তরুণ অভিবাসীদের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক শহরে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে একজন ড্রিমারের ছবি নিয়ে সদর দপ্তরের বাইরে ড্রিম অ্যাক্ট আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ l রয়টার্স
নিউইয়র্ক শহরে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে একজন ড্রিমারের ছবি নিয়ে সদর দপ্তরের বাইরে ড্রিম অ্যাক্ট আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ l রয়টার্স
আইনপ্রণেতাদেরও একটি বড় অংশ ড্রিমারদের পক্ষে থাকলেও কংগ্রেস স্থবিরতা কাটিয়ে একটি উপযুক্ত আইন প্রণয়ন করতে পারে কি না,তা-ই এখন দেখার বিষয়


কারলা রোবেলের বয়স যখন ১৬ বছর, তখন তিনি কলেজ-প্রবেশিকা পরীক্ষার জন্য নিবন্ধন করতে গিয়ে ব্যর্থ হন। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা নম্বরটি ছিল না তার। সে সময়ই তিনি জানতে পারেন, মা-বাবা তাঁদের তিন ভাই-বোনকে নিয়ে মেক্সিকো থেকে আমেরিকায় এসেছেন অবৈধভাবে। আর এর পর তাঁদের পুরো পরিবারই অনিবন্ধিত থেকে গেছে।
জীবিকার জন্য কারলার মা-বাবাকে কঠোর পরিশ্রম করতে হয়। কারলা রোবেলের বাবা পিৎজা ডেলিভারি ও পেট্রল পাম্পে কাজ করার পাশাপাশি ট্রাক চালান। আর কারলার মা করেন গৃহস্থালি পরিষ্কারের কাজ। আমেরিকার প্রায় ১ কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসীর মতো কারলা ও তাঁর দুই ভাইকেও এমন কোনো কাজই হয়তো করতে হবে। সে সময় কারলার সামনে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগই ছিল না।
কিন্তু এ ধূসর বাস্তবতার মধ্যে স্বপ্নের বর্ণিল আবহ নিয়ে এসেছিল ২০১২ সালে বারাক ওবামা প্রশাসনের করা ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) প্রকল্প। এ প্রকল্পের আওতায় ৩১ বছরের কম বয়সী অনিবন্ধিত অভিবাসীদের দুই বছরের জন্য থাকা ও কাজের অনুমতি দেওয়া হয়। মূলত ড্রিমার, যারা ১৬ বছরের কম বয়সে যারা অভিভাবকদের সঙ্গে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিল এবং যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ নেই, তারাই এ প্রকল্পের আওতায় শিক্ষা, কাজসহ সব ধরনের সুবিধা পেতেন। তবে এটি স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা ছিল না। এ জন্য সংশ্লিষ্টদের আবেদন করতে হতো, সঙ্গে দিতে হতো ৪৯৫ ডলার করে ফি। আর পাশাপাশি নিজের সম্পর্কে বিস্তৃত পরিসরে তথ্য সরবরাহের বিষয়টি তো ছিলই। গত পাঁচ বছরে এ প্রকল্পের আওতায় এসেছে ৮ লাখ অভিবাসী, যারা নিজেদের ওপরে থাকা কালো ছায়াটি সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিলেন। কিন্তু এখন আবার সেই ছায়া ফিরে এসেছে।
৫ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন ডিএসিএ প্রকল্পের সমাপ্তি ঘোষণা করে। তবে আগামী ছয় মাসের মধ্যে বর্তমান সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। এ সময়টা দেওয়া হয়েছে কংগ্রেসকে ডিএসিএর বিকল্প একটি আইন প্রণয়নের জন্য। এ ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বলছে, ‘আমরা অপরাধীর বিরুদ্ধে, ড্রিমারদের নয়।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এ মানুষগুলোর (ড্রিমারদের) জন্য আমার ভীষণভাবে সহানুভূতি রয়েছে।’ যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে ড্রিমারদের প্রতি আমেরিকা ত্যাগের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, ‘ডিএসিএ প্রজাতন্ত্রের মৌল ভিতের সঙ্গেই সাংঘর্ষিক ছিল। এটি এখন কংগ্রেসের ওপর নির্ভর করছে।’ একই সঙ্গে নিজের টুইটার পোস্টে আবার ‘কংগ্রেস ব্যর্থ হলে বিষয়টি আমি নিজেই পুনর্বিবেচনা করব’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
ট্রাম্পের হয়ে ডিএসিএ বাতিলের ঘোষণায় অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স ডিএসিএ বাতিলের কারণ হিসেবে আমেরিকানদের কাজ না পাওয়ার কথা উল্লেখ করেন। কিন্তু এ কথার পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করতে পারেননি।
ডিএসিএ সুবিধাপ্রাপ্তদের অধিকাংশই ৬ বছর বয়সে আমেরিকায় এসেছিলেন, যাদের বর্তমান গড় বয়স ২৫ বছর। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের টম অং পরিচালিত জরিপের তথ্যমতে, এ প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের অধিকাংশই তুলনামূলক ভালো চাকরি করেন। ২৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সের ড্রিমারদের ৯৩ শতাংশই কাজের সঙ্গে যুক্ত। আমেরিকানদের মধ্যে এ হার ৭৮ শতাংশ। আমেরিকার সঙ্গে তাদের দৃঢ় বন্ধনও রয়েছে। অধিকাংশেরই এমন সঙ্গী, সন্তান কিংবা ভাই-বোন রয়েছে, যারা মার্কিন নাগরিক।
নিজ দেশে ফেরত পাঠানোর শঙ্কা দূর হওয়ায় ডিএসিএ সুবিধাপ্রাপ্তদের অনেকেই বাড়ি-গাড়ি কেনার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ও বিনিয়োগ করেছেন। এ অবস্থায় টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের নেতৃত্বে ১০ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা ডিএসিএ বাতিলে ৫ সেপ্টেম্বরের আলটিমেটাম না দিলে ট্রাম্প প্রশাসন প্রকল্পটি চালুই রাখত হয়তো। কিন্তু অ্যাটর্নি জেনারেলদের এমন অবস্থান ট্রাম্প প্রশাসনকে ‘হয় ডিএসিএ বাতিল, নয়তো এর পক্ষে আদালতে লড়াই করা’র যেকোনো একটি বিকল্প বেছে নেওয়ার বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন প্রথম বিকল্পটিই বেছে নেয়। কারণ রিপাবলিকানরা শুরু থেকেই ডিএসিএর বিরোধিতা করে আসছিল। রিপাবলিকানরা এ প্রকল্পকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছে। ঘোষণায় জেফ সেশন্স ডিএসিএ প্রকল্পকে ‘নির্বাহী বিভাগের অসাংবিধানিক চর্চা’ হিসেবে উল্লেখ করেন। যদিও কোনো আদালত এ প্রকল্পকে অসাংবিধানিক আখ্যা দেয়নি। কিন্তু প্যাক্সটনসহ ১০ অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে মামলার জন্য যে আদালতকে বেছে নেন, সেখানে প্রকল্পটি অসাংবিধানিক ঘোষিত হতে পারত। কারণ তারা ফেডারেল আদালতের বিচারক অ্যান্ড্রু হ্যানেনকে বেছে নেন, যিনি ২০১৫ সালে ডিএসিএ সম্প্রসারণের একটি বিল আটকে দিয়েছিলেন।
এখন ডিএসিএ প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কংগ্রেসের। যদিও অন্যরা বসে নেই। এ সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে ব্যাপক আন্দোলন হয়েছে এবং হচ্ছে। বামপন্থী সংগঠন ইনডিভিজিবলের কর্মী অ্যাঞ্জেল প্যাডিল্লা বলেন, ‘আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সবকিছু করছি। আমেরিকা নিয়ে বর্তমান প্রশাসনের একটি স্বপ্ন রয়েছে। কিন্তু বাদামি মানুষেরা এ স্বপ্নের অংশ নয়।’
ডিএসিএ বাতিলের সিদ্ধান্তের পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি ট্রাম্পের এ সিদ্ধান্তকে ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করেছেন। ব্যবসায়ী মহলও একই প্রতিক্রিয়া জানিয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক একে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন। এর আগে তিনি বলেছিলেন, অ্যাপলে ২৫০ কর্মী রয়েছেন, যারা ডিএসিএ সুবিধাপ্রাপ্ত। আর আমি তাদের পাশেই আছি। এ ছাড়া অ্যামাজন, এটিঅ্যান্ডটি, ওয়েলস ফারগোসহ চার শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা ডিএসিএ বাতিলের না করতে ট্রাম্প বরাবর একটি খোলা চিঠি লিখেছেন।
এ অবস্থায় কংগ্রেস স্থবিরতা কাটিয়ে একটি উপযুক্ত আইন প্রণয়ন করতে পারে কিনা, তা-ই এখন দেখার বিষয়। এমনকি আইনপ্রণেতাদেরও একটি বড় অংশ ড্রিমারদের পক্ষে রয়েছেন। রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ডারবিন ড্রিম অ্যাক্ট আবারও উত্থাপন করেছেন, যা গত ১৫ বছর ধরেই অবহেলিত রয়ে গেছে। এ আইন ডিএসিএকে সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম। জনমতও এমন আইনের পক্ষে রয়েছে। ইকোনমিস্ট পরিচালিত এক জরিপে দেখা গেছে, ট্রাম্পকে ভোট দিয়েছেন এমন মানুষের অর্ধেকেরও কম ডিএসিএ বাতিলকে সমর্থন করেন।
বর্তমানে রিকগনাইজিং আমেরিকা’স চিলড্রেন (আরএসি) অ্যাক্ট সিনেটে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি কার্লোস কারবেলোর প্রস্তাবিত এ আইন সিনেটে উত্থাপন করবেন নর্থ ক্যারোলাইনার সিনেটর থম টিলিস। কিন্তু ডিএসিএর পক্ষে জনপ্রিয়তা দিয়ে এর বহাল থাকা না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব নয়। পুরো বিষয়টির মীমাংসা হতে ছয় মাস বা তারও বেশি সময় লাগবে। ফলে এ অনিশ্চয়তা দীর্ঘায়িত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ অনিশ্চয়তা কারলা রোবেলের মতো ড্রিমারদের ঘুম কেড়ে নিচ্ছে, যিনি এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আর স্বপ্ন দেখছেন শিক্ষক হওয়ার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ স্বপ্নকে অনেক দূরাগত মনে হচ্ছে বলে জানান তিনি। সূত্র: দ্য ইকোনোমিস্ট