তানভীরের পরিবারের পাশে বিএনপি ও ফোরামের নেতারা
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের সভাপতি নাছিম আহমেদ ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শাখা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের নেতাদের একটি প্রতিনিধিদল ২০ সেপ্টেম্বর করোনায় মারা যাওয়া সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার তানভীর হাসান খানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুম তানভীরের স্ত্রী ও তার একমাত্র মেয়ে।
সাক্ষাৎকালে ফোরামের নেতারা মরহুম তানভীরের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের আশ্বস্ত করে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো সহযোগিতায় আপনাদের পাশে থাকব। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফারুক হোসেন মজুমদার, ছাইদুর খান, মাহবুবুর রহমান, মো. নাসির উদ্দিন, শেখ হায়দার আলী, জামালুর রহমান চৌধুরী, বদিউল আলম, তারিক চৌধুরী, মো. বাচ্চু মিয়া, আনোয়ার হোসেন ও তারেক পরিষদের সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন।