছেন। যদি নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকরের বিষয়টি পাস হয়ে যায় তাহলে সেটি হবে আগামী চার বছরের জন্য ট্রাম্পের বড় জয়। তাতে ট্রাম্পের মুখের হাসি চওড়া হবে সন্দেহ নেই। তবে যুক্তরাষ্ট্রের দরজা অনেক অভিবাসীর কাছেই ছোট হয়ে আসবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

এক নজরে ভ্রমণ নিষেধাজ্ঞা:
গত ২৭ জানুয়ারি ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ দেশগুলোর ভিসা পাওয়া লোকজনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছিলেন না। অনেকে শেষ মুহূর্তে বিমানবন্দরে এসে আটক হন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণের কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। যুদ্ধকবলিত সিরিয়ার শরণার্থীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল। গত সোমবার হোয়াইট হাউসের জরুরি একটি অনুরোধ আমলে নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করার অনুমতি দেন আদালত।
সূত্র: বিবিসি, এএফপি, ওয়াশিংটন পোস্ট অবলম্বনে শুভা জিনিয়া চৌধুরী