তাদের অন্যরকম ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল রানা ও ডেইজি সারোয়ার
জুয়েল রানা ও ডেইজি সারোয়ার

নিউইয়র্ক শহরে নতুন তাঁরা। একজনকে বলা যায় অতিথি। অন্যজন অভিবাসী হয়ে এসেছেন সম্প্রতি। নতুন দেশে, নতুন আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিতে সময় লাগছে দুজনের। অতিথি যিনি, সেই ডেইজি সারোয়ার চলে যাবেন, মেয়র অফিসের ব্যস্ততায় আবার নিজেকে ঢেলে দেবেন। নতুন অভিবাসী জুয়েল রানা— তিনি থাকবেন। নতুন শহরে নতুন পেশায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রোজার মাস চলছে। কদিন পরে ঈদ আসবে। এবারের ঈদ তাদের জন্য পুরো অন্যরকম। এই প্রথম নিউইয়র্কে ঈদ করতে চলেছেন তাঁরা। নিজেদের সেই অনুভূতির কথা তাঁরা বলেছেন প্রথম আলো উত্তর আমেরিকাকে। ৩১ মে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত প্রথম আলো উত্তর আমেরিকার ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁরা। সেখানেই কথা হয় তাঁদের সঙ্গে।
এই শহরের একজন গুরুত্বপূর্ণ অতিথি ডেইজি সারোয়ারের কথা শুনি আগে। ঢাকা উত্তরের ডেপুটি মেয়র তিনি। মেয়র আনিসুল হকের ‍মৃত্যুর পরে বর্তমানে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। রোজার প্রথম সপ্তাহে নিউইয়র্কে আসা ডেইজি ঢাকায় ফিরে যাবেন ১৯ জুন। ডেইজির সব ভাইবোনই এই শহরে থাকেন। দুই ছেলে মেয়েও এখানেই পড়াশোনা করছেন। মেয়ে রাডি ‍জুম্মি এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং ও ছেলে রাতুল বিন রাসুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। ছেলেমেয়েরা একটা বাসা ভাড়া করেছে মিডল ভিলেজে। সেখানেই আছেন এখন ডেইজি সারোয়ার। স্বামী অবসরপ্রাপ্ত মেজর গোলাম রসুল ভূঁইয়া ঢাকায় একটি কোম্পানির সিইও হিসেবে কর্মরত। উনি ঈদের দিন আসবেন নিউইয়র্কে। সবাই মিলে এখানেই ঈদ উদ্‌যাপন করবেন তাঁরা।
সিলেট জিন্দাবাজারে জন্ম নেওয়া ডেইজি সারোয়ার ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেনাবাহিনী অফিসারকে বিয়ে করার জন্য দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। স্বামী সেনাবাহিনী থেকে স্বেচ্ছা অবসর নেওয়ার পর ২০০২ সালে আবার রাজনীতিতে ফেরেন। বর্তমানে বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি তিনি।
ডেইজি সারোয়ারের ধারণা ছিল না নিউইয়র্কে বাঙালিরা এভাবে দেশের সব উৎসব জাঁকজমকের সঙ্গে আয়োজন করে। তিনি বলেন, ‘আমি সত্যি খুব বিস্মিত হয়েছি। এখানে কয়েকটি ইফতারের অনুষ্ঠানে গিয়েছি। মনে হয়নি বাংলাদেশের বাইরে আছি। গর্ব করার মতো আয়োজন। বিদেশের মাটিতে বাঙালিরা যেভাবে নিজেদের দেশকে উপস্থাপন করছে, তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ জ্যাকসন হাইটসে বিভিন্ন জেলার ইফতারে নিজের দেশের খাবার খেয়ে সত্যি মুগ্ধ তিনি। এই নিয়ে ডেইজি সারোয়ার বলেন, ‘সিলেট অঞ্চলে বিন্নি চাল খুব বিখ্যাত। যেটা আমি বহুদিন পরে পেলাম এখানে এসে।’
ডেইজি সারোয়ার ঈদের প্রস্তুতি নিয়েই ঢাকা ছেড়েছেন। ভাই-বোন, ছেলে মেয়ে সবার জন্য ঈদের পোশাক নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে ভাবতে যে, আপন ভাইবোনের সঙ্গে বহু বছর পর ঈদ করব। আমরা ছয় ভাইবোন। সবাই এখানে থাকে। একজন বাদে প্রত্যেকের দুজন করে ছেলে-মেয়ে। একজনের শুধু এক মেয়ে। সেই হিসেবে আমার পরিবারের সদস্য সংখ্যা হলো ২৩ জন। খুব ভালো লাগছে ভাবতে যে ছয় ভাইবোনের সবাই পরিবারসহ এক সঙ্গে ঈদ করতে পারছি। তবে এর মাঝেও বাংলাদেশে আমার সহকর্মীদের অভাব বোধ করব। আমার ভোটারদের কথা মনে হবে, যারা আমাকে ভোট দিয়ে এই জায়গায় এনেছে।’
ঈদের দিন পোলাও-রোস্ট-রেজালার সঙ্গে দুধ-সেমাই, সিলেটের এক ধরনের বিশেষ নারকেলের পিঠা ও চটপটি বানাবেন ডেইজি সারোয়ার। দুপুরে ২৩ জনের পরিবার এক সঙ্গে খাওয়া-দাওয়ার পর সমুদ্র তীরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।
জুয়েল রানা ঠিক অতটা উচ্ছ্বসিত নন ঈদকে ঘিরে। যেহেতু এই দেশে বাকি জীবন কাটাতে হবে, তাই বাস্তবতার নিরিখেই সবকিছু দেখছেন। ১৯৯৯ সালে সাফ গেমসে ফুটবলে স্বর্ণ বিজয়ী দলের এই অধিনায়ককে যেকোনো বিচারে বাংলাদেশের অন্যতম সেরা ডিফেন্ডার বিবেচনা করা হয়। ফ্রিকিক থেকে গোল করায় তাঁর ছিল বিশেষ কারিশমা। খেলাধুলা ছাড়ার পরে কোচিংকে পেশা হিসেবে নিয়েছিলেন। এখন সবকিছু ছেড়ে পাড়ি জমিয়েছেন নতুন দেশে। এখানে আছেন জ্যামাইকার হিলসাইডে। স্ত্রীর বড় বোন, তাদের পুরো পরিবারকে স্পনসর করে এই দেশে নিয়ে এসেছেন। গত ২২ এপ্রিল নিউইয়র্কের মাটিতে পা রাখেন জুয়েল রানা। স্ত্রী জান্নাতুল মানজুমা আর দুই ছেলে-মেয়ে নিয়ে এসেছেন। ছেলে সিক্সথ গ্রেডে ও মেয়ে ফোর্থ গ্রেডে পড়ে। জুয়েল রানা জানালেন, ছেলেমেয়েদের কারণেই মূলত নতুন দেশে পাড়ি জমিয়েছেন।
দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতা জুয়েল রানার জন্য নতুন নয়। আগেও হয়েছে। একবার ঈদের দিন সকালে দোহায় এক স্টেডিয়ামে ম্যাচ ছিল। তবে সেবারের ঈদের সঙ্গে এবারেরটা মেলাতে নারাজ তিনি। বলেন, ‘এবার তো এখানেই নতুন জীবন শুরু হলো। নতুন জীবনে প্রথম ঈদ। ভাবতে অন্যরকম লাগছে। খারাপও লাগছে। বাবা-মা, ভাই-বোন, প্রতিবেশী-আত্মীয়-বন্ধুদের ছাড়া ঈদ করতে হবে। তবে কী আর করা! পৃথিবীর নিয়মই হলো সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া।’
নিউইয়র্কে বাঙালি পরিবেশ এতটা পাবেন, ভাবতে পারেননি জুয়েল রানা। বলেন, ‘সন্ধ্যার পরে রাস্তায় বের হলে দেখি অনেক বাঙালি লোকজন হাঁটছে। তখন মনে হয় না অন্য কোনো দেশে আছি। তবে আবহাওয়ার ঘনঘন পরিবর্তন ভালো লাগে না। এখানকার নিয়ম-শৃঙ্খলা, মানুষের কথা বলার স্বাধীনতা, নিরাপত্তা, ভেজালমুক্ত খাবার— এই ব্যাপারগুলো ভালো লাগে, যার অভাব বাংলাদেশে আছে।’
জুয়েল রানা রোজা করছেন নিয়মিত। প্রথম আলো উত্তর আমেরিকা ছাড়াও জ্যাকসন হাইটস ব্যবসায়ী সমিতির ইফতারে গিয়েছেন। ভালোই সময় কাটছে এখানে। এখানকার হাইস্কুলে সকার কোচ হিসেবে কাজ করার পরিকল্পনা আছে বলে জানালেন জুয়েল রানা। নতুন শহরে প্রথম ঈদের দিন সকালে শ্বশুর ও শ্যালকের সঙ্গে ঈদের নামাজ পড়তে যাবেন। তারপর বাসায় ফিরে খাওয়া-দাওয়া করবেন, আত্মীয়দের বাসায় যাবেন। জুয়েল রানা জানান, ‘আসলে এভাবে প্রথম ঈদ তো, সেভাবে কোনো পরিকল্পনা নেই। দেখি সবাই কিভাবে উদ্‌যাপন করে। প্রথম ঈদটা অবজারভার হিসেবে কাটিয়ে দিতে চাই।’