তহবিল দরিদ্রদের, পায় যুক্তরাষ্ট্র-ইউরোপ

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কোটিপতি বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা তাঁদের প্রতিষ্ঠান থেকে হাজারো কোটি টাকা দরিদ্র দেশগুলোর উন্নয়নে দান করেছেন। কিন্তু সেই অর্থের সিংহভাগ ব্যয় হচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের ধনী দেশগুলোর উন্নয়নে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্বের দরিদ্র দেশের অভুক্ত মানুষগুলোর কথা মাথায় রেখে কৃষিক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে বড় অঙ্কের অর্থ তহবিল দেয় বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের বিষয়ে সম্প্রতি এক চমকপ্রদ তথ্য জানিয়েছে স্পেনভিত্তিক একটি গবেষণা দল।
গ্রেইন নামের ওই গবেষণা গোষ্ঠীর তথ্যমতে, বিশ্বের দরিদ্র দেশগুলোর কৃষির উন্নয়নে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যে তিন বিলিয়ন মার্কিন ডলার (২৩ হাজার ২১৭ কোটি টাকা) তহবিল দিয়েছে। বাস্তবে এর বেশির ভাগটাই পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন ধনী দেশ। বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ আফ্রিকা এ থেকে খুব সামান্য ভাগ পেয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বার্সেলোনাভিত্তিক ওই গবেষণা গোষ্ঠী এসব তথ্য তুলে ধরে।
গবেষণা দলটি জানায়, গেটস ফাউন্ডেশনের অনুদানের ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় গবেষণাপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়। আর আফ্রিকা মহাদেশের দেশগুলোর সংগঠন ও ক্রিয়াশীল দলগুলো পায় মাত্র ১০ শতাংশ। নতুন জাতের ফসল উদ্ভাবন ও জৈবপ্রযুক্তি নিয়ে গবেষণার জন্য এ অনুদান দেওয়া হয়।
প্রতিবেদনে জানানো হয়, ওই তহবিলের সবচেয়ে বেশি অনুদান পেয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই রয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও নেদারল্যান্ডস।
গবেষণার জন্য যুক্তরাষ্ট্রকে ২৫৪ দফায় ৮৮ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে। যুক্তরাজ্য ২৫ দফায় পেয়েছে ১৫ কোটি মার্কিন ডলার। এ ছাড়া ভারতে নারী কৃষকদের প্রশিক্ষণ দেওয়া সংগঠন ‘প্রদান’ ও গবাদিপশু উন্নয়ন কেন্দ্র ‘বিএআইএফ’কে দেওয়া হয়েছে চার কোটি ১০ লাখ মার্কিন ডলার।
গবেষণা দলটির দাবি, অনুদানের মাধ্যমে আফ্রিকার রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায় গেটস ফাউন্ডেশন। দলটি জানায়, আফ্রিকায় ‘সবুজ বিপ্লব’ (গ্রিন রেভুলিউশন) ঘটাতে ২০০৬ সালে একটি জোট গঠন করে গেটস ফাউন্ডেশন। ওই সময় থেকে এ পর্যন্ত ওই জোটকে ৪১ কোটি চার লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে গেটস ফাউন্ডেশন। আগ্রা নামের ওই জোটটি আফ্রিকার কৃষিনীতি প্রণয়ন ও পুনর্গঠনের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করে। এ ছাড়া হার্ভার্ড, মিশিগান, কর্নেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে গবেষণার মাধ্যমে আফ্রিকার আইনপ্রণেতাদের কৃষিনীতি প্রণয়ন ও গবেষণানির্ভর প্রযুক্তি ব্যবহারে প্রভাবিত করে থাকে।