
পুঁজিবাদী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় বলে পরিচিত আমেরিকার নিউইয়র্ক শহরে এই দেশে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে সন্ধ্যায় জ্যামাইকার পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে অক্টোবর বিপ্লবের শতবর্ষ স্মারক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ও বুদ্ধিজীবী মহসিন সিদ্দিক, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ বিনায়ক সেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি নাসির উদ দুজা ও চট্টগ্রামে সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী কাকলী বিশ্বাস।
মিনহাজ আহমদ সংকলিত অক্টোবর বিপ্লব বিষয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়। পরে যুক্তরাষ্ট্র শাখা উদীচী শিল্পী গোষ্ঠী পরিবেশন করে ‘জনতার সংগ্রাম চলবেই’, ‘ও আলোর পথযাত্রী’, ‘আমরা করব জয়’ গান তিনটি।
আলোচনা পর্ব শুরুর আগে বিপ্লবী জসীমউদ্দিন মণ্ডল, নিসর্গী দ্বিজেন শর্মাসহ প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির হাতে আয়োজকদের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন ওবায়দুল্লাহ আল মামুন।
আলোচনা পর্বে সংক্ষেপে স্বাগত বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন। আমেরিকার অন্যান্য রাজ্য থেকে আসা অতিথিদের মধ্যে বক্তৃতা করেন ডালাস থেকে আসা সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মাসুদ রহমান, মিশিগান থেকে আসা মিল্টন বড়ুয়া, নিউজার্সি থেকে আসা গিয়াস উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে সুকান্তের ‘সিঁড়ি’ কবিতাটি আবৃত্তি করেন সেমন্তী ওয়াহেদ। জর্জিয়া থেকে আসা বিশেষ অতিথি কাকলী বিশ্বাসের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অক্টোবর বিপ্লব নিয়ে আলোচনা। কাকলী বিশ্বাস তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী মেয়েদের উন্নতিতে অক্টোবর বিপ্লবের ভূমিকার কথা তুলে ধরেন। নাসির উদ দুজার বক্তব্যের বিষয় ছিল অক্টোবর বিপ্লব ও আজকের পৃথিবী। তিনি বলেন, ‘অক্টোবর বিপ্লবের লক্ষ্য ছিল মানুষে মানুষে বৈষম্যের অবসান ঘটানো, পুঁজিবাদের আগ্রাসী রূপের বিপরীতে দাঁড়িয়ে মানবিকতার জয়গান গাওয়া।
বিশেষ অতিথি বিনায়ক সেন বলেন, লক্ষ্য করার বিষয়, কয়েক শ বছরের পুঁজিবাদের ঐতিহ্যের বিপরীতে মাত্র ৭০ বছরের সাধনার তুলনা করা হচ্ছে। আরও লক্ষ করার বিষয়, অক্টোবর বিপ্লব না হলে বেশ কয়েকটি দেশ ঔপনিবেশিকতার কবল থেকে মুক্তিই পেত না। অক্টোবর বিপ্লবের অবদান হচ্ছে পুঁজিবাদকে মানবিক হতে বাধ্য করা। তবে অক্টোবর বিপ্লব শান্তি চেয়েছিল। সে প্রশ্নটির সমাধান হয়নি।
মহসিন সিদ্দিক বলেন, ‘৫০০ বছরের ধনতন্ত্র দারিদ্র্য ও ক্ষুধার মতো মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি। পুঁজিবাদ খুব শক্তিশালী, কিন্তু তারা জানে না ব্যাংকে পড়ে থাকা অঢেল অর্থ কোথায় বিনিয়োগ করতে হবে। এই পরিপ্রেক্ষিতটি মনে রাখলে আমরা দেখতে পাব যে অক্টোবর বিপ্লবের প্রভাব থাকবে।’ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অক্টোবর বিপ্লবের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন।
মুজিবুল হক বিপ্লব, ফারুখ ফয়সল ও গোপন সাহার আবৃত্তির পর শুরু হয় প্রধান অতিথি এম এম আকাশের বক্তব্য। তিনি তাঁর বক্তব্যকে দুই ভাগে ভাগ করে নেন। প্রথম ভাগে তিনি বলেন অক্টোবর বিপ্লব সম্পর্কে। দ্বিতীয় ভাগের উপজীব্য ছিল বাংলাদেশ প্রসঙ্গ। বক্তব্যের শুরুতে তিনি বলেন, অক্টোবর বিপ্লব নিয়ে আলাপ করতে গেলে প্রথমেই প্রশ্ন ওঠে এটা কি সমাজতান্ত্রিক বিপ্লব ছিল? এ রকম মৌলিক প্রশ্ন নিয়ে আলাপ করতে গেলে প্রথমেই বুঝতে হবে সমাজতন্ত্র কী। সমাজতন্ত্র সম্পর্কে যে ধারণা বিরাজ করে তা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। আদিম সমাজের বাধ্যতামূলক সাম্যবাদ থেকে শুরু হয়ে মানব সমাজে উদ্বৃত্ত সম্পদ নিয়ে শ্রেণীবিভাজনের শুরু হলো তা তিনি তুলে ধরেন। পুঁজি সম্পর্কে মার্কসের দীর্ঘ গবেষণালব্ধ ধারণা সম্পর্কে তিনি আলোচনা করে নিয়ে তারই আলোকে সমাজতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা তুলে ধরেন। তিনি বলেন, মার্কসের মন্তব্য বিশ্লেষণ করলে পাওয়া যায় যে, সমাজতন্ত্র মানে শ্রেণীহীন সমাজ নয়। সমাজতন্ত্র একটি প্রক্রিয়া। এটাই আমরা বুঝতে পারিনি। এটা আমাদের এখন বুঝতে হবে। তাহলে অক্টোবর বিপ্লবের প্রভাবের গভীরে যাওয়া যাবে। লেনিন নিজেও বুঝেছিলেন সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু আমাদের ভাবনায় এই ভুল ছিল যে সমাজতন্ত্রের একমাত্র মডেল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অক্টোবর বিপ্লব। সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় স্ট্যালিনের আমলের বিভিন্ন নিষ্ঠুরতার দিক নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

বক্তব্যের দ্বিতীয় পর্যায়ে এম এম আকাশ বাংলাদেশ সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, শুধু অর্থনৈতিক সংকট বিচার করলেই চলবে না। বাংলাদেশে যে উন্নয়ন তা স্বীকার করতে হবে। কিন্তু এই উন্নয়নের অবদান কার তা আমাদের ভেবে দেখতে হবে। দেখা যাচ্ছে আমাদের জিডিপির যে হার কয়েক বছর ধরে বজায় আছে সে ব্যাপারে বড় অবদান রেখেছে কৃষক, কৃষিবিজ্ঞানী ও কৃষিখাতের মানুষেরা। তৈরি পোশাক খাতের শ্রমিকেরাও এতে অবদান রাখছে। কিন্তু এর ফল কারা পাচ্ছে? এর অবদান চলে যাচ্ছে বিদেশে। দৃষ্টান্ত দিয়ে দেখান এই অবদানের ফল এরা পাচ্ছে না। তিনি বলেন, শেখ হাসিনার কার্যক্রম বঙ্গবন্ধুর অবস্থানের বিরুদ্ধে যাচ্ছে। খালেদা জিয়া গণজাগরণ মঞ্চের আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বলে নতুন রাজনৈতিক সম্ভাবনাকে নষ্ট করে দেন। সমাজতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এর পক্ষের মানুষকে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
আলোচনা পর্ব শেষে অতিথিরা দর্শকদের প্রশ্নের উত্তর দেন।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মাও জে দংকে উদ্ধৃত করে বলেন, বিপ্লব কোনো নৈশভোজের পার্টি নয়। রাশিয়ায় অক্টোবর বিপ্লব যে সামাজিক প্রেক্ষাপটে ঘটেছিল তিনি তাঁর একটা ব্যাখা দেন। রাশিয়ার ভৌগোলিক সামাজিক গঠনে একটা দ্বৈততা ছিল। রাশিয়া ছিল কৃষিনির্ভর দেশ, তুলনামূলকভাবে শিল্প প্রতিষ্ঠা হয়নি, পরে ইংল্যান্ডের ও জার্মানির পুঁজিপতিরা নিজেদের দেশে যেখারে ছোট ছোট শিল্প ছিল সেখানে রাশিয়ায় তারা বড় আকারের শিল্প প্রতিষ্ঠা করে। ফলে সেখানে একটা বিশাল শ্রমিকশ্রেণির উদ্ভব ঘটে। সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে এই দ্বৈততারও অভিঘাত ছিল।
পরে অনুষ্ঠানের সভাপতি অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে সব অতিথির বক্তব্যের আলোকে একটি প্রস্তাব পাঠ করে শোনান। প্রস্তাবটি হচ্ছে—এক শতাব্দী আগে অক্টোবর বিপ্লব গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এই প্রথম শ্রমিক ও মেহনতি মানুষের প্রতিনিধিত্বকারী একটি দল একটি বড় দেশের রাজনৈতিক ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে। লেনিনের নেতৃত্বে এই সরকার রাশিয়াকে প্রথম মহাযুদ্ধের প্রলয় থেকে বের করে নিয়ে আসে। ওই সরকার কৃষকদের মধ্যে ভূস্বামীদের জমি বিতরণ করে এবং কল-কারখানাগুলোর ওপর শ্রমিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। ১৪টি সাম্রাজ্যবাদী দেশ রাশিয়ার ওপর রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চাপিয়ে দেয়। রাশিয়ার বিপ্লবী সরকার এই গৃহযুদ্ধে জয়ী হয়; রাশিয়ার শিল্পায়ন ও নগরায়নকে এগিয়ে নেয়, অল্প সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়ন একটি শক্তিশালী দেশে পরিণত হয়। সেখানে অন্ন-বস্ত্র-শিক্ষা-চিকিৎসা-বাসস্থানসহ মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়িত হয়; নারী-পুরুষের সমতা অর্জিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন দুই কোটি মানুষের প্রাণের বিনিময়ে হিটলারের বাহিনীকে পরাজিত করার মাধ্যমে বিশ্বকে ফ্যসিবাদের বিপদ থেকে রক্ষা করে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের এই বিজয়ের ফলশ্রুতিতে পূর্ব ইউরোপের অনেক দেশে সাম্যবাদী মতাদর্শের সরকার প্রতিষ্ঠিত হয়; সমাজতান্ত্রিক শিবির গড়ে ওঠে। জ্ঞান-বিজ্ঞানে সোভিয়েত ইউনিয়ন এগিয়ে যায়; মহাশূণ্য জয় করে; আমেরিকার সঙ্গে সামরিক সমতা অর্জন করে। সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শিবির পৃথিবীতে জাতীয় মুক্তি আন্দোলনের একনিষ্ঠ সমর্থক হিসেবে আবির্ভূত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাফল্যের পেছনে সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক শিবিরের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক দেশগুলোর উপস্থিতি ও দৃষ্টান্তের কারণে বিশ্ব পুঁজিবাদেরও বহু কল্যাণধর্মী সংস্কার সাধিত হয়।
পৃথিবীব্যাপী এরূপ বিপুল প্রগতিশীল পরিবর্তন আনার পরও সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলো অভ্যন্তরীণ সংকটে পড়ে। গত শতাব্দীর আশির দশকের শেষে এবং নব্বই দশকের শুরুতে ধ্বসে পড়ে সোভিয়েত ইউনিয়ন; রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়; সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রসমূহে এবং পূর্ব ইউরোপীয় দেশগুলেতে পুঁজিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হয়।
আজকের এই সভা মনে করে, সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সরকারগুলোর পতন আর অক্টোবর বিপ্লব এবং সমাজতন্ত্রের আদর্শের মৃত্যু সমার্থক নয়। চীন, ভিয়েতনাম ও কিউবাসহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে এখনো সমাজতন্ত্রের মতাদর্শের সরকার প্রতিষ্ঠিত আছে; এসব দেশ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সমাজতন্ত্রকে বিকশিত করার প্রয়াস চালাচ্ছে। আমেরিকাসহ উন্নত পুঁজিবাদী দেশগুলোর গণমানুষ, বিশেষত তরুণ প্রজন্ম এখন পুঁজিবাদের চেয়ে উন্নততর সমাজ চায়। সেই আকাঙ্ক্ষা তাঁদের মধ্যে জেগে উঠেছে। উন্নয়নশীল বিশ্বের জনগণের মধ্যেও সেই আকাঙ্ক্ষা প্রবল। অক্টোবর বিপ্লবের মূল লক্ষ্য তথা শান্তি, জমি এবং রুটি— এসবের দাবি এখনো প্রাসঙ্গিক।
সভার অতিথিরা মনে করেন, যাঁরাই সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ চান, তাঁদের সবার জন্যই অক্টোবর বিপ্লব এবং তার পরবর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আজকের সভা সবাইকে সেই শিক্ষা গ্রহণ করে আগামীতে সাম্য, ন্যায়, শোষণহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রয়াসে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে।