তরুণেরাই মিশিগানে করোনায় সংক্রমিত হচ্ছেন বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানের একটি বারে তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের ভিড়। অথচ রাজ্যে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি। হারবার স্প্রিংস, মিশিগান। ছবি: রয়টার্স
মিশিগানের একটি বারে তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের ভিড়। অথচ রাজ্যে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি। হারবার স্প্রিংস, মিশিগান। ছবি: রয়টার্স

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে তরুণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ সূত্রে জানা গেছে। মিশিগানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৭৩ জনের।

মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ৬ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে, আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৭২৫ জনের। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এক বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ এপ্রিল থেকে ৪৯ বছর বা এর কম বয়সী মানুষই বেশি সংক্রমিত হচ্ছেন।

মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মুখপাত্র লিন সুতফিন বলেছেন, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি। এর পরে রয়েছে ৩০ বছর থেকে ৩৯ বছর বয়সী মানুষ। মিশিগানে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৫ হাজার ১৬২ জন।