তমিজ উদ্দীন লোদীর দুটি কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে যাচ্ছে গাছপালা
বসে আছি নিজস্ব আবাসে, ঈর্ষার আঁচ এসে লাগছে
পুড়ে যাচ্ছে গাছপালা, সবুজ।
ন্যাড়া গাছগুলোয় মাইনাস তাপমাত্রার ঝাড়
হিম বইছে সন্ত্রাসের মতো
ঝিম ধরে কচ্ছপ-ধরনে বসে আছে ঠান্ডা।
ডানা মুচড়ে পড়ে আছে শিয়ারওয়াটার আর প্যালিকানের ঝাঁক
আমরা পা ফেলছি সতর্ক , বল্লমের মতো বিঁধে যাচ্ছে কী যেন
আকাশ উপুড় হয়ে নামছে হিমঝাড়।
জেনেছি সবার থেকে
কেন ইতস্তত তুমি কেন এতটা বিব্রত
তোমার হৃদয় রৌদ্রে শুকিয়ে কি গেছে ভালোবাসা যত?
যদিও পেরিয়ে আসি ধূমায়িত আগ্নেয় পাহাড়
অতিক্রম করে আসি শিলাস্তূপ আর পাড়
মাতালের অসহ্য মচ্ছব
দাবানল ফেলে আসি, ফেলে আসি প্রাণীদের শব।
ফেলে আসি ব্যাধের শীৎকার, মাংসপোড়া হরিণ উৎসব
ফেলে আসি নদী সিকস্তির টান, গণহত্যা, জ্বলন্ত রৌরব।
জেনেছি সবার থেকে হৃদয়ের টান
বদ্বীপ প্রেমের মোহ, সুরমা নদীর মৃদু কলতান।